কলম্বো, ৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- প্রথম ইনিংসের সঙ্গে এক পাল্লায় তোলা যাবে না বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং। কখনোই দুটোয় কোনো ভারসাম্য থাকে না। সেই অভিষেক টেস্টে ৪০০ রানের বিপরীতে ৯১ রানে গুড়িয়ে যাওয়া। এবং ৪৮তম টেস্টে এসেও একই ছবি। ৬২ রানে টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিু স্কোর। আর তার পর দ্বিতীয় ইনিংসে ২৯৯। ফলাফল বদলায়নি যদিও। শ্রীলঙ্কার বিপক্ষে লক্ষা সিরিজের দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ যথারীতি ইনিংস ব্যবধানে হেরেছে। তবে ব্যবধানটা আগের বারের চেয়ে কম। ইনিংস ও ৯০ রান। তৃতীয় দিনের মধ্যে এ নিয়ে ১৫টি টেস্ট হারল বাংলাদেশ।
এটাও হতো না যদি না মোহাম্মদ আশরাফুল কথা রাখতেন। যদি না পাশে পেতেন তুমুল প্রত্যয়ী মুশফিকুর রহিমকে। দু সেশনেরও বেশি সময় ব্যাট করে দুজনে মিলে রেকর্ড ১৯১ রানের জুটি গড়েছেন। যে কোনো উইকেট জুটিতে এর আগে বাংলাদেশের রেকর্ড ছিল ১৮৭ রানের। গত বছর এপ্রিলে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হাবিবুল বাশার ও শাহরিয়ার নাফীস দ্বিতীয় উইকেট জুটিতে তুলেছিলেন তা।
ক্যাপ্টেনস নক যাকে বলে ঠিক তাই খেলেছেন আশরাফুল দুর্দান্ত এক সেঞ্চুরি করে। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ১২৯ রানে। ৮০ রান করে মুত্তিয়া মুরালিধরনের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরেছেন মুশফিক। বাংলাদেশের পতনও প্রায় সাথে সাথেই। নতুন বল হাতে নিয়েই চামিন্ডা ভাস পরপর দু বলে আউট করেছেন মোহাম্মদ শরীফ (২) ও মাশরাফি বিন মুর্তজাকে। মোহাম্মদ রফিক এসে বেশিক্ষণ টেকেননি। ৩ রান করে রানআউট হয়ে গেছেন অধিনায়ককে নিঃসঙ্গ করে। রান আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান শাহাদত হোসেইনও। তার রান ২।
তৃতীয় দিনটা ভালো ব্যাটিংয়ের প্রত্যয় শুনিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। দিনের চতুর্থ ওভারেই হাবিবুল বাশারের (১২) ফিরে যাওয়া তাতে খানিকটা বাদ সেধেছে। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সরে আসেননি তার প্রতিজ্ঞা থেকে। চা বিরতির ঠিক আগে আশরাফুল তার চতুর্থ সেঞ্চুরিটি তুলে নিয়েছেন।
শুরু থেকেই ধৈর্য্য ও সংযমের প্রতিমূর্তি ছিলেন আশরাফুল। ৯৮ বলে ফিফটি করেছেন। চতুর্থ টেস্ট সেঞ্চুরিটি করতে বল খেলেছেন ১৮৪টি। তাতে চারের মার ছিল ১৫টি। শ্রীলঙ্কার মাটিতে অভিষেকেই সেঞ্চুরি করার পর একই প্রতিপক্ষের বিপক্ষে এটি তার তৃতীয় শতক।
৬ষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের আগের রেকর্ড ছিল ৯৭ রানের। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সে ম্যাচে আশরাফুলের সঙ্গী ছিলেন আরেক মুশফিক, মুশফিকুর রহমান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭১০ঘ.
bdnews24