লন্ডন, ৬ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- প্রায় দু'মাস ক্রিকেটের বাইরে ছিলেন। গোড়ালির অস্ত্রোপচারের সেই ধাক্কা সামলে অবশেষে ফিরেছেন অ্যান্ডি ফ্লিনটফ। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি বলেই ধারণা অ্যালান ডোনাল্ডের। দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার ও বর্তমানে ইংল্যান্ডের বোলিং কোচ তার দলের সেরা অলরাউন্ডারকে পরামর্শ দিয়েছেন অ্যাকশনে পরিবর্তন আনতে। নয়তো ভবিষ্যতে ইনজুরি আরো ভোগাতে পারে ফ্লিনটফকে।
শনিবার গ্লস্টারশায়ারের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে বল করেছেন ফ্লিনটফ। তার ফিটনেস যাচাই করতে দর্শক সারিতে ছিলেন ডোনাল্ড। বলেছেন, "আমি মাঠেই গিয়েছি ফ্রেডিকে দেখতে, ওর বোলিংয়ের সময়টা দুরবীন তাক করে ছিলাম। (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ওল্ড ট্রাফোর্ড টেস্টের সময় ক্রাচে ভর করে সে জানতে চেয়েছিল ওর সামনের পা (যে পায়ে ভর দেয় বোলার) সোজা করা নিয়ে কিছু করতে হবে কি না। এটা এমন একটা সমস্যা যা ভবিষ্যতেও বারবার ফিরে আসতে পারে।"
ফ্লিনটফের সমস্যার বিষদ ব্যাখ্যাও দিয়েছেন ডোনাল্ড, "ওর সামনের পা (বাম পা) ভেতরের দিকে বেকিয়ে থাকে। এরপর সে সেটাকে মুচড়ে সোজা করে হাত থেকে বল ছাড়ে। এতে ওর পায়ের পেশী এবং হাড়ের মধ্যে প্রতিঘাত হয়। দীর্ঘমেয়াদি উদ্বেগের কারণ হতে পারে তা। এখন এটা এমন একটা সমস্যা যে হুট করে আমি বদলাতে পারব না, এটা করতে হবে মৌসুম শেষে। এখন কি করতে হবে সে সিদ্ধান্ত নেবে ফ্রেডি। শনিবারের ম্যাচে সে অ্যাকশনে বদল আনেনি।" যোগ করেছেন, "এ মুহূর্তে সে খেলায় ফিরতে পেরেই খুশি, বল করছে তুমুল গতিতে। নির্বাচকরা এবং কোচ পিটার মুরস ওর বোলিংয়ে খুশি এবং ওয়ানডেতে প্রতিপক্ষের সঙ্গে ব্যবধান গড়ে দেবে সে।"
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৬৩৬ঘ.
bdnews24