ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের সুপার এইটে উঠায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, বিএনপির সংস্কারপন্থি নেতা আবদুল মান্নান ভূঁইয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা পৃথক পৃথক বিবৃতিতে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন, বাংলাদেশের খেলোয়াড়রা আগামী খেলাগুলোতে ভাল ফল করবে।
জিল্লুর রহমান বিবৃতিতে বলেন, "আন্তর্জাাতিক ক্রিকেট অঙ্গনে ধারাবাহিক উন্নতির মাধ্যমে আমাদের ছেলেরা প্রমাণ করেছে,বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ আজ এক নতুন শক্তির নাম।''
আবদুল মান্নান ভূঁইয়া বলেন, "এ বিজয় বাংলাদেশের মানুষের জন্য গৌরব বয়ে এনেছে। আমাদের ছেলেরা তাদের ক্রীড়া অনুশীলনের মাধ্যমে বিশ্ব ক্রিকেট অঙ্গনে নতুন শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।''
এইচ এম এরশাদ বলেন,''সুপার এইটেও বাংলাদেশ দল আরো ভালো খেলবে বলে আমি বিশ্বাস করি।''
খোন্দকার দেলোয়ার হোসেন,'' আমাদের তরুণ ক্রিকেটাররা এই বিজয়ের মাধ্যমে প্রমাণ করেছে, তারা যেকোনো শক্তির মোকাবেলা করতে পারে। এটা দেশের জন্য গৌরবের।''
অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ বলেন,'' আমরা চাই আমাদের ছেলেরা এভাবে বিজয়ের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাক।''
সাদেক হোসেন খোকা ক্রিকেটের সাফল্য কামনা করে বলেন,'' পাকিস্তান,ভারত,অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে পরাজিত করে আমাদের তরুণ ক্রিকেটাররা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। এখন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসবি/২০৫১ঘ.
bdnews24