২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও ৪০০ রানের আশা করছেন দ্রাবিড়

'সব ভালো যার শেষ ভালো' প্রবাদটাই বোধহয় দিনশেষে মনে-মনে জপছিল ভারত। দিনের খেলা শেষ হতে আর বেশি বাকি নেই, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ অনেকক্ষণ ধরে উইকেটে থাকায় ভারত তখন বেশ নির্ভার। কিন্তু অল্প সময়ের মধ্যে দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের বিদায়ে পার্থ টেস্টের প্রথম দিনটা তারা হাসিমুখে শেষ করতে পারেনি। বরং দিনশেষে সেই হাসি স্থানান্তর হয়েছে এক সময় দুশ্চিন্তায় পড়ে যাওয়া রিকি পন্টিং ও তার সতীর্থদের মুখে। তবে তার পরও দ্রাবিড় অসন্তুষ্ট নন নিজেদের ব্যাটিং পারফরম্যান্সে। তার বিশ্বাস বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে আরো অনেক দূরে যাওয়ার ক্ষমতা আছে ভারতের। অন্যদিকে ব্রেট লি দিনের শেষ ভাগে দ্রাবিড়-লক্ষ্মণের বিদায়ে দারুণ খুশি। অস্ট্রেলিয়ার গতি-তারকার মতে এই উইকেট দুটোই ম্যাচে ফিরিয়েছে অস্ট্রেলিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

পার্থ, ১৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- 'সব ভালো যার শেষ ভালো' প্রবাদটাই বোধহয় দিনশেষে মনে-মনে জপছিল ভারত। দিনের খেলা শেষ হতে আর বেশি বাকি নেই, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ অনেকক্ষণ ধরে উইকেটে থাকায় ভারত তখন বেশ নির্ভার। কিন্তু অল্প সময়ের মধ্যে দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের বিদায়ে পার্থ টেস্টের প্রথম দিনটা তারা হাসিমুখে শেষ করতে পারেনি। বরং দিনশেষে সেই হাসি স্থানান্তর হয়েছে এক সময় দুশ্চিন্তায় পড়ে যাওয়া রিকি পন্টিং ও তার সতীর্থদের মুখে। তবে তার পরও দ্রাবিড় অসন্তুষ্ট নন নিজেদের ব্যাটিং পারফরম্যান্সে। তার বিশ্বাস বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে আরো অনেক দূরে যাওয়ার ক্ষমতা আছে ভারতের। অন্যদিকে ব্রেট লি দিনের শেষ ভাগে দ্রাবিড়-লক্ষ্মণের বিদায়ে দারুণ খুশি। অস্ট্রেলিয়ার গতি-তারকার মতে এই উইকেট দুটোই ম্যাচে ফিরিয়েছে অস্ট্রেলিয়াকে। এক সময় ৪ উইকেটে ২৭৮ রানে পৌঁছে যাওয়া ভারতের দিনশেষে সংগ্রহ ৬ উইকেটে ২৯৭। সন্দেহ নেই ঐ উইকেট দুটো না হারালে ভারতই থাকতে পারতো চালকের আসনে। সেজন্য দ্রাবিড় হতাশ ঠিকই, কিন্তু ৪০০ করে প্রতিপক্ষকে চাপে ফেলার আশা ছাড়েননি তিনি, "৪ উইকেটে ৩০০ রান নিয়ে শেষ করতে পারলে আমরা সত্যিই খুব খুশি হতাম। তবে আমাদের ইতিবাচক ভাবে ব্যাপারটা চিন্তা করতে হবে। সারা দিন ধরে বেশ কিছু ভালো পারফরম্যান্স দেখা গেছে। আমাদের দলের সদস্যরা দারুণ দৃঢ়তা দেখিয়েছে। আমাদের এখনো কিছু ব্যাটিং বাকি আছে। আশা করি লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কিছুটা হলেও অবদান রাখতে পারবে আর আমরাও ৪০০ রান করতে পারবো। খেলার শুরুতে সম্ভবত আমরা সে আশাই করেছিলাম।" সংবাদ সম্মেলনে দলের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বাসের সঙ্গে কথা বলা দ্রাবিড়ের কণ্ঠ এর পরের প্রসঙ্গে প্রায় স্তিমিত! মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার দুঃখ কিছুতেই ভুলতে পারছেন না তিনি, "এভাবে আউট হওয়া নিঃসন্দেহে ভীষণ হতাশাজনক। বিশেষ করে দিনের শেষ ভাগে।" দিনের সেরা ব্যাটসম্যান দ্রাবিড়ের জন্য যা হতাশার, সেরা বোলার ব্রেট লির জন্য সেটাই আনন্দের। ব্রেট লির বিশ্বাস, দ্রাবিড়-লক্ষ্মণের উইকেট দুটোতেই অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত প্রতিফলিত, "আমাদের শুধু ধৈর্য্য ধরার প্রয়োজন ছিল। আমরা যদি ওদেরকে ৪ উইকেটে ৩০০ নিয়ে শেষ করতে দিতাম তা হলে গল্পটা অন্যরকম হতো। আর তাহলে আপনারাও সম্ভবত ভারতকে এগিয়ে রাখতেন। তবে শেষ দিকের ঐ দুটো আউট অর্থাৎ ৬ উইকেটের পতনে আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়াই এখন বেশ ভালো অবস্থায় আছে।" অবশ্য খেলার চেয়ে খেলাবহির্ভূত কারণে অনেক বেশি আলোচিত হচ্ছিল পার্থ টেস্ট। সিডনিতে যে সব কান্ড হয়েছে তার পরে তো সেটাই স্বাভাবিক! তবে দ্রাবিড়ের সঙ্গে মাইকেল ক্লার্কের সামান্য ঝামেলা ছাড়া বড় কোনো ঘটনা ছাড়াই কেটেছে প্রথম দিনটা। সেজন্য দ্রাবিড় প্রশংসাই করেছেন পন্টিংদের, "ওরা যে রকম কঠিন মানসিকতা নিয়ে খেলতে অভ্যস্ত সেভাবেই খেলেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ থাকলেও ভালো স্পিরিট নিয়েই খেলেছে ওরা।" আর ব্রেট লি জানিয়েছেন দু দলের খেলোয়াড়দের মধ্যে খুনসুটির কথা, "আজ আমাদের মধ্যে অনেক মজা হয়েছে। মাচের মধ্যেই অনেক জোক আদান-প্রদান হয়েছে। দু দলই তখন খুব হেসেছে। সেই সঙ্গে কঠিন, প্রতিদ্বন্দ্বিতাময় ক্রিকেটও হয়েছে। আসলে ক্রিকেট তো এমনই হওয়া উচিৎ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৫৫ঘ.