ঢাকা, ৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আগেই তিন জনের একটা সংক্ষিপ্ত তালিকা করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে জেমি সিডন্স ছাড়াও আরেক অস্ট্রেলিয়ান জন হার্মারের সঙ্গী জিম্বাবুয়ের ডেভ হটনও। এর বাইরেও অনেকে বাংলাদেশের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করে বায়োডাটা পাঠিয়েছিলেন বিসিবিতে। তাদের মধ্যে কাউকে সাক্ষাৎকারের জন্য ডাকা যায় কিনা, সেই সিদ্ধান্ত নিতেই সোমবার সন্ধ্যায় সভায় বসেছিল বিসিবির কোচ নির্বাচন কমিটি।
যাচাই-বাছাইয়ের পর অবশ্য সংক্ষিপ্ত তালিকার তিন জনের ভেতর থেকেই বাংলাদেশ দলের নতুন কোচ বেছে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বিসিবির সাধারণ সম্পাদক মাহবুব আনাম জানিয়েছেন এমনই। তবে এই সপ্তাহের মধ্যেই বিসিবির তালিকাভুক্তদের বাংলাদেশে সাক্ষাতকার দিতে আসার কথা থাকলেও তারা এখনই আসতে পারছেন না। তাই বাংলাদেশের কোচ নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে গেছে আরো এক দফা।
পিছিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মাহবুব বলছেন,"তারা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। সেখান থেকে ছুটি-ছাটার বন্দোবস্ত করেই আসতে পারবেন। তারা কখন সময় দিতে পারবেন, আশা করছি ১৫ তারিখের ভেতরই তা জানা যাবে। এরপর সেই অনুযায়ী তাদের জন্য টিকেটের ব্যবস্থা করতে হবে। তিনজনই আসবেন। তবে একই সময়ে নয়। তারা এসে তাদের প্রেজেন্টেশন দেবেন। এরপর বোর্ড সিদ্ধান্ত নেবে।" সংক্ষিপ্ত তালিকার তিন জনের সঙ্গে এর মধ্যে বিস্তারিত আলাপ হয়ে গেছে বলেও জানিয়েছেন মাহবুব,"চুক্তিটা কী রকম হবে, তাদের সঙ্গে এমনকি এটা নিয়েও আলাপ করেছি আমরা। বিস্তারিত অনেক কথাই হয়েছে।"
এদিকে জিম্বাবুয়ের প্রথম টেস্ট অধিনায়ক ডেভ হটন ইংলিশ কাউন্টি ডার্বিশায়ারের দায়িত্ব ছেড়ে দিতে যাচ্ছেন। এবং 'দি ডেইলি টেলিগ্রাফ' তাদের প্রতিবেদনে লিখেছে,"হটনের সঙ্গে বাংলাদেশের কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। কয়েকদিনের ভেতরই ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।" এ প্রসঙ্গে মাহবুবের ভাষ্য,"বললাম না, ওই তিনজনের সঙ্গে এমনকি চুক্তির ধারা নিয়েও কথা হয়েছে আমাদের। তাহলে তো কথাবার্তা অনেক দূর এগিয়েছে বলাই যায়।" এরকম এগিয়েছে বিসিবির তালিকায় থাকা অন্য দুজনের সঙ্গেও। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি নেবে তারা ঢাকায় এসে প্রেজেন্টেশন দেওয়ার পরই। অবশ্য ওই তিন জনকে এক, দুই এবং তিন
bdnews24