২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির আর্থিক অনুদান বাড়ানোর সিদ্ধান্ত

জাতীয় ক্রিকেট লিগের পর বিসিবি এবার মনযোগী হয়েছে ঢাকা লিগে। ঢাকা লিগের উন্নতি ও জৌলুস বাড়াতে তারা ক্লাবের অনুদানের অংকটা বেশ বাড়িয়ে দিয়েছে। বাড়িয়েছে চ্যাম্পিয়ন, রানার্স-আপদের অর্থ পুরস্কারও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় ক্রিকেট লিগের পর বিসিবি এবার মনযোগী হয়েছে ঢাকা লিগে। ঢাকা লিগের উন্নতি ও জৌলুস বাড়াতে তারা ক্লাবের অনুদানের অংকটা বেশ বাড়িয়ে দিয়েছে। বাড়িয়েছে চ্যাম্পিয়ন, রানার্স-আপদের অর্থ পুরস্কারও। এটা হচ্ছে গত ১০ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধানের সঙ্গে প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগের ক্লাবগুলোর আলোচনার ফল। ওই দিন বিসিবি প্রেসিডেন্ট মেজর জেনারেল সিনা ইবনে জামালী ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন ও তার ঐতিহ্য ফেরানোর তাগিদ অনুভব করেছিলেন। অনুদান বাড়ানোর ব্যাপারে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, "সভায় ক্লাবগুলো আর্থিক অনুদান বাড়ানোর জন্য অনুরোধ করেছিল। এটাও সত্য, ক্লাবগুলো এখন অর্থ সংকটে ভুগছে। বর্তমান পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বিসিবি আর্থিক অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।" শনিবার সেটারই ঘোষণা দিয়েছে বিসিবি। সেই অনুযায়ী বিসিবির তরফ থেকে ২০০৭-০৮ মৌসুমে প্রিমিয়ার ডিভিশনের শীর্ষ ৬ দল পাচ্ছে সাড়ে ৭ লাখ আর বাকি ৬ দল পাচ্ছে ৫ লাখ টাকা করে। গত মৌসুমের সঙ্গে তুলনা করলে এই বৃদ্ধিকে অবিশ্বাস্যই মনে হতে বাধ্য। ২০০৬-০৭ মৌসুমে বিসিবির তরফ থেকে শীর্ষ ৬ দলকে ২ লাখ এবং বাকি ৬ দলকে দেড় লাখ টাকা করে দেওয়া হয়েছিল। এই মৌসুমে প্রথম বিভাগ লিগের শীর্ষ ৬ দল পাচ্ছে ৩ লাখ টাকা করে এবং বাকি ৬ দল পাচ্ছে সোয়া ২ লাখ টাকা করে। গত মৌসুমে যা ছিল যথাক্রমে ১ লাখ ও ৭৫ হাজার টাকা করে। দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগের ক্লাবগুলোর জন্যও অর্থ-অনুদান বাড়িয়েছে বিসিবি। দ্বিতীয় বিভাগের শীর্ষ ৬ দল ১ লাখ এবং বাকি ৬ দলকে ৮০ হাজার টাকা করে দেওয়া হবে। গত মৌসুমে দেয়া হয়েছিল যথাক্রমে ৫০ হাজার ও ৪০ হাজার টাকা করে। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের শীর্ষ ৬ দল ৫০ হাজার ও বাকি ৬ দল ৪০ হাজার টাকা করে পাবে এই মৌসুমে। এছাড়া প্রিমিয়ার ডিভিশনের টোয়েন্টি-টোয়েন্টি লিগের ১২ টি দলকেই আগের চেয়ে ৫০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ টাকা করে দেওয়া হবে। ঢাকা লিগের অর্থ-পুরস্কারও পুর্নবিন্যাস করা হয়েছে। আগে প্রিমিয়ার লিগ বিজয়ীরা ২ লাখ টাকা পেলেও এবার তা ৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। দেড় লাখ টাকা থেকে রানার্স আপ দলের অর্থ পুরস্কার উন্নীত করা হয়েছে ৪ লাখে। এতে নতুন সংযোজন হচ্ছে, তৃতীয় স্থান অর্জন করা দলও ২ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। টুয়েন্টি-টুয়েন্টির চ্যাম্পিয়ন দলকে ২ লাখ টাকা ও রানার্স আপ দলকে দেড় লাখ টাকা দেওয়া হবে। প্রথম বিভাগের চ্যাম্পিয়ন দল ২ লাখ, রানার্স আপ দল দেড় লাখ, দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন দল ৬০ হাজার ও রানার্স আপ দল ৪০ হাজার টাকা পাবে। দ্বিতীয় বিভাগের মতোই অর্থ-পুরস্কার পাবে তৃতীয় বিভাগের চ্যাম্পিয়ন, রানার্স আপরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১২২ ঘ.