২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিসের সেঞ্চুরিতে ম্যাচের সঙ্গে সিরিজও নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা

জয়টা অনায়াস বানিয়ে দিলেন জ্যাক ক্যালিস। ১২১ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডার। সুবাদেই পোর্ট এলিজাবেথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে নিয়েছে স্বাগতিকরা। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করেছে সিরিজও। এর আগে মারলন স্যামুয়েলসের ৯৮ রানে ভর করে ৭ উইকেটে ২৫২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা ৮ বল হাতে রেখে সে লক্ষ্যে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 04:49 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

পোর্ট এলিজাবেথ, ২৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জয়টা অনায়াস বানিয়ে দিলেন জ্যাক ক্যালিস। ১২১ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডার। সুবাদেই পোর্ট এলিজাবেথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে নিয়েছে স্বাগতিকরা। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করেছে সিরিজও। এর আগে মারলন স্যামুয়েলসের ৯৮ রানে ভর করে ৭ উইকেটে ২৫২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা ৮ বল হাতে রেখে সে লক্ষ্যে পৌঁছেছে। ওয়ানডের তৃতীয় সেঞ্চুরিটি অল্পের জন্য হাতছাড়া করেছেন স্যামুয়েলস। কিন্তু এই হাতছাড়া হওয়ার জ^ালাটা বেশি পুড়িয়েছে মার্ক বাউচারকে। শন পোলকের বলে ক্যাচ ছেড়েছেন যখন, স্যামুয়েলস তখন ১৯ রানে। সেই জীবনটা ৯৮ পর্যন্ত টেনে নিয়েছেন ৮৮ বল খেলে। তাতে ৭টি চার ও ৪টি ছক্কা। যে মর্কেল তার উইকেট নিয়েছেন, তার সাত বলের মধ্যে মেরেছেন চারটি বাউন্ডারি ও একটি ছক্কা। সুবাদেই শেষ ৯ ওভারে ৯১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। পোলক ছিলেন আগের মতোই মিতব্যায়ী। ১০ ওভারে ২৮ রানে ১ উইকেট। বিপরীতে ডেইল স্টেইন, চার্লস ল্যাঙ্গারভেল্ট ও মরনি মর্কেল মিলে ২৯ ওভার বল করে ২ উইকেট নিয়েছেন ১৭৯ রান খরচায়। তবে ওয়েস্ট ইন্ডিজের এই ভিতটা গড়েছেন ওপেনার সিউনারায়ন চতুর্গুন ও এ ম্যাচে অভিষিক্ত প্যাট্রিক ব্রাউন। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ রান যোগ করেছেন দুজন। পঞ্চম ম্যাচে এসে তার দ্বিতীয় ফিফটিটি করেছেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে মাত্র একটি প্রথম শ্রেনীর ফিফটি নিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ব্রাউন দুটো চার ও দুটো ছক্কায় ৩৫ রান করে আউট হয়েছেন। ড্যারেন পাওয়েলের করা অষ্টম ওভারে হার্শেল গিবসের (১৫) আউটে উইকেটে এসেছিলেন ক্যালিস। অধিনায়ক গ্রায়েম স্মিথের সঙ্গে দ্বিতীয় উইকেটে যোগ করেছেন ৮২ রান। ৫৬ রান করে স্যামুয়েলসের বলে আউট হয়েছেন স্মিথ। অ্যাবি ডি ভিলিয়ার্স (১৮) তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়ে শিকার হয়েছেন ফিডেল এডওয়ার্ডসের। এরপর আর কোনো ক্ষতি হতে দেননি ক্যালিস ও জাঁ পল ডুমিনি। অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়ে দলকে নিয়ে গেছেন জয়ের গন্তব্যে । ১৬তম ওয়ানডে সেঞ্চুরি করতে ১২০ বল খেলেছেন ক্যালিস যাতে ১০টি চার ও একটি ছক্কা মেরেছেন। ডুমিনি অপরাজিত ছিলেন ৩৬ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/২২০৫ঘ.