২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোলককে সতীর্থদের বিদায়ী উপহার

তিন টেস্ট সিরিজের শেষ দিনটা হয়ে রইলো ডেল স্টেইনের সঙ্গে মারলন স্যামুয়েলসের লড়াইয়ের স্মারক! ডারবান টেস্ট যে মাত্র তৃতীয় দিনেই শেষ, সেটা তো স্টেইনের দুর্দান্ত বোলিংয়ের জন্যই। ৭২ রানে ৬ উইকেট নিয়ে তিনিই ৩১৭ রানে শেষ করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। তাই স্যামুয়েলসের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিও ইনিংস পরাজয়ের লজ্জা থেকে বাঁচাতে পারেনি ক্যারিবীয়দের। এক ইনিংস ও ১০০ রানে জিতে সিরিজ জয়ের উৎসবেও মেতে উঠতে পেরেছে প্রোটিয়ারা। ম্যাচশেষে জয়োৎসবের কেন্দ্রভাগে থাকলেন শন পোলক। বিদায়ী টেস্টে এর চেয়ে বড় উপহার নিশ্চয়ই আশা করেননি দক্ষিণ আফ্রিকার সফলতম অলরাউন্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 04:29 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ডারবান, দক্ষিণ আফ্রিকা, ১২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিন টেস্ট সিরিজের শেষ দিনটা হয়ে রইলো ডেল স্টেইনের সঙ্গে মারলন স্যামুয়েলসের লড়াইয়ের স্মারক! ডারবান টেস্ট যে মাত্র তৃতীয় দিনেই শেষ, সেটা তো স্টেইনের দুর্দান্ত বোলিংয়ের জন্যই। ৭২ রানে ৬ উইকেট নিয়ে তিনিই ৩১৭ রানে শেষ করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। তাই স্যামুয়েলসের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিও ইনিংস পরাজয়ের লজ্জা থেকে বাঁচাতে পারেনি ক্যারিবীয়দের। এক ইনিংস ও ১০০ রানে জিতে সিরিজ জয়ের উৎসবেও মেতে উঠতে পেরেছে প্রোটিয়ারা। ম্যাচশেষে জয়োৎসবের কেন্দ্রভাগে থাকলেন শন পোলক। বিদায়ী টেস্টে এর চেয়ে বড় উপহার নিশ্চয়ই আশা করেননি দক্ষিণ আফ্রিকার সফলতম অলরাউন্ডার। বিনা উইকেটে ২৩ রান নিয়ে শুরু করা ওয়েস্ট ইন্ডিজকে দিনের চতুর্থ ওভারেই ধাক্কা দিয়েছেন ডেল স্টেইন। অভিষেক টেস্ট খেলতে নামা ব্রেন্টন পার্চমেন্ট স্টেইনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ার আগে ২০ রান করেছেন। অন্য ওপেনার ড্যারেন গঙ্গা ধৈর্য্যরে প্রতিমূর্তি হয়ে ব্যাট করলেও বেশি দূর যেতে পারেননি। ৫৮ বলে ১১ রান করা গঙ্গাকে দ্বিতীয় স্লিপে জ্যাক ক্যালিসের ক্যাচ বানিয়েছেন মাখায়া এনটিনি। তিন নম্বরে নামা রুনাকো মর্টন অবশ্য শুরু থেকে আস্থা নিয়েই খেলছিলেন। ৩৬ বলে ৭টি চারে ৩৭ রানে পৌঁছে বড় কিছু করারও ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু ৩৭ নম্বরে বলটাতেই ভুল করলেন তিনি, এলবিডব্লু হয়ে গেলেন পোলকের বলে। ৮৮ রানে ৩ উইকেট পড়ার পর ক্যারিবীয়দের হাল ধরেন ক্রিস গেইলের অনুপস্থিতিতে এই ম্যাচে অধিনায়কত্ব করা ডোয়াইন ব্রাভো ও স্যামুয়েলস। চতুর্থ উইকেটে ১৪৪ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিং রুমে স্বস্তির সুবাতাস নিয়ে এসেছিলেন তারা। ব্রাভো-স্যামুয়েলসের কৃতিত্বে দ্বিতীয় সেশনে একটিও উইকেট হারায়নি সফরকারীরা। কিন্তু চা-বিরতি শেষে প্রথম ওভারেই স্টেইনের আঘাত। ১৩টি বাউন্ডারিতে ৭৫ রান করা ব্রাভোকে এলবিডব্লুকে করে তিনিই তৃতীয় দিনে ম্যাচ শেষ করার সম্ভাবনা আবার উজ্জ্বল করে তুলেছেন। এর পরের গল্পটা স্টেইনের তোপ বনাম স্যামুয়েলসের একাকী লড়াইয়ের। অন্য প্রান্তে সতীর্থদের যাওয়া-আসা দেখতে দেখতেই 'ম্যাজিক ফিগারে' পৌঁছেছেন স্যামুয়েলস। শেষ পর্যন্ত তার লড়াই থামিয়েছেন স্টেইন, দ্বিতীয় নতুন বল হাতে নিয়েই বোল্ড করে। স্যামুয়েলসের ১০৫ রানের ইনিংসটা সাজানো ১৮টি বাউন্ডারিতে। এর পর আর দাঁড়াতেই পারেনি ক্যারিবীয়রা। বলা ভালো স্টেইন তাদের দাঁড়াতে দেননি। একে একে ফিরিয়ে দিয়েছেন ড্যারেন স্যামি (১৭), ড্যারেন পাওয়েল (০) ও ফিডেল এডওয়ার্ডসকে (০)। এর মধ্যে স্যামি কট অ্যান্ড বোল্ড, আর বাকি দু জন বোল্ড। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত শিবনারায়ণ চন্দরপল দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে পারেননি। তাই স্টেইন এডওয়ার্ডসের উইকেট ভেঙ্গে দেয়ার সঙ্গে সঙ্গে জয়োল্লাসে মেতে উঠেছে স্বাগতিকরা। ২০ উইকেট নেয়া স্টেইনই সিরিজের সেরা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন প্রথম ইনিংসে অপরাজিত ১২৩ রানের দারুণ এক ইনিংস খেলা অ্যাশওয়েল প্রিন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২১৬ঘ.