কলম্বো, ২৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- তৃতীয় দিন শেষে যেখানে স্কোর ছিল ৫ উইকেটে ২৩৩ চতুর্থ দিন সকালে সেই বাংলাদেশই ২৫৪ রানে অলআউট। বৃহস্পতিবার জয়ের আনুষ্ঠানিকতা শেষ করতে শ্রীলঙ্কার বোলারদের ঘাম ঝরাতে হলো মাত্র ৪ দশমিক ৪ ওভার। ঠিক যেন প্রথম দিনের ব্যাটিংয়ের প্রতিচ্ছবি। তবে তারপরও হতাশায় ভেঙ্গে পড়েননি মোহাম্মদ আশরাফুল। অধিনায়ক হিসাবে তার প্রথম টেস্টে বাংলাদেশ এক ইনিংস ও ২৩৪ রানের লজ্জায় ডুবলেও এই টেস্টে কিছু ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন তিনি।
"আমরা বেশ কিছু দিন টেস্ট ক্রিকেট খেলিনি। প্রথম ইনিংসে ভালো করতে না পারার সেটাই অন্যতম কারণ"--- ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এভাবেই প্রথম ইনিংসে ৮৯ রানে অলআউট হওয়ার কারণ ব্যাখ্যা করলেন বাংলাদেশ অধিনায়ক। তবে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং কিছুটা হলেও স্বস্তি দিয়েছে প্রায় ছয় বছর আগে এই সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠেই সব চেয়ে কমবয়সী ব্যাটসম্যান হিসাবে টেস্ট সেঞ্চুরি করা আশরাফুলকে,"দ্বিতীয় ইনিংসে অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি আমরা। এই ইনিংস প্রমাণ করেছে যে মনসংযোগ ভালো হলে আমাদের পক্ষে ভালো বোলারদের খেলাও সম্ভব।" দ্বিতীয় ইনিংসের পারফরম্যান্স যে সিরিজের বাকি দিনগুলোতে দলকে অনুপ্রাণিত করবে, জানালেন সে কথাও,"এই ইনিংসের বেশিরভাগ সময় ম্যাচপরিকল্পনার দিকে মনযোগ ছিল আমাদের। সেটা বেশ কাজেও এসেছে। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে এটা আমাদের আত্মবিশ্বাসী করে তুলবেই। আমাদের লক্ষ্য হলো প্রত্যেক টেস্টে একটু একটু করে ভালো খেলা নিশ্চিত করা।"
প্রায় তিন দিনের মধ্যে বিশাল ব্যবধানে জিতেও কিন্তু মাহেলা জয়াবর্ধনের কণ্ঠে প্রায় আশরাফুলের কথারই প্রতিধ্বনি। সহজ জয় পেয়ে শ্রীলঙ্কার অধিনায়ক খুশি, তবে আরো ভালো করার লক্ষ্য নির্ধারণ করে তিনি জানালেন,"ব্যাটিংয়ে প্রায় প্রত্যেকেই ভালো করেছে। কঠিন কন্ডিশনে বোলাররাও কখনো হাল ছেড়ে দেয়নি। তারা আক্রমণাত্মক বোলিং করে একের পর এক সুযোগ সৃষ্টি করেছে। সব মিলিয়ে দারুণ পারফরম্যান্স ছিল আমাদের। তবে কিছু কিছু জায়গায় আমরা আরো উন্নতি করতে সক্ষম। তিনটি বিভাগেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের। ফিল্ডিং দুর্দান্ত হলেও আমরা কয়েকটা ক্যাচ ছেড়েছি। এটা নিয়েও কাজ করতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/১৭২৭ ঘ.
bdnews24