সিডনি, ৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অ্যাশেজের পর বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকে, আর বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে। তবে ক্রিকেট থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে রাখা বোধ হয় সম্ভব নয় গ্লেন ম্যাকগ্রার পক্ষে। অস্ট্রেলিয়ার 'সিডনি মর্নিং হেরাল্ড' পত্রিকার খবর অনুযায়ী সর্বকালের অন্যতম সেরা পেসার তার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের কোচ হতে যাচ্ছেন! নিউ সাউথ ওয়েলস দলের প্রধান নির্বাহী ডেভ গিলবার্ট এই তথ্য জানিয়েছেন পত্রিকাটিকে।
গত বছর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচ অ্যান্থনি স্টুয়ার্ট। আর তাই এই রাজ্য দলের বোলিং কোচ হওয়ার সম্ভাবনাই বেশি ম্যাকগ্রার। ঠিক কী হিসাবে ম্যাকগ্রাকে চাচ্ছেন সেটা অবশ্য পরিস্খার করেননি গিলবার্ট। শুধু জানিয়েছেন, এবারের বিশ্বকাপে ২৬টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক শিরোপা জয়ে বিশাল অবদান রাখা ম্যাকগ্রাকে পেতে তারা ভীষণ আগ্রহী,"অবসরের পর তাকে (ম্যাকগ্রাকে) বিশ্রাম দেয়ার ব্যাপারটা আমাদের মাথায় আছে ভালমতোই। তবে আমরা তাকে দলে পেতেও আগ্রহী। ক্রিকেটে তার বিরাট জ্ঞান ও অভিজ্ঞতা থেকে তরুণ খেলোয়াড়রা দারুণ লাভবান হতে পারবে। এবং আমরা আশাবাদী, তিনি আমাদের দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করবেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০২০ঘ.
bdnews24