ওয়েলিংটন, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের পর ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু টেস্ট অধিনায়কত্ব ছাড়ার কথা ভাবেননি স্টিভেন ফ্লেমিং। সেটা কেড়ে নেওয়ায় অসন্তোষ লুকোননি তিনি। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষেই টেস্ট ক্রিকেট ছাড়ছেন- এমন জল্পনায় অবাকই হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। জানিয়েছেন তেমন কিছু আপাতত তার পরিকল্পনায় নেই।
ম্যাচশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিস্ময় লুকোননি ফ্লেমিং। বলেছেন, "সিদ্ধান্তটা যদি গ্লেন টার্নার কিংবা (নির্বাচক) রিচার্ড হ্যাডলি অথবা ডিওন ন্যাশ বা (কোচ) জন ব্রেসওয়েল দিয়ে থাকেন তাহলে আলাদা কথা, নয়তো এমন কিছুর সম্ভাবনা নেই।" বরং ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়েই ভাবছেন বলে জানিয়েছেন ফ্লেমিং, "আমার ব্যাটিং নিয়ে কিছু পরিশ্রমের কাজ আছে। ঘরোয়া ক্রিকেটে নিজেকে শুধরানোর জন্য তিন সপ্তাহ সময় পাচ্ছি হাতে।"
ব্যাটিংয়ে দূর্বলতা বলতে সেঞ্চুরির অক্ষমতা। ৪৩টি ফিফটির বিপরীতে ১০৮ টেস্টের ক্যারিয়ারে মাত্র ৯টি সেঞ্চুরির মালিক ফ্লেমিং। সর্বশেষ ব্যর্থতাটি এসেছে ওয়েলিংটনে। ৮৭ রান করে আউট হয়ে গেছেন। হতাশাভরেই বলেছেন, "আসলে আমার গোটা ক্যারিয়ারই এমন। ভেবেছিলাম দুটো ছক্কা মেরে আর একটা সিঙ্গেলস নিয়ে শতক পুরাবো। ছোট বাউন্ডারিতে সেটা খুব ভালোমতোই সম্ভব ছিল। কিন্তু বাজে শট খেলেছি। তার চেয়ে ধরে খেললে ঠিকই সেঞ্চুরিটা হয়ে যেত।" যোগ করেছেন, "ক্যারিয়ারে এই একটা দুঃখবোধ আমাকে তাড়িয়ে বেড়াবে। ৪৩টি ফিফটির মধ্যে অনেকবারই স্রেফ অধৈর্য্য হয়ে সুযোগ নষ্ট করেছি, ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করেও কাজে লাগাতে পারিনি।"
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৬১০ঘ.
bdnews24