দিল্লী, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই মুহূর্তে শ্রীশান্তকে বোধহয় বেশ মিস করছে 'টিম ইন্ডিয়া'! সেটা তার বোলিংয়ের জন্যই শুধু নয়, আক্রমণাত্মক কথার জন্যও। সিডনি টেস্টে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ভারত শেষ মুহূর্তে হেরে যাওয়ার পর থেকেই তো সিরিজে উত্তাপের ছোঁয়া। পার্থ টেস্টের আগে দুই অধিনায়কের সমঝোতামূলক সন্ধি হলেও উত্তেজনা তেমন প্রশমিত হয়নি। পার্থে কোনো অনাকাক্সিক্ষত ঘটনার জন্ম হয়নি ঠিকই, কিন্তু ভারতের ৭২ রানের জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিকে ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। কাঁধের ইনজুরির জন্য টেস্ট সিরিজ মিস করা শ্রীশান্ত থাকলে সেটা আরো উর্ধ্বমুখী হতো নিঃসন্দেহে! তবে ভারতীয় শিবিরের জন্য সুসংবাদ, ইনজুরি কাটিয়ে শ্রীশান্ত এখন সুস্থ। এবং যথারীতি তার মুখও আগের মতোই সচল! বুধবার দিল্লীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গিয়ে অস্ট্রেলীয়দের হুমকিও দিয়ে রাখলেন তিনি।
টেস্ট সিরিজ মিস করলেও আগামী মাসের কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের দলে আছেন শ্রীশান্ত। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীশান্ত মানেই তো অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে তার ঝঞ্ঝাটের স্মৃতি ফিরে আসা। গত অক্টোবরে ভারতে অস্ট্রেলিয়া-ভারত ওয়ানডে সিরিজে দু জনের কথার লড়াই এখনো ক্রিকেটামোদীদের জন্য এক মুখরোচক আলোচনার বিষয়। রিকি পন্টিংয়ের দলকে তাদের দেশেও ছেড়ে কথা বলতে রাজি নন শ্রীশান্ত। কোনো রাখ-ঢাক না করে তার সরাসরি হুমকি, "আমি স্পটলাইট ভালবাসি। আমি আসছি বলে অসিদের চিন্তিত হওয়া উচিৎ।"
অবশ্য ইনজুরিকে পেছনে ফেলে তিনি কতটা সুস্থ তা নিয়ে কিছুটা সংশয় আছেই। তবে সেই সংশয়কে পেছনে ফেলে দলকে আশ্বস্ত করে এই ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলারের মন্তব্য, "ওদের (অস্ট্রেলিয়ার) ব্যাটসম্যানদের চেয়ে আমি বেশি পরিশ্রম করছি, নিজের বোলিং নিয়ে কাজ করছি। কতটা ভার বইতে পারি তা নিয়েও কাজ করেছি। সব কিছু যেভাবে যাচ্ছে তা নিয়ে আমি খুবই সন্তুষ্ট।"
এই সিরিজে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার কথার লড়াই নিয়েও তার বক্তব্য পরিষ্কার। শ্রীশান্তের মতে, অস্ট্রেলীয়দের কথার জবাব দিয়ে ঠিক কাজটাই করেছে তার সতীর্থরা, "আমরা ভারতীয়রা কখনো মাথা নত করি না। আমরা কেন নতজানু হবো? আমাদের এমন খেলোয়াড় রয়েছে যারা সুদ সহ সব কিছু ফিরিয়ে দিতে পারে।" আর নিজের সম্পর্কে তার অভিমত, "শ্রীশান্তের পথ আক্রমণাত্মক হবেই। শ্রীশান্ত সব সময়ই শ্রীশান্তের মতোই থাকবে।"
এমন এক জন খেলোয়াড়ের জন্য 'টিম ইন্ডিয়া'র তো পথ চেয়ে থাকারই কথা। বোলিং যেমনই করুক, 'স্লেজিংয়ের রাজা' অস্ট্রেলীয়দের দাঁতভাঙ্গা জবাব তো দেয়া যাবে এবার! ত্রিদেশীয় সিরিজে তাই উত্তেজনার বারুদ জ্বলে ওঠার জোরালো সম্ভাবনা।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৫২ঘ.
bdnews24