ঢাকা, ৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- শর্ট লিস্টে থাকা জন হার্মারের সাক্ষাৎকার নেওয়ার মধ্য দিয়ে জাতীয় দলের হেড কোচ নিয়োগের যে প্রক্রিয়া শুরু করেছে বিসিবি, তা শেষ হতে দেরি হবে অনেক। কারণ তালিকার অন্য দুই সদস্য জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ডেভিড হটন এবং অস্ট্রেলিয়ান দলের সহকারী কোচ জেমি সিডন্স সহসাই সাক্ষাৎকার দিতে আসতে পারছেন না। কবে আসতে পারবেন, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না বিসিবির কোচ নির্বাচন প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ লিপুও। অবশ্য ওই দুজনের জন্য অপেক্ষায় থাকার পাশাপাশি বিকল্পের সন্ধানেও নেমেছেন তিনি।
জন হার্মারের সাক্ষাৎকার নেওয়ার পর জানানো হয়েছিল, ১০ সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে চলে আসতে পারেন ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ারের সাবেক কোচ হটন। কিন্তু এখন সেপ্টেম্বর মাসেই আসতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ের কথা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানালেন লিপু, "হটন ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করেছেন, এটা তো আপনারা সবাই জানেন। শুনেছিলাম এ মাসের প্রথম দিকেই তা পেয়ে যেতে পারেন। কিন্তু ব্রিটিশ পাসপোর্ট এখনো তার হাতে আসেনি। যোগাযোগ করে জেনেছি, আসতে আসতে পেরিয়ে যেতে পারে সেপ্টেম্বরই। পাসপোর্ট হাতে পেলেই আসার দিন-তারিখ জানাতে পারবেন হটন।"
তাও ভালো, সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করে হটনের আসার দিনক্ষণ জানার একটা সম্ভাবনা আছে। জেমি সিডন্সের ক্ষেত্রে তাও নেই। এখন তিনি টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া অস্ট্রেলিয়া দলের সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকায়। প্রথমে শোনা গিয়েছিল এই আসর শেষেই আসবেন বিসিবির পছন্দের শীর্ষে থাকা এই অস্ট্রেলিয়ান। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করে সেব্যাপারেও লিপু খুব একটা আশ্বস্ত হতে পেরেছেন বলে মনে হলো না, "তার সঙ্গে আমার ই-মেইলে যোগাযোগ হয়। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের পর আবার অস্ট্রেলিয়ার ভারত সফর আছে। এর মাঝখানে সাক্ষাৎকার দিতে আসার সময় বের করা বোধহয় কঠিনই হবে তার জন্য।"
তাই বলে হটন-সিডন্সের জন্যই শুধু বসে থাকছেন না লিপু। আরো অনেকের কথাই বিবেচনা করা হচ্ছে। এবং তাদের টেলিফোন নাম্বার ও ই-মেইল ঠিকানাও জোগাড় করা হয়ে গেছে। ভিক্টোরিয়ার কোচ গ্রেগ শিপার্ড, টেরি অলিভারের পাশাপাশি নিউজিল্যান্ডের সাবেক কোচ স্টিভ রিক্সনের নামও এসেছে আলোচনায়। কিন্তু বিসিবি আবার জাতীয় দলের হেড কোচ হিসেবে এমন কাউকে আনতে চায় না যিনি কিনা সেচ্ছাচারিতার অভিযোগে দুষ্ট। খোঁজখবরে তার 'একরোখা' স্বভাবের কথা বিসিবি জেনে যাওয়ায় লড়াই থেকে কিছুটা পিছিয়েই পড়েছেন রিক্সন। আবার বয়সটা পঞ্চাশের নীচে হওয়ায় এবং নিজের প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতার সুনাম থাকায় শর্ট লিস্টের বাইরের তালিকায় গ্রেগ শিপার্ডই সবচেয়ে এগিয়ে আছেন বলে জানা গেছে।
অবশ্য বিসিবি তাদের যথেষ্ট যাচাই-বাছাই করে তবেই যোগাযোগ করতে চায়। সেজন্য আপাতত তারা দ্বারস্থ হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডেভলপমেন্ট ম্যানেজার রস টার্নারের। যিনি এখন লেভেল ওয়ান কোচিং কোর্স করাতে অবস্থান করছেন ঢাকায়। অন্যান্যদের ব্যাপারে টার্নারের পরামর্শ চাইবে বিসিবি। পাশাপাশি টার্নার কারো নাম প্রস্তাব করলে সেটাও গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০১ঘ.
bdnews24