ঢাকা, ৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শোচনীয় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। প্রিটোরিয়ার সিনোভিচ পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতীয় যুব দল বড় টার্গেটই দিয়েছিল সোহরাওয়ার্দী শুভ'র দলকে। কিন্তু ভারতের তোলা ৮ উইকেটে ২৬০ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ আর তা সামাল দিয়ে উঠতে পারেনি। ৩৭.৩ ওভারে অলআউট হয়ে গেছে মাত্র ১২৩ রানে। অর্থাৎ স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে টপকে ফাইনালে যাওয়া বাংলাদেশ হারলো ১৩৭ রানের বিশাল ব্যবধানে।
ফাইনালে বাংলাদেশ যুব দলের ব্যাটিংয়ের এমনই বাজে অবস্থা হয়েছে যে ২৬ রানে শেষ ৬টি উইকেট হারিয়েছে তারা। ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচেরই সেরা বোলার মাহমুদুল হাসান লিমন ব্যাটিংয়েও দলের হয়ে করেছেন সর্বোচ্চ ৩০ রান। এছাড়া ওপেনার মিথুন আলী ২৭ ও রনি তালুকদার ২৮ রান করেন।
অথচ শুরুতে এমনটা হবে ভাবা যায়নি। মিথুন আলী ও হামিদুল ইসলামের (১১) ওপেনিং জুটি ৩৯ রান তুলে বিচ্ছিন্ন হয়। সেখান থেকে ৬৭ রানে যেতেই ৪ উইকেট নেই। মাহমুদুল ও রনি মিলে ৯৭ রানে নিয়ে যাওয়ার পর আবার ধ্বসের শুরু। যেটা আর শেষপর্যন্ত থামানো যায়নি। ভারতের শিবকুমার, জাদেজা ও কোহলি নিয়েছেন দুটো করে উইকেট।
সোহরাওয়ার্দী শুভ'র দলের বোলাররা অবশ্য দারুণ সূচনাই এনে দিয়েছিলেন। ভারতের প্রথম দিককার ব্যাটসম্যানদের দ্রুতই ফেরানো গেছে। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন মাহমুদুল হাসান লিমন। এক পর্যায়ে ৪ রানে ৩ উইকেট নিয়ে ফেলেন তিনি। শেষপর্যন্ত অবশ্য ২৯ রান খরচ হয়েছে তার। এছাড়া শুভাশিষ রায় ৫৫ রানে নিয়েছেন ২ উইকেট।
ভারতের দুই ওপেনার মুকুন্দ (২০) ও গোস্বামী (১৮) ফিরে যান দ্রুতই। এরপর শ্রীবাস্তব (৩) ও কোহলিও (১) টেকেননি বেশিক্ষণ। এরপরই তিওয়ারি ও পান্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। এই দুই তরুণের লম্বা পার্টনারশিপে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় দল। তিওয়ারি ৭৪ রান করেন । মনিশ পান্ডের ব্যাট থেকে এসেছে ৭২ রান। তিনিই হয়েছেন ম্যান অফ দি ফাইনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩৫ঘ.
bdnews24