ঢাকা, ১৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ফিজিক্যাল ট্রেনিং দিয়েই কোনো সফরের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয় সবসময়। এবার সেই পর্বটা মোহাম্মদ আশরাফুলরা সেরে এসেছেন সিলেটের জালালাবাদ সেনানিবাসের এসআইঅ্যান্ডটি'তে (স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে)। সোমবার মিরপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে আসল প্রস্তুতি, মানে ব্যাট-বলের প্রস্তুতি।
কমান্ডো ট্রেনিং সেরে আসার পর ক্রিকেটারদের তিনদিনের বিশ্রাম শেষ হয়েছে রোববার। সোমবার দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তাদের কোচ শন উইলিয়ামসের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। এদিন ইনডোর এবং আউটডোরে নেট প্র্যাকটিস করবে দল। তবে এবার প্রতিদিন নেট প্র্যাকটিসের রীতিতেও আসছে পরিবর্তন। মঙ্গলবার থেকে ক্রিকেটারদের ম্যাচ প্র্যাকটিসেই বুঁদ হয়ে যাওয়ার বন্দোবস্তও করে রাখা আছে।
সেদিন অস্ট্রেলিয়াগামী জাতীয় ক্রিকেট একাডেমীর সঙ্গে দুটো টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বুধবারও একাডেমী দলের সঙ্গে একটা ম্যাচ আছে। তবে সেটা ৪০ ওভারের ম্যাচ। এর আগে মাত্র একটাই টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলা বাংলাদেশ দলের প্রস্তুতির সহায়ক হতেই ২০ ওভারের দুটো ম্যাচ খেলছে একাডেমী দল। কিন্তু তারা আবার অস্ট্রেলিয়ায় গিয়ে শুরুতেই খেলবে চারটি একদিনের ম্যাচ। তাদের প্রস্তুতির কথা ভেবে জাতীয় দলকেও খেলতে হচ্ছে একদিনের ম্যাচ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.
bdnews24