ঢাকা, ১৪ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----গ্রাহাম ফোর্ড যেভাবে মুখ ফিরিয়েছেন, তাতে হতভম্ব হওয়াই স্বাভাবিক। হতভম্ব হয়েছেও ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেটের নতুন কোচ হিসেবে নাম ঘোষনার পর ফোর্ডের এভাবে অস্বীকৃতি জানানো একটা বড় ধাক্কা হয়েছে এসেছে তাদের কাছে। ব্যাপারটা স্বীকার করেছেন বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ। বুধবার ভারতের "দ্য হিন্দু" পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে বিস্ময় প্রকাশ করে তিনি বলেছেন যে, ফোর্ডের এমন কোনো দাবি ছিল না যেটা পূরণ করা হয়নি। তারপরও এভাবে ঘুরে যাওয়ার কারণটা তাই তারা একেবারেই বুঝতে পারছেন না।
শাহ'র ভাষায়, "এটুকু বলতে পারি যে তার কোনো দাবি দাওয়া ছিল না। পছন্দের লোক নিয়োগের জন্য শর্ত দেননি, কিংবা চাপাচাপি করেননি দু'বছরের চুক্তির জন্য। বরং যা পেয়েছেন তাতেই খুশী বলে মনে হয়েছিল তাকে। আমরা খুবই হতাশ। তার কোনো সমস্যা থাকলে, সেটা এখানে আসার আগেই ভাবা উচিত ছিল।"
ইংল্যান্ড সফর শেষে ভারতের নতুন কোচের সন্ধান নতুন করে শুরু হবে--- এমনই বলেছিলেন আগে। কিন্তু সাক্ষাতকারে অন্য কথা বলেছেন নিরঞ্জন শাহ। জানিয়েছেন সপ্তাহখানেকের মধ্যে কোচের খোঁজে নামবে বিসিসিআই। এজন্য সাত সদস্যের আগের কমিটিকেই রাখা হবে। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আগেই ভারতীয় দলে দেখা যাবে নতুন কোচ, আশা করছেন তিনি। বলেছেন, "নতুন কোচ খুঁজতে এখনও আশি দিনের ওপর সময় আছে আমাদের হাতে। এক সপ্তাহের মধ্যেই আমাদের কাজে নামতে হবে। কোচ নির্বাচনের কমিটিতেও কোনো রদবদল হচ্ছে না।"
বিসিসিআই "খোলা মন" নিয়ে নির্বাচনে নামবে এবং ভারতীয় কোচদেরও উপেক্ষা করা হবে না বলে জানিয়েছেন নিরঞ্জন শাহ। বোলিং কোচ ভেংকটেশ প্রসাদ ও ফিল্ডিং কোচ রবিন সিংয়ের কাজে খুশী হয়েই তাদের সঙ্গে চুক্তির সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ম্যানেজার চান্দু বোর্দের সক্ষমতা নিয়েও কোনো সংশয় তার নেই, "হতে পারে বয়স ৭২, কিন্তু বোর্দে এখনও যথেষ্ট শক্তপোক্ত মানুষ। মানসিকভাবে যথেষ্ট সজাগ, খেলাটার ব্যাপারেও তার অগাধ জ্ঞান।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ওআরপি/১৭৩২ঘ.
bdnews24