অ্যাডিলেড, ২৭ জানুয়ারি (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- হরভজন এবং ইশান্তের ধাঁধাঁ থেকে বেরিয়ে এসে সেঞ্চুরি করেছেন পন্টিং। ফর্মে ফিরতে মরিয়া মাইকেল ক্লার্কও পেয়েছেন আরাধ্য সেঞ্চুরির দেখা। আলাদা আলাদাভাবে দুজনের এই দুই সেঞ্চুরি এবং মিলিতভাবে চতুর্থ উইকেটে রানের রেকর্ড জুটিতে ভারতের (৫২৬) রানের পাহাড়কে টপকে গেছে অস্ট্রেলিয়া (৫৬৩)। ৩৭ রানে পিছিয়ে থাকা ভারত ১উইকেটে ৪৫ রান নিয়ে শেষ করেছে চতুর্থ দিন। যার অর্থ ভারত-অস্ট্রেলিয়ার চার টেস্ট সিরিজের চতুর্থটিতে দুই দলের পাল্লা একেবারে সমান। শেষ দিনে খুব অস্বাভাবিক কিছু না ঘটলে ম্যাচ ড্র হচ্ছে নিশ্চিত। আর তাহলে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতকে সিরিজ ড্র করার স্বপ্নকে চাপা দিয়েই ফিরতে হবে দেশে।
ভারতের ৫২৬ রানের পাহাড়কে টপকে যাওয়ার ঘোষণা আগেরদিনই একরকম দিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ৩২২ রান নিয়ে দিন শেষ করা অস্ট্রেলিয়া তাদের প্রথম উইকেট হারায় ৪৫১ রানে। ততোক্ষণে অনেক কিছু হয়ে গেছে। পন্টিংয়ের সেঞ্চুরি, ক্লার্কের সেঞ্চুরি, ভারতের বিপক্ষে চতুর্থ উইকেট জুটিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান এবং ম্যাচে অস্ট্রেলিয়ার দৃঢ়তার সঙ্গে টিকে থাকা- সবই। শেষপর্যন্ত ক্লার্কের বিদায়ে ১৯০ রানের জুটিটা ভাঙ্গে, ১১৮ রান করা ক্লার্ক শিকার হন ভিভিএস লক্ষণের দুর্দান্ত ক্যাচের। সঙ্গী হারানোর ব্যথা চেপে বেশিক্ষণ থাকতে পারেননি অধিনায়ক পন্টিং। পিঠের ব্যথার কারণে লাঞ্চের পর থেকে রানার নিয়ে ব্যাট করা পন্টিং শেবাগের বলে প্লেড অন হন ৪৯০ রানে। ১৮৩ বলে সেঞ্চুরি করা পন্টিং আউট হওয়ার আগে করেছেন ১৪০, ২৬৬ বলে খেলা ইনিংসটিতে পন্টিংসুলভ আগ্রাসন অবশ্য ছিল না, বাউন্ডারি মেরেছেন ১০টি মাত্র।
তারপরও সাইমন্ডস-গিলক্রিস্ট ছিলেন, কিন্তু দুজনের কেউই খুব বড় কিছু করতে পারেননি। অস্ট্রেলিয়া যে জায়গাটাতে ব্যর্থ ছিল, ভারতের টেলকে গুটিয়ে দেয়া, সেখানে ভারত সফল। পন্টিং আউট হওয়ার পর ৭৭ রানের মধ্যে শেষ ৫ উইকেট ফেলে দিয়ে লিডটা আটকে রাখে ৩৭ রানে। ভারতের নিয়মিত বোলারদের সবাই (পাঠান, ইশান্ত, কুম্বলে, হরভজন) রান দিয়েছেন একশো'র বেশি। প্রথম দুজন উইকেট পেয়েছেন ৩ টি করে। কুম্বলে আর হরভজনের ভাগ্যে একটির বেশি জুটেনি।
আগের দিন সেঞ্চুরি করেছিলেন হেইডেন। এর আগে ডন ব্র্যাডম্যানের মাঠে টেন্ডুলকারের সেঞ্চুরিও অ্যাডিলেড টেস্টের একটা বড় প্রাপ্তি। পন্টিং-ক্লার্কের সেঞ্চুরি, আরও বেশ কিছু আছে, কিন্তু রোববার সব ছাপিয়ে নায়ক গিলক্রিস্ট। কিপিংয়ে বিশ্বসেরা, ব্যাট-হাতে বিশ্বসেরাদের অন্যতম, অ্যাডাম গিলক্রিস্ট নামের এই অস্ট্রেলিয়ান ক্রিকেটে অলরাউন্ডার-উইকেটকিপার শব্দেরই আমদানিকারক। সেই তিনি হঠাৎ করে বিদায় নিচ্ছেন। শনিবার বিদায়ের ঘোষণা দেয়ার পর রোববার সারাদিন তার মাঠে নামার জন্যই চলল অপেক্ষা। না। এমন কিছু করতে পারেননি, মাত্র ১৮ রান, কিন্তু তাতেও তার মতো ঝলক ঠিকই আছে। যে স্ট্রেটড্রাইভটি আরেকটু হলে আম্পায়ার বিলি বাউডেনের অঙ্গহানি ঘটাতে পারত, সেটাতো গিলক্রিস্টের চিরচেনা আগ্রাসনেরই ছবি। এত বছর ক্রিকেটকে যা উপহার দিয়েছেন তা ফিরিয়ে দিতে কারো কোনো কার্পন্য ছিল না। বোলার তাকে আউট করার পর ছুটেছেন তার সঙ্গে হ্যান্ডশেক করতে, পুরো ভারতীয় দল সব শত্র"তা ভুলে দলবেধে দাঁড়িয়ে হাততালি দিয়েছে।
ভারত যখন ব্যাট করতে নামে তখন বাকি দিনের ১৭ ওভার। ভারতের কাছে যেহেতু জয়ের কোনো বিকল্প নেই, তাই তাদের কাছ থেকে দ্রুতগতির ব্যাটিং-ই ছিল প্রত্যাশিত। কিন্তু শুরুতেই পাঠানের বিদায়ে ভারতকে সতর্ক হতেই হয়। দুর্দান্ত বল করেছেন ব্রেট লি আর জনসনও। তাই ভারতকে সন্তুষ্ট থাকতে হয়েছে ৪৫ রানেই। এর ৩১ রানই শেবাগের। দ্রাবিড় ব্যাট করছেন ১১ রান নিয়ে।
চার দিন শেষে দুই দলের মাত্র একটি করে ইনিংস শেষ হওয়া টেস্টের পঞ্চম দিন নিয়ে খুব আশাবাদী হওয়ার কিছু থাকে না। কিন্তু ভেন্যুটা অ্যাডিলেড বলে তবু একটু আশাবাদী হওয়া যায়। ভারতের গত অস্ট্রেলিয়া সফরেও প্রথম ইনিংস শেষে নিশ্চিত ড্র-র পথে এগোতে থাকা ম্যাচটি ভারত জিতে নেয় শেষদিনের নাটকে। অ্যাশেজ সিরিজে ঠিক একইরকম নাটকীয়ভাবে ফল বের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। কাজেই চূড়ান্ত দিনে জমজমাট কিছু হতেই পারে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৭৫০ঘ.
bdnews24