ঢাকা, ১২ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম) --- ধর্ম কর্মে মনোযোগী হওয়ার আগে তাকে কখনোই আমুদে লোক বলে মনে হত না। বরং মোহাম্মদ ইউসুফকে নিজের মাঝে ডুবে থাকা লোক বলেই ভুল হতো। আফ্রো---এশিয়া কাপে খেলে এসে ইউসুফ সম্পর্কে ভুল ধারণা ভাঙ্গালেন মাশরাফি বিন মর্তুজা। এশিয়া একাদশের হয়ে খেলার সময় একই ড্রেসিং রুমে সময় কেটেছে তাদের। তখন দেখেছেন, ভীষণ মজা করে সতীর্থদের মাতিয়ে রাখছেন পাকিস্তান দলের ব্যাটিং মেরুদন্ড ইউসুফ। তাই তার সঙ্গটা দারুণ উপভোগ করেছেন বলেই জানালেন আগেরদিন দেশে ফিরে মঙ্গলবার বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের প্র্যাকটিসে যোগ দেওয়া মাশরাফি। এশিয়া একাদশের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে অবশ্য একটু 'অন্তর্মুখী' বলেই মনে হয়েছে বাংলাদেশের নতুন সহ --- অধিনায়কের।
তবে তার জন্য উপভোগের বিষয় ছিল আরো একটা। ভারতকে এ পর্যন্ত দুবার হারিয়েছে বাংলাদেশ। এবং দুবারই ম্যান অফ দি ম্যাচ মাশরাফি। এর সঙ্গে বিশ্বকাপের পারফরম্যান্স যোগ হওয়ায় এবার আফ্রো---এশিয়া কাপের সময় সতীর্থদের কাছ থেকে বাড়তি মর্যাদাই পেয়ে এসেছেন,"আমাকে নিয়ে তাদের সবারই কম বেশী কৌতূহল ছিল। তাছাড়া এবার তাদের শ্রদ্ধার দৃষ্টিটাও নজরে পড়েছে। এটা দারুণ উপভোগ করেছি।" দুই ম্যাচে মাশরাফিকে অবশ্য সেভাবে খুঁজে পাওয়া যায়নি। তবে বাংলাদেশ দলের মূল স্ট্রাইক বোলার ঝলসে উঠতে না পারার কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন এটিকে,"আসলে আমি সবসময় নতুন বলেই বল করে থাকি। কিন্তু সেখানে আমাকে ওয়ান চেঞ্জে বল করতে হয়েছে। যেটাতে আমি খুব একটা অভ্যস্ত নই।" অবশ্য এটাও বলে দিচ্ছেন, "আর যাই হোক, ম্যাচ প্র্যাকটিসটা কিন্তু হয়েছে।"
মঙ্গলবার দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিয়ে ইনডোরে ঘামও ঝরিয়েছেন। এখন তার দৃষ্টি শ্রীলঙ্কা সফরের দিকে। সেখানে তিনি বাংলাদেশ দলের উন্নতির গ্রাফটা উর্ধ্বমুখী দেখতে চাইছেন, "আমাদের এর আগের শ্রীলঙ্কা সফরগুলো কিন্তু ভালো যায়নি। সেজন্যই এবার ভালো করার তাগিদটা বেশি। তবে আমরা এটাও বলে আসছি যে, বাংলাদেশ উন্নতি করেছে। আমি বলবো উন্নতি করেছি, এটা প্রমাণ করার জন্য এবার শ্রীলঙ্কাতে ভালো করতেই হবে।"
তার দৃঢ় বিশ্বাস ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো কিছু ঘটিয়ে ফেলা সম্ভব। কিন্তু টেস্টে? এখানে মাশরাফি নিজেদের এখনো 'অনেক দূরেই' দেখতে পাচ্ছেন। তবু তার ইচ্ছা,"শ্রীলঙ্কাতে অন্তত একটা টেস্টকে আমরা পঞ্চম দিনে নিয়ে যেতে চাই।" সেজন্য বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের কাছে একটা দাবিও থাকছে তার,"টেস্ট পাঁচ দিনে নিয়ে যেতে পারাটাকেই আমি অনেক বড় অর্জন বলবো। কিন্তু সেটা তো শুধু বোলাররা নিয়ে যেতে পারবে না। সেজন্য ব্যাটসম্যানদের অবশ্যই রান করতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১১১ ঘ.
bdnews24