করাচি, ১০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সময় বেঁধে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুক্রবারের মধ্যে চুক্তিপত্র সই করতে হবে, নয়তো আর সুযোগ দেওয়া হবে না। মোহাম্মদ ইউসুফ সম্মতি দিয়েছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত আবদুল রাজ্জাক দেননি। সুবাদেই অনিশ্চিত এক ভবিষ্যত অপেক্ষায় পাকিস্তানের এই অলরাউন্ডারের।
গত ৪ আগস্ট পিসিবি ২০ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করার জন্য ঘোষণা দেয়। সেই সঙ্গে ৬ দিন সময় দেয় চুক্তিতে সই করার। ১৬ জন চুক্তিবদ্ধ হলেও রয়ে যান ৪ জন। এদের মধ্যে মোহাম্মদ ইউনিস ও দানিশ কানেরিয়া ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলা নিয়ে ব্যস্ত থাকায় বোর্ডের কাছে সময় চেয়ে আবেদন করেন। বাকি থাকেন ইউসুফ ও রাজ্জাক। কিন্তু তাদের গড়িমসিতে গন্ধ পাওয়া যায় অন্য গল্পের। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলে সুযোগ না পাওয়ার প্রতিবাদ হিসেবেই নাকি সই করতে অনীহা দেখিয়েছেন দুজন। এর মধ্যে রাজ্জাক এক টক-শোতে এক হাত নিয়েছেন পিসিবি ও নির্বাচকদের। তবে শুক্রবার ইউসুফ জানিয়েছে তার আইনজীবি চুক্তিপত্র পরীক্ষা করে দেখছেন। তার অনুমোদন পেলেই চুক্তিতে সই করবেন তিনি। এবং পিসিবিও তার জন্য মেয়াদ আরো ক'দিন বাড়িয়ে দিয়েছে।
তবে এতটা ভাগ্যবান নাও হতে পারেন রাজ্জাক। টিভি শোতে তার কথাবার্তা বোর্ডের পছন্দ হয়নি। এক কর্মকর্তা বলেছেন, "ও যা বলেছে তাতেই বোঝা যায় নিজের ক্যারিয়ার নিয়ে তার ভাবনা অন্যরকম। আমরা বেশ কয়েকবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তার কোনো খোঁজ মেলেনি।" শোনা যায় আইসিএল যে ৭ জন পাকিস্তানী ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে, রাজ্জাক তাদের একজন।
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৫০ঘ.
bdnews24