ঢাকা, ২৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- একটা সময় ছিল যখন বড়ো দলের সঙ্গে খেলার সুযোগ কালেভদ্রেই পেত বাংলাদেশ। আর বড়ো দলের নামী তারকার নামের ভারে নুয়ে পড়ার ঘটনাই বেশি ঘটতো। কেউ কেউ অবশ্য ছিলেন উজ্জ্বল ব্যতিক্রম। তাদেরই একজন রফিকুল আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক। ইমরান খান, আব্দুল কাদির ও এডো ব্র্যান্ডেজদের বলেও তিনি ছিলেন সাহসী-মারমুখী,অবলীলায় স্ট্রোক খেলতেন তিনি। ১৯৮৮ সালে ইমরান খানের নেতৃত্বে ঢাকা সফর করতে আসা ওমর কোরেশি দলের বিপক্ষে একটা ওয়ানডেতে তিনি করেছিলেন স্ট্রোকঝলমল ৮১, যখন ইমরান-কাদির-আকরামদের বিরুদ্ধে ২০-২৫ রানও বাংলাদেশের ব্যাটসম্যানদেও কাছে খুব সম্মানজক রান বলে গন্য হতো।
এমনিতে তার ক্রিকেট মেধা, প্রজ্ঞা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু ২০০৭ এ বাংলাদেশ যখন টেস্ট ক্রিকেটে কোমর সোজা করে দাঁড়ানোর জন্য লড়ছে, তখন প্রধান নির্বাচক টেস্ট ক্রিকেটারই নন। আবার তার নেতৃত্বাধীন কমিটির অন্য দুই সদস্য টেস্ট খেলেছেন। পুরনো আমলের ক্রিকেটার রফিকুলের জন্য তাই আধূনিক ক্রিকেটের টাল সামলানো কঠিন কিনা? এমন প্রশ্নে সায় দিলেন বটে। তবে অন্য দুই সহকর্মীর কাঁধে ভর দিয়ে উত্তরণের পথও খোলা দেখছেন তিনি, "১০ মার্কের মধ্যে আমাকে যদি ৯ দেন, তাহলে বলবো ১ মার্কের ঘাটতি পুষিয়ে নেওয়ার মতো লোক এই কমিটিতে আছেন। আকরাম ও দুর্জয়, দুজনেই কিংবদন্তী ক্রিকেটার। তাদের অভিজ্ঞতা জানার সুযোগ তো আমার থাকবেই। আমার সঙ্গে আছে বলে ওরা ভাগ্যবান, এমন কথা না বলে বরং আমি বলতে চাই ওদের সঙ্গে থাকতে পারাটাই আমার সৌভাগ্য।"
নির্বাচকের দায়িত্ব অবশ্য তার জন্য নতুন নয়। ১৯৯৬ সালে লুৎফর রহমান মাখনের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সদস্য ছিলেন। এরপর ১৯৯৭ থেকে ৯৮'র মাঝামাঝি পর্যন্ত জুনিয়র নির্বাচক কমিটিতেও ছিলেন। পরের ১০ বছরে ক্রিকেটে যেমন পরিবর্তনের জোয়ার লেগেছে, তেমনি নির্বাচকের দায়িত্বেও এসেছে পেশাদারিত্ব। মঙ্গলবার রাতে ধানমন্ডি চার নাম্বার মাঠে তাকে ছেঁকে ধরা একাধিক টিভি চ্যানেলের সাক্ষাৎকারের দাবি মেটাতে মেটাতেই বুঝলেন পরিবর্তনের ব্যাপকতা,"কোনো একটা ভুল হয়ে গেলে কিংবা দল ব্যর্থ হলে এরাই কৈফিয়ত চাইতে আসবেন। কাজেই দল গড়ার কঠিন কাজের সঙ্গে এসবকে যোগ করলে এখন দায়িত্ব পালন ভীষণ চ্যালেঞ্জিং।"
তার টার্গেট, "২০১১ সালের বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশকে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক দল হিসেবে গড়ে তোলা। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটেও সমীহ জাগানো দল বানানো।" সেটা বানানোর জন্য অবকাঠামো পরিবর্তনে জোর দিচ্ছেন বাংলাদেশের সবচেয়ে কম বয়সী নির্বাচক হিসেবে নিয়োগ পাওয়া নাঈমুর রহমান, "গত জাতীয় লিগের সেরা পাঁচ বোলার ও ব্যাটসম্যান কিন্তু জাতীয় দলে জায়গা পায়নি। এখানে নির্বাচকদের দোষ দেওয়ার আগে দেখতে হবে কোন মানের খেলা হয় জাতীয় লিগে। এর চেয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগেই বরং প্রতিদ্বন্দ্বিতার আমেজ থাকে বেশি। তাই বোর্ডের কাছে আমার অনুরোধ থাকবে এই ধারায় যেন পরিবর্তন আসে। তাহলে আমাদেরও কাজের সুবিধা।"
নির্বাচকদের কাজের বি
bdnews24