২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিস গেইলকে নিয়ে ঝামেলায় ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ড সফরে ওয়ানডে অধিনায়ক কে হবেন তা নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ইনজুরিতে পড়ে রামনরেশ সারওয়ান দেশে ফিরে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডাব্লুআইসিবি) চেয়েছিল ড্যারেন গঙ্গাকে অধিনায়ক করতে। কিন্তু নির্বাচকরা ক্রিস গেইলের কাঁধে অধিনায়কের দায়িত্ব দিতে দৃঢ় প্রতিজ্ঞ। সেজন্য এমনকি পদত্যাগের হুমকি পর্যন্ত দিয়েছিলেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 04:24 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ব্রিজটাউন, ২৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংল্যান্ড সফরে ওয়ানডে অধিনায়ক কে হবেন তা নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ইনজুরিতে পড়ে রামনরেশ সারওয়ান দেশে ফিরে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডাব্লুআইসিবি) চেয়েছিল ড্যারেন গঙ্গাকে অধিনায়ক করতে। কিন্তু নির্বাচকরা ক্রিস গেইলের কাঁধে অধিনায়কের দায়িত্ব দিতে দৃঢ় প্রতিজ্ঞ। সেজন্য এমনকি পদত্যাগের হুমকি পর্যন্ত দিয়েছিলেন তারা। এ নিয়ে বিরক্ত গেইল বোর্ডের তীব্র সমালোচনাও করেছিলেন দিন কয়েক দিন আগে। বোর্ডও চুপচাপ বসে থাকেনি। তারা গেইলের কাছে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনার দাবী করেছিল। তবে গেইল জানিয়ে দিয়েছেন তিনি কিছুতেই ক্ষমা চাইবেন না বোর্ডের কাছে! ওয়ানডে অধিনায়কত্বের ব্যাপারে হস্তক্ষেপ করায় শুধু বোর্ডেরই নয়, ম্যানেজার মাইক ফিন্ডলেরও কড়া সমালোচনা করেছিলেন গেইল। কারণ ইংল্যান্ড সফরের শুরুতে দলের ওপরে 'কার্ফ্যু' জারি করে খেলোয়াড়দের রাত ১১টার মধ্যে শুয়ে পড়তে বাধ্য করেছিলেন ফিন্ডলে। এর পর শুরু হল অধিনায়কত্ব নিয়ে ঝঞ্ঝাট। সোমবার ডাব্লুআইসিবি প্রেসিডেন্ট কেন গর্ডন ও ফিন্ডলে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিলেও তা কিছুতেই মেনে নেননি গেইল। বাঁহাতি ওপেনারের এই 'ধৃষ্টতা'য় ক্ষুব্ধ ডাব্লুআইসিবি এক বিবৃতিতে জানিয়েছে,"দুর্ভাগ্যজনক ও অবিবেচনাপ্রসূত বিবৃতির জন্য ডাব্লুআইসিবি মিস্টার গেইলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার অনুরোধ করেছিল। অনুরোধটা বিবেচনার জন্য কিছু সময়ও দেয়া হয়েছিল তাকে। কিন্তু এর পর তিনি (ডাব্লুআইসিবি'র) প্রেসিডেন্ট ও টিম ম্যানেজারকে জানিয়ে দিয়েছেন যে ক্ষমা চাইতে প্রস্তুত নন। আশা করি তার কৃতকর্মের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারবেন মিস্টার গেইল। এবং নতুন কোনো বিবৃতি দেয়া কিংবা অগ্রহণযোগ্য আচরণ করা এড়িয়ে চলবেন। নইলে ডাব্লুআইসিবি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।" ডাব্লুআইসিবি জানিয়েছে ইংল্যান্ড সফর শেষে আলোচনা করা হবে এই ইস্যু নিয়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২২২৩ ঘ.