ঢাকা, ৩১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ব্যাটিং প্রতিভা মোহাম্মদ আশরাফুলের সংগীত প্রতিভারও খোঁজ পাওয়া যাচ্ছে ইদানীং। খোঁজ পেতে হলে অবশ্য তাকে ফোন করতে হবে। মোবাইলের 'ওয়েলকাম টিউন' হিসেবে যে 'আমরা করবো জয়..., আমরা করবো জয়..., আমরা করবো জয় একদিন' গানটি সেট করেছেন, সেটি আসলে বাংলাদেশ অধিনায়কের নিজ কন্ঠে গাওয়া! শুনে বোঝার উপায় নেই যে গায়ক পেশাদার শিল্পী নন। শিশু থেকে শুরু করে সারা বিশ্বের মুক্তিকামী মানুষদের এই গান এখন আশরাফুলের পেশাদারী জগতেরও আবহ সংগীত হচ্ছে বোধহয়। মাত্রই নিউজিল্যান্ডে টেস্ট ক্রিকেটের কঠিন জগতে হাবুডুবু খাওয়ার সঙ্গে অধিনায়কের ফোনে সেট করা নতুন ওয়েলকাম টিউনের যোগসূত্র থাকাটাও বিচিত্র নয়। ''কবে জয় করবেন?'' প্রশ্নে আশরাফুলের সপ্রতিভ জবাব শুনে ধারনাটা সত্যি মনে হতে বাধ্য, "আস্তে আস্তে জয় করবো।"
তবে নিউজিল্যান্ডে তার দলের যেমন পারফরম্যান্স, তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজেই তেমন কিছু ঘটিয়ে ফেলার চিন্তা আসছে না আশরাফুলের মনে। তিনি বরং শুক্রবার থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতিতেই বেশি মনোযোগ দিতে চাইছেন। এবার প্রস্তুতির ধরন পাল্টাচ্ছেন কোচ জেমি সিডন্স। দুই টেস্ট এবং তিন ওয়ানডের সিরিজের প্রস্তুতি শুরুই করছেন শিষ্যদের ম্যাচ প্র্যাকটিসের মধ্যে রেখে। ৬ ফেব্র"য়ারি পর্যন্ত প্রতিদিন একটা করে মোট ছয়টি ৫০ ওভারের ওয়ানডে ম্যাচ হবে। যার প্রথমটাতে শুক্রবার আশরাফুলের 'এ' দল মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মর্তুজার 'বি' দলের। প্রস্তুতির এমন ছক নিউজিল্যান্ডেই কাটা হয়ে গিয়েছিল বলে জানালেন আশরাফুল, "নিউজিল্যান্ড থেকে ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে কোচ জিজ্ঞেস করেছিলেন এভাবে ম্যাচ খেলার মধ্য দিয়ে প্রস্তুতি নিলে কেমন হয়। বিষয়টা আমারও মনে ধরেছিল খুব। তখনই ঠিক হয়ে যায় আমরা ম্যাচ খেলতে খেলতেই শুরু করবো।"
এই প্র্যাকটিস ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতিতে খুব কাজে দেবে বলেই মনে হচ্ছে তার কাছে, "নেট এবং ম্যাচের ব্যাটিংয়ের মধ্যে অনেক পার্থক্য। নিউজিল্যান্ডে ব্যর্থতার পর সেই একই ভুলগুলো আমরা আবারো করছি কিনা কিংবা কেউ সেগুলো শুধরে নিয়েছে কিনা, শুরু থেকেই ম্যাচ খেললে খুব ভালো বোঝা যাবে। এরপর না হয় শুধরানোর বিষয়গুলো নিয়ে কাজ করা যাবে।" ছয়টি ম্যাচ খেলার পরও সেসব নিয়ে কাজ করার যথেষ্ট সময় আছে বলেই মনে হয় তার, "কালকে (শুক্রবার) থেকে যদি হিসাব করি তাহলে প্রথম টেস্টের (২২ ফেব্র"য়ারি শুরু) আগে ২১ দিন সময় আছে আমাদের। কঠোর পরিশ্রম করে এই ২১টা দিন কাজে লাগাতে হবে।"
কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটাররা বিশেষ করে ব্যাটসম্যানরা সর্বোচ্চ শ্রম নিংড়ে দেওয়ার দাবি করে আসছেন অনেক আগে থেকেই। ফল মিলছে কই? সতীর্থদের পাশে দাঁড়িয়ে আশরাফুল দিচ্ছেন পাল্টা জবাব, "সঙ্গে সঙ্গেই তো আর ফল পাবেন না। আবার এটাও ঠিক শ্রম দিলে ফল আসবেই। হতে পারে সেটা এই সিরিজেই।"
ব্যাটসম্যানরা নিজেরাই নিজেদের মরণ ডেকে আনছেন না, দক্ষিণ আফ্রিকা সিরিজে এমন কিছু ঘটলেই শ্রমের ফল বলে ধরতে হবে। আশরাফুলের মোবাইলের ওয়েলকাম টিউনের পরিধিও বোধহয় আপাতত এটুকুই। তার ব্যাটসম্যানরা যে নিজেদের জয় করার ক্ষেত্রেই এখনো সেরকম পারদর্শী নন!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০০ঘ.
bdnews24