২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় সারাদিনই বৃষ্টি, তবু বাংলাদেশের ৪ উইকেট নেই

সকালে ১২ ওভার খেলা হতেই তুমুল বৃষ্টি। লাঞ্চ এগিয়ে আনা হলো। এরপর আরো ৬ ওভার। এবং বৃষ্টি আবারও। সাকুল্যে ২৯ ওভার খেলা হয়েছে ক্যান্ডি টেস্টের প্রথম দিন। তারপর কালোমেঘে আকাশ ঢেকে অন্ধকার করে দিয়েছে মাঠকে। আম্পায়াররা বাধ্য হয়ে আগেভাগেই দিনের খেলার শেষ ঘোষণা করে দিয়েছেন। এই ২৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৭২ রান। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ব্যাট করছেন ৪ রান নিয়ে, তার সঙ্গী তুষার ইমরান অপরাজিত ৬ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 05:16 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ক্যান্ডি, ১১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সকালে ১২ ওভার খেলা হতেই তুমুল বৃষ্টি। লাঞ্চ এগিয়ে আনা হলো। এরপর আরো ৬ ওভার। এবং বৃষ্টি আবারও। সাকুল্যে ২৯ ওভার খেলা হয়েছে ক্যান্ডি টেস্টের প্রথম দিন। তারপর কালোমেঘে আকাশ ঢেকে অন্ধকার করে দিয়েছে মাঠকে। আম্পায়াররা বাধ্য হয়ে আগেভাগেই দিনের খেলার শেষ ঘোষণা করে দিয়েছেন। এই ২৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৭২ রান। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ব্যাট করছেন ৪ রান নিয়ে, তার সঙ্গী তুষার ইমরান অপরাজিত ৬ রানে। সকালে টানা তৃতীয়বারের মতো টস জিতে ফিল্ডিং নিতে এবারও ভাবেননি মাহেলা জয়াবর্ধনে। সিরিজে বাংলাদেশের প্রথম ইনিংসের দৈন্যদশা যতটা প্রভাবিত করেছে শ্রীলঙ্কা অধিনায়ককে, তার চেয়ে বেশি করেছে ক্যান্ডির সবুজ উইকেট। আর তার প্রমাণ পেতে দেরি হয়নি বাংলাদেশের। ম্যাচের তৃতীয় ওভারেই জাভেদ ওমর (৮) ফিরে গেছেন সাজঘরে। দলীয় ১০ রানের মাথায় লাসিথ মালিঙ্গার বলে এলবিডব্লু হয়েছেন এই ওপেনার। এরপর হাল ধরেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফীসকে সঙ্গী করে ৪০ রানের জুটি গড়েন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়েছে তার ১৮ রানের ইনিংসটি। ফারভিজ মাহারুফের একটি ইনসুইঙ্গার তার ব্যাট-গ্লাভস না ছুঁলেও, উইকেট কিপার প্রসন্ন জয়াবর্ধনের আপিলে আঙুল তুলে দেন আম্পায়ার সুরেশ শাস্ত্রী। হতে পারে ক্যান্ডির উইকেট ঐতিহ্যগতভাবেই সিমারদের স্বর্গ। কিন্তু একই সঙ্গে তা মুত্তিয়া মুরালিধরনের হোম গ্রাউন্ডও। বিশ্বসেরা বলে স্বীকৃত এই অফ স্পিনার যেখানে কাঁচের ওপর বল ঘোরাতে পারেন বলে ক্রিকেট মিথের জন্ম দিয়েছেন, সেখান ঘাস কোন ছাড়! আর সেটারই প্রমাণ রেখেছেন ৩ রানের মধ্যে রাজিন সালেহ ও শাহরিয়ার নাফীসের উইকেট দুটো তুলে নিয়ে। চা বিরতির পর খেলা শুরু হতেই মুরালিধরনের আঘাত। মাহেলা জয়াবর্ধনের হাতে ক্যাচ দিয়েছেন রাজিন সালেহ। ২৯ বল খেলেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। শাহরিয়ার নাফীস দারুণ খেলছিলেন। কিন্তু মুরালিকে তুলে মারতে গিয়ে সুজীবা ডি সিলভার তালুবন্দী হয়েছেন বাঁহাতি এই ওপেনার। এ ম্যাচে বাংলাদেশ দলে দুটো পরিবর্তন হয়েছে। মেহরাব হোসেন জুনিয়রের জায়গায় খেলছেন তুষার ইমরান। সৈয়দ রাসেল এসেছেন মোহাম্মদ শরীফের বদলে। শ্রীলঙ্কা দলেও পরিবর্তন হয়েছে ৩টি। চামিন্ডা ভাসের জায়গা নিয়েছেন বাঁহাতি সিমার সুজীবা ডি সিলভা। ফারভিজ মাহারুফ খেলবেন দিলহারা ফার্নান্দোর বদলে। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার উপুল থারাঙ্গা। মালিন্দা ওয়ার্নাপুরার জায়গায় খেলছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮১০ঘ.