২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ওপেনারের রেকর্ড জুটিতে স্বপ্নময় দিন

কি পণ করে নেমেছিলেন তামিম ইকবাল! কিছু করে দেখানোর রোখটা কি ছিলো জুনায়েদ সিদ্দিকীরও? দায়িত্ব নিয়েই জেমি সিডন্স তার প্রথম টেস্টে ওপেনিং জুটি বদলে দিয়েছেন। দুই আনকোড়া ব্যাটসম্যানের হাতে বাংলাদেশের সূচনা নিয়ে আশঙ্কিত সংবাদমাধ্যম তাই একহাত নিয়েছে বাংলাদেশ কোচকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 04:52 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ডানেডিন, ৫ জানুয়ারি (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কি পণ করে নেমেছিলেন তামিম ইকবাল! কিছু করে দেখানোর রোখটা কি ছিলো জুনায়েদ সিদ্দিকীরও? দায়িত্ব নিয়েই জেমি সিডন্স তার প্রথম টেস্টে ওপেনিং জুটি বদলে দিয়েছেন। দুই আনকোড়া ব্যাটসম্যানের হাতে বাংলাদেশের সূচনা নিয়ে আশঙ্কিত সংবাদমাধ্যম তাই একহাত নিয়েছে বাংলাদেশ কোচকে। সেটার জবাব দিয়েছেন আলোচিত দুই ডেব্যুটেন্ট। ওপেনিং জুটিতে দুজনে গড়েছেন নতুন বাংলাদেশের রেকর্ড।। শনিবার ডানেডিন টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৪৮ রান। তামিম ব্যাট করছেন ৭২ রান নিয়ে, জুনায়েদ ৬৯। নিউজিল্যান্ডের সংগ্রহ থেকে ৭২ রান পিছিয়ে বাংলাদেশ। এর আগে ৩৫৭ রানে শেষ হয়েছে স্বাগতিকদের ইনিংস। সেঞ্চুরি করেছেন সাত বছর পর টেস্ট খেলতে নামা ইয়ান বেল। শতক পুরো করেছেন জ্যাকব ওরামও। ওয়ানডেতে পরীক্ষিত হলেও টেস্ট ক্রিকেটে তামিম কতটা মানিয়ে নেবেন, তা নিয়ে দ্বিধা ছিলোই বোদ্ধাদের। সিডন্সের যাচাইয়ে যে ভুল ছিল না, তার প্রমাণ দিয়েছেন এই বাঁহাতি ওপেনার প্রথম ইনিংসে ৫৩ রানের ইনিংস খেলে। আর দ্বিতীয় ইনিংসেই এগোচ্ছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে। সঙ্গে জুনায়েদও। তামিম একটু বেশি খুশী হতেই পারেন। কারণ আগের রেকর্ডে ভাগ ছিল তারই বড় ভাই নাফিস ইকবালের। রেকর্ড বই থেকে হটে যাওয়ার আগ পর্যন্ত নাফিস ও জাভেদ ওমরের ১৩৩ রানের জুটিই ছিল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা উদ্বোধনের রেকর্ড। ২০০৫ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছিলেন দুজন। একটু নড়বড়ে শুরু। ইয়ান ও ব্রায়েনের সৌজন্যে একবার জীবন পেয়েছেন তামিম। কিন্তু তাতে রক্ষণাত্মক হওয়ার বদলে উল্টো মারমুখী হয়েছেন। জুনায়েদ শুরু থেকেই তা। প্রায় ৫ গড়ে রান উঠেছে স্কোরবোর্ডে। বাংলাদেশের ৫০ রান পুরো হয়েছে ১১তম ওভারে, ১০০ হয়েছে ২০তম ওভারে। জুনায়েদ তার ক্যারিয়ারের প্রথম ফিফটি করতে খেলেছেন ৬৯ বল, তাতে বাউন্ডারি ছিলো ১০টি। তামিমের ৫০ এসেছে মাত্র ৫২ বলে। ৭টি চার ও একটি ছক্কায়। সুবাদেই প্রথম ইনিংসে ১৩৭ রানে অলআউট হওয়ার দুঃস্বপ্নটা একদিনের জন্য হলেও ভুলিয়ে দিয়েছেন তামিম ও জুনায়েদ। তবে অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে স্বস্তি দিয়েছে আরেকটি অর্জন। গত সাত টেস্টে এই প্রথম প্রতিপক্ষকে অলআউট করতে পেরেছে বাংলাদেশ। অবশ্য বিনিময়ে উপহার দিতে হয়েছে দুটো সেঞ্চুরি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ব্যাটে অনুদিত করেছেন বেল। সাত বছর পর ফেরাটা উদযাপন করেছেন সেঞ্চুরি দিয়ে। তার দ্বিতীয়। আর ওরামের এটি চতুর্থ। দিনের শুরুতে বোঝা যাচ্ছিল ডানেডিন ওভালের উইকেট ব্যাটসম্যানদের পক্ষে। ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। বেল ও ওরাম পঞ্চম উইকেটের জুটি টেনে নিয়ে গেছেন ১৩৯ রানে। জুটি ভেঙ্গেছেন আশরাফুল। দারুণ এক গুগলিতে এলবিডব্লু করেছেন বেলকে (১০৭)। এর আগে ৯৭ রানে একবার আম্পায়ারের ভুলে জীবন পেয়েছেন তিনি। মাশরাফি বিন মুর্তজার বলে স্পষ্টই এলবিডব্লু ছিলেন বেল। লাঞ্চের আগে আশরাফুলের দ্বিতীয় আঘাত। ব্রায়ান ম্যাককুলাম (৭) ক্যাচ দিয়েছেন জুনায়েদকে। লাঞ্চের পর বাউন্ডারি মেরে সেঞ্চুরি উদযাপন করেছেন ওরাম। অধিনায়ক ডেনিয়েল ভেট্টরির সঙ্গে তার ৫০ রানের জুটি ভেঙ্গেছেন মাশরাফি। বোল্ড হওয়ার আগে ১১৭ রান করেছেন ওরাম। নতুন বল হাতে নিয়েই তেতে উঠেছিলেন বাংলাদেশের পেসাররা। নির্দিষ্ট করে বললে মাশরাফি। পরের বলেই মুশফিকুর রহিম দারুণ এক ক্যাচে ফিরিয়ে দিয়েছেন কাইলি মিলসকে (০)। ভেট্টরির ৩২ রানের ইনিংসে যতি টেনেছেন শাহাদত হোসেন। ক্যাচ নিয়েছেন এনামুল হক জুনিয়র। বোলারদের মধ্যে খালি হাতে ফিরতে হয়েছে শুধু তাকেই। ও'ব্রায়েনকে (৫) ডানে ঝাপানো দারুণ এক ক্যাচে আউট করে মাশরাফিকে চতুর্থ উইকেট পেতে সাহায্য করেছেন মুশফিক। অন্য প্রান্তে তখন স্বপ্ন পূরণের আনন্দে বিভোর ক্রিস মার্টিন। দিনের শুরুতে ভাষ্যকার সায়মন ও'ডোনেলকে বলেছিলেন টেস্ট ক্রিকেটে দুই অঙ্কে পৌঁছতে চান তিনি। ক্যারিয়ার সেরা ১২ রানে অপরাজিত থেকে সে ইচ্ছে পুরো হয়েছে তার। ভাগ্যিস বোলিংয়েও এমন কিছু করার স্বপ্ন দেখেননি প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে বিধ্বস্ত করা এই পেসার! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১২৩০ঘ.