ঢাকা, ৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দ্রুতই ঢাকার ক্রিকেট লিগ শুরুর নিশ্চয়তা মিলছিল না। তাই বৃহষ্পতিবার দুুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার আগেই আপাতত জাতীয় লিগের শেষ রাউন্ড না খেলার সিদ্ধান্তও নিয়ে ফেলেন ক্রিকেটাররা। কিন্তু সভায় বোর্ডের তরফ থেকে ঢাকার ঘরোয়া ক্রিকেট শুরু এবং আর্থিক সংস্থানের আশ্বাস পাওয়ায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। সন্ধ্যায় সভা থেকে বেরিয়ে এমনই জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (কোয়াব) আহবায়ক দেবব্রত পাল। একই সঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি এবং ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্্েরাপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান গাজী আশরাফ লিপুও জানিয়েছেন ফলপ্রসু আলোচনার কথাই, "ওরা (ক্রিকেটাররা) খুশী মন নিয়েই ফিরে গেছে।"
ব্রাদার্স ইউনিয়ন ও ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার পর থেকেই অচলাবস্থার শুরু। বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যায় ব্রাদার্স। তাদের রিটের প্রেক্ষিতে আদালত বিসিবির সিদ্ধান্তে দুই মাসের নিষেধাজ্ঞা দেন। তাতেই ঢাকার প্রিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেট ঝুলে পড়ে।
লিপু জানাচ্ছেন, "এতোদিন কোর্ট বন্ধ ছিল। এখন খুলেছে। আইনজীবীর মাধ্যমে আমরা আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। এই সমস্যার সমাধান দ্রুত হয়ে গেলে তো হয়ই। না হলে জানুয়ারির শেষদিক থেকে কর্পোরেট লিগ দিয়ে ঢাকার ঘরোয়া ক্রিকেট শুরুর পরিকল্পনা আছে আমাদের। আর প্রিমিয়ার লিগ না করা গেলে বিকল্প টুর্নামেন্ট করারও চিন্তা আমাদের মাথায় আছে। তাছাড়া জাতীয় লিগে ভালো করেছে, চুক্তির বাইরে থাকা এমন ক্রিকেটারদের বিসিবির স্কলারশিপের আওতায় আনার বিষয়টাও আজ ক্রিকেটারদের জানিয়েছি। এটাও ওদের খুব পছন্দ হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩৫ঘ.
bdnews24