২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষ নয়, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ অন্য

সমস্যাটা দু দলেরই। মাত্রই টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ খেলেছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। 'ধুমধাড়াক্কা' ক্রিকেটের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি। অথচ তার ঠিক পরই কিনা তাদের খেলতে হবে ঢিমে তালের টেস্ট ক্রিকেট! করাচিতে সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট তাই পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা দু দলের জন্যই এক বড় চ্যালেঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 02:01 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

করাচি, ৩০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সমস্যাটা দু দলেরই। মাত্রই টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ খেলেছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। 'ধুমধাড়াক্কা' ক্রিকেটের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি। অথচ তার ঠিক পরই কিনা তাদের খেলতে হবে ঢিমে তালের টেস্ট ক্রিকেট! করাচিতে সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট তাই পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা দু দলের জন্যই এক বড় চ্যালেঞ্জ। শোয়েব মালিক কিন্তু আশাবাদী। তার অধিনায়কত্বে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে দারুণ উজ্জীবিত ছিল তরুণদের নিয়ে গড়া পাকিস্তান। হেরে গেলেও ফাইনালে দারুণ লড়াই করেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে। টেস্টে প্রথম বারের মতো দেশকে নেতৃত্ব দিতে যাওয়া মালিকের বিশ্বাস, ঐ টুর্নামেন্টের ফর্ম দেশের মাটিতে বয়ে আনতে পারবেন তার সতীর্থরা, "বিশ্বকাপ শেষ হয়ে গেছে। এখন আমাদের সাফল্যের সঙ্গে টেস্ট ক্রিকেটে মানিয়ে নিতে হবে। আমার মতে ক্রিকেটারদের জন্য এটাই হল আসল চ্যালেঞ্জ। দলকে টেস্টে নেতৃত্ব দেয়াও একটা বিশাল চ্যালেঞ্জ। আশা করি (টুয়েন্টি টুয়েন্টি) বিশ্বকাপ থেকে পাওয়া আত্মবিশ্বাস ও ফর্ম এই কঠিন খেলাতেও আমরা টেনে আনতে পারবো। টুয়েন্টি টুয়েন্টিতে ছেলেরা যেভাবে খেলেছে তা এক কথায় অসাধারণ। টেস্ট ক্রিকেট খুব কঠিন হলেও খেলোয়াড়দের ওপরে পূর্ণ আস্থা আছে আমার।" শোয়েব মালিকের মতো ইনজামাম-উল হকের মনেও অন্য ধরনের এক অনুভূতির জন্ম দেবে করাচি টেস্ট। ১৯৯২ তে অভিষেকের পর ফিটনেস সমস্যা ছাড়া এই প্রথম দেশের মাটিতে কোনো টেস্টে খেলছেন না তিনি। বিশ্বকাপ ব্যর্থতার পর ওয়ানডে থেকে অবসর নেয়া ইনজামাম জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণে করাচি টেস্টে খেলা তার পক্ষে সম্ভব নয়। আসিফকে ব্যাট দিয়ে পিটিয়ে শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগে শোয়েব আখতারও নেই দলে। করাচির ধীর-গতির, স্পিন সহায়ক উইকেটে অবশ্য পেসারদের ভাল করার তেমন সুযোগও নেই। তাছাড়া দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা স্পিনে অপেক্ষাকৃত দুর্বল। পাকিস্তান তাই দুই স্পিনার দানিশ কানেরিয়া ও আব্দুল রেহমানকে একাদশে রাখতে পারে। যদিও দলের ব্যাটসম্যানদের স্পিনে দুর্বলতার কথা মেনে নিতে নারাজ মিকি আর্থার। দক্ষিণ আফ্রিকার কোচের বিশ্বাস, "আমাদের ব্যাটসম্যানরা এখন স্পিন খেলতে অভ্যস্ত। এ বছরই দক্ষিণ আফ্রিকায় স্পিন সহায়ক উইকেটে আমরা অনিল কুম্বলে ও দানিশ কানেরিয়াকে ভাল মতোই মোকাবিলা করেছি। আমি আত্মবিশ্বাসী, আমাদের ব্যাটসম্যানদের স্পিন-হুমকির সঙ্গে লড়ার মতো টেকনিক ও পরিকল্পনা রয়েছে।" তার দলের অধিনায়ক গ্রায়েম স্মিথ অবশ্য অতটা জোর দিয়ে কিছু বলতে পারছেন না। তার মতে টেস্টে ১৯৮ উইকেট নেয়া কানেরিয়াকে সামলানোর ওপরেই নির্ভর করছে প্রোটিয়াদের সাফল্য, "দক্ষিণ আফ্রিকায় আমরা দানিশকে খেলেছি। সেখানকার উইকেটে ভালই টার্ন পায় স্পিনাররা। নিঃসন্দেহে সে একজন বিশ্বমানের স্পিনার। এবং উপমহাদেশে সে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা তাকে কীভাবে খেলবো তার ওপরেই অনেক কিছু নির্ভর করছে।" প্রথম টেস্টের আগে দক্ষিণ আফ্রিকার জন্য 'শাপে বর' হতে পারে মর্নে মরকেলের ইনজুরি! বাঁ পায়ের ইনজুরির জন্য মরকেল এই টেস্টে খেলতে না পারলে তার জায়গা নেবেন শন পোলক। দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের (৪১৬) মালিক শেষ পর্যন্ত সুযোগ পেলে পাকিস্তানের জন্য তা হুমকি হয়ে দাঁড়াতে পারে। উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে পোলক ভাল মতোই পরিচিত। এই অঞ্চলে প্রোটিয়াদের সবচেয়ে অভিজ্ঞ বোলারও তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৫৫ঘ.