ঢাকা, ৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চারদিনের ম্যাচের শিরোপার নিষ্পত্তি শেষ রাউন্ডে এসে হলেও ওয়ানডেরটা হয়ে ছিল আগেই। দুই রাউন্ড বাকি থাকতেই ওয়ানডেতে চ্যাম্পিয়ন হয়ে যায় রাজশাহী। রানার্স-আপ কারা?- এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষাই ছিল মঙ্গলবার ইস্পাহানী মির্জাপুর চা নবম জাতীয় ক্রিকেট লিগের শেষদিনে। ঢাকা ও খুলনার মধ্যে রানার্স-আপ হওয়ার লড়াইয়ের সমাধান এতো সহজে মেলেনি অবশ্য। খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিকরা বরিশালকে হারায় ৭ উইকেটে। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন রাজশাহীর (১৪ পয়েন্ট) বিপক্ষে ঢাকার জয় ৫১ রানের। কাজেই প্রতিদ্বন্দ্বী দুই দলেরই পয়েন্ট (১২) সমান হয়ে যায়। এক্ষেত্রে নিয়মানুযায়ী প্রথম বিবেচ্য 'হেড টু হেড'এও আসেনি সমাধান। কারণ ঢাকা ও খুলনা একে অন্যের বিপক্ষে একবার করে জিতেছে। অগত্যা নেট রান রেটের হিসাবে খুলনার ( ০.২৫) চেয়ে এগিয়ে থেকে ঢাকা ( ০.৩১) হয়েছে রানার্স-আপ। চতুর্থ ও পঞ্চম স্থান নির্ধারণের হিসাবটা অবশ্য সহজই ছিল। দু'বারের দেখাতেই বরিশালকে হারানোয় সমান পয়েন্ট (৮) হলেও চতুর্থ হয়েছে সিলেট।
খুলনার বিপক্ষে রাকিবুল হাসানের সেঞ্চুরিতে বড় সংগ্রহই দাঁড় করিয়েছিল বরিশাল। রাকিবুলের ১৩৩ রানের ইনিংস নির্ধারিত ৫০ ওভারে বরিশালকে পৌছে দেয় ৬ উইকেটে ২৬৫ রানে। কিন্তু শেষপর্যন্ত রাকিবুলের সেঞ্চুরিটা বিফলেই গেছে আরেক সেঞ্চুরিতে। দ্রুত তিন উইকেট হারানো খুলনাকে ৪৭.৪ ওভারে লক্ষ্যে নিয়ে গেছে ওপেনার ইমরুল কায়েস ও সগীর হোসেন পাভেলের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট পার্টনারশিপ। অপরাজিত ১৩৩ রানের ইনিংসের জন্য ম্যান অফ দি ম্যাচ হয়েছেন ইমরুল। আর সগীর অপরাজিত ছিলেন ৭৫ রানে।
মিরপুরে নির্ধারিত ৫০ ওভারে ঢাকাকে ৮ উইকেটে ২৫৪ রানে পৌছে দিতে ভূমিকা রাখে আনোয়ার হোসেন (৬৫) ও মাহমুদুল্লাহ রিয়াদের (৫২) ফিফটি দুটো। শেষদিকে নাজমুল হোসেন মিলনের অপরাজিত ৪২ রানের ইনিংসটার অবদানও কম নয়। জবাব দিতে নামা চ্যাম্পিয়ন রাজশাহী ঢাকার বাঁ হাতি স্পিনারদের ঘূর্ণিজাদুতে ৪৮.৫ ওভারে গুটিয়ে যায় ২০৩ রানে। মোহাম্মদ রফিক (৩/২৯), মেহরাব হোসেন জুনিয়র (২/৫৩) ও মোশাররফ হোসেন রুবেলরা (১/২৬) মিলে তুলে নেন প্রতিপক্ষের ছয়টি উইকেট। তবে ম্যাচ সর্বোচ্চ ৬৫ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন আনোয়ারই।
ফতুল্লা স্টেডিয়ামে সিলেট-চট্টগ্রাম ম্যাচের সেরা হয়েছেন ধীমান ঘোষ। সিলেটের ১৯৮ রান মাত্র ৩০.১ ওভারেই টপকে চট্টগ্রামের ৭ উইকেটের জয়ে তার অপরাজিত ৭৩ রানের ইনিংসটার যে বড় ভূমিকা। তবে ৭১ রানে অপরাজিত ফয়সাল হোসেন ডিকেন্সও কোনো অংশে পিছিয়ে ছিলেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০০ঘ.
bdnews24