মেলবোর্ন, ৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিডনি টেস্টে সীমাহীন ভূলভ্রান্তি করেছেন। স্টিভ বাকনরকে সিরিজ থেকে সরিয়ে নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবিটা যৌক্তিকই ছিলো। আর তাতে সায় দিয়েছে আইসিসি। মঙ্গলবার এক বিবৃতিতে ১৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পার্থ টেস্টের দায়িত্ব থেকে ওয়েস্ট ইন্ডিয়ান এই আম্পায়ারের নাম কেটে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তার জায়গায় দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের বিলি বাউডেন। সূচী অনুযায়ী আরেক আম্পায়ার মার্ক বেনসনের অবশ্য এমনিতেই থাকার কথা নয় সিরিজে। পাকিস্তানের আসাদ রউফ আসছেন তার জায়গায়।
আম্পায়ারিংয়ের কারণে ঘটনা কতদূর গড়াতে পারে তার একটা নমুনা ক্রিকেট বিশ্ব দেখেছে ২০০৬ সালে ওভাল টেস্টে। ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হেয়ারের বিরুদ্ধে প্রতিবাদ করে শেষ পর্যন্ত খেলেইনি পাকিস্তান দল। আইসিসির প্রধান নির্বাহী ম্যালকম স্পিড এক বিবৃতিতে জানিয়েছেন আম্পায়ারদের ব্যাপারে সদস্যদের নাক গলানো পছন্দ না করলেও সিরিজ ঘিরে অস্থিরতা কমাতেই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছেন তারা। বলেছেন, "এটা একটা ব্যতিক্রমী পরিস্থিতি, আর তা থেকে উত্তেজনা কমাতে চেয়েছি আমরা। স্টিভ মেনে নিয়েছে যে এ পরিস্থিতিতে তার থাকা একটা সমস্যা এবং খেলাটার বৃহত্তর স্বার্থেই সে সিদ্ধান্তটা মেনে নিয়েছে।"
আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সফরকে ঘিরে অনিশ্চয়তার গুমোট মেঘটা এতে অনেকখানি কেটে গেছেই বলে জানিয়েছে তারা। বিসিসিআই প্রেসিডেন্ট শরদ পাওয়ার এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, "অবশ্যই আমি এই সিদ্ধান্তে খুশী। নির্দিষ্ট করে বললে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ তারা ব্যাপারটাকে এত ইতিবাচক চোখে দেখায়।"
তবে বিসিসিআই নির্দিষ্ট কোনো নির্দেশনা দেয়নি বলে ভারতীয় দল সিডনি ছাড়েনি। এ ব্যাপারে ভারতীয় বোর্ডের মঙ্গলবার রাতে একটি সভায় বসার কথা। এ প্রসঙ্গে বোর্ড সেক্রেটারি নিরঞ্জন শাহ বলেছেন, "আম্পায়ার বিতর্কের সুরাহা হওয়ায় আমরা খুশী, তবে সফরের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে কার্যনির্বাহী সভা ডাকা হয়েছে।"
ক্যানবেরায় একটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য সোমবার ভারতের সিডনি ছাড়ার কথা ছিল। শাহর মতে, "সফরের ভবিষ্যত সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। যদি সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়, তাহলে দল ঠিক সময়েই ক্যানবেরা পৌঁছবে।''
এদিকে দুই দলের দ্বন্দ্ব মেটাতে আরো পদক্ষেপ নিয়েছে আইসিসি। অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং এবং ভারত অধিনায়ক অনিল কুম্বলের মধ্যে মতপার্থক্য দূর করার জন্য একটি বৈঠক আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রধান ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালেকে এই বৈঠকে মধ্যস্থতাকারীর দায়িত্ব দিয়েছে আইসিসি। পার্থ টেস্টের আগে এই বৈঠক আয়োজিত হবে জানিয়ে স্পিড বলেছেন, "সিডনি টেস্টের ঘটনা যাতে পার্থে হাজির না হয় সেজন্যই রঞ্জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার বিশ্বাস অধিনায়ক দুজনের উচিত হবে তার সঙ্গে বসা, সে কি বলে তা শোনা এবং তার কাছে সমস্যাগুলো খুলে বলা। আর সব ঝামেলা মিটিয়ে সামনে এগোনো।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭২৪ঘ.
bdnews24