২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনেই বাংলাদেশের আশার সমাধি

ভারতের ইনিংসে চার --- চারটি  সেঞ্চুরি, হাবিবুল --- আশরাফুল --- শাহরিয়ার --- জাভেদরা কি একটাও পাবেন না? পেলে, তার সঙ্গে দু – চারটে ফিফটি যোগ হলে ....! ফলো অন এড়ানোর সহায়ক এসব হিসেব আসলে চুকেবুকে গেছে শুরুতেই। ভারতের ৩ উইকেটে রেকর্ড ৬১০ রানের (ডিক্লেয়ার্ড) জবাবে ব্যাট করতে নামার সঙ্গে সঙ্গেই টপ অর্ডারের ওই চার ব্যাটসম্যান নেই। স্কোর তখন ৪ উইকেটে ৭। সেখান থেকে যে দিন শেষে ৫ উইকেটে ৫৮ হয়েছে তাতে একটু স্বস্তির নিঃশ্বাসই ফেলা উচিৎ। বাংলাদেশকে  সে সুযোগ দিয়েছেন রাজিন সালেহ (২০), সাকিব আল হাসান (অপ. ৩০) আর ভারতীয় ফিল্ডাররা। নইলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বনিু স্কোর (৮৬, বনাম শ্রীলঙ্কা, ২০০৫) দ্বিতীয় দিনেই হয়তো হয়ে যেতো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 05:57 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

শুনতে খারাপ শোনালেও কথাটা কিন্তু ঠিক। শুক্রবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত ওয়াসিম জাফর, রাহুল দ্রাবিড়,দীনেশ কার্তিক ও তারপর শচীন টেন্ডুলকাররা যে উইকেটে হেসে --- খেলে সেঞ্চুরি করেছেন, সেখানে ১০ ওভার হওয়ার আগেই জাভেদ --- হাবিবুল --- আশরাফুল ---- নাফীসের বিদায় -- দৃশ্যও দেখতে হয়েছে। ইনিংসের প্রথম বলে খোঁচা দিতে গিয়ে জাভেদ ওমর স্লিপে কার্তিকের হাতে ক্যাচ (০/১)। জহিরের প্রথম সাফল্য। পরের ওভারে আর পি সিংকে প্রথম সাফল্য উপহার দিতে হাবিবুলও কটবিহাইন্ড (৫/২)। জহির খানের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে শাহরিয়ার নফিস বোল্ড (৭/৩)। ঠিক পরের বলে আশরাফুলও পরিস্কার এলবিডাব্লু (৭/৪), হ্যাটট্রিকের সুযোগ জহিরের সামনে। হ্যাটট্রিক ঠেকিয়েছেন সাকিব। দিনের বাকি সময়ও পার করেছেন। তবে সেটা তিনি পারতেন না জহিরের বলে একবার কার্তিক আরেকবার রুদ্রপ্রতাপ সিংয়ের বলে রমেশ পাওয়ার সহজ ক্যাচ না ফেললে।

সেক্ষেত্রে আরো ভয়ঙ্কর অবস্থা হতো বাংলাদেশের। নিজের প্রথম ওভারেই টপস্পিন দিয়ে রাজিনকে জাফরের ক্যাচ বানিয়েছেন কুম্বলে। তারপাশে সাকিবেরও বিদায় -- দৃশ্যটা থাকলে শনিবার রাতের ঘুমটা হয়তো আরো ভালো হতো দ্রাবিড়ের। সে জায়গায় একটু আফসোসই থাকবে তার মনে। ভারত অধিনায়ক ভাববেন নিশ্চয়ই, জহিরের বলে কার্তিক ক্যাচ না ফেললে রাজিন তো অনেক আগেই আউট, সাকিবেরও তো এতক্ষণ উইকেটে থাকার কথা নয়।  

দিনটা অবশ্য দারুণভাবে শুরু হয়েছিল রাহুল দ্রাবিড়ের জন্য। দিনের এক ঘন্টা হওয়ার আগেই ২৪ তম টেস্ট সেঞ্চুরি পেয়ে যাওয়ায় তার ব্যাট আরো বড় ঝড়ের হুমকি হয়ে উঠছিল। ঠিক তখনই তাকে জাভেদ ওমরের ক্যাচ বানান মোহাম্মদ রফিক। দীর্ঘ প্রতীক্ষার পর একটি উইকেট! এই স্বস্তিও দীর্ঘস্থায়ী হয়নি। আবার মাঠে ফেরার সুযোগটাকে কাজে লাগিয়ে দীনেশ কার্তিকও (১২৯) আদায় করে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। আগের দিন দুবার জীবন পাওয়া ডান হাতি এই ব্যাটসম্যান ১২৬ রানের মাথায় আবার বেঁচে যান মাশরাফির বলে পাইলট ক্যাচ ফেলে দেয়ায়। শেষ পর্যন্ত মাশরাফিই নিয়েছেন তার উইকেট, ক্যাচ নিয়েছেন হাবিবুল।

সেঞ্চুরির জন্য আদর্শ এই উইকেটে সৌরভও নিশ্চয়ই ব্যাট করছিলেন খুশির কিছু স্মৃতির আশায়। তা হয়নি। ফিফটিও না পাওয়ার যন্ত্রণা নিয়ে তাকে (১৫) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন মোহাম্মদ রফিক। ব্যস, ওই পর্যন্তই। দিনের বাকি সময়ে বাংলাদেশের বোলার --- ফিল্ডারদের জন্য মনে রাখার মতো কিচ্ছু নেই! যা ছিল তা যত শিগগির সম্ভব ভুলে যাওয়ার মতো। বিশেষ করে শেষ বিকেলে মহেন্দ্র সিং ধোনীর রফিককে এক ওভারে তিন ছক্কা মারা, সব মিলিয়ে ৫০ বলে ৪টি ছক্কা ও ৩ টি চারে তার হার না মানা ৫১ রানের ঝড়তো বাংলাদেশের বোলাররা যত তাড়াতাড়ি ভোলেন ততই মঙ্গল!

সকালে ১৫ টি চার ও ১টি ছক্কায় সাজানো চমৎকার এক ইনিংস খেলে আউট হওয়ার আগে শচীন টেন্ডুলকারের সঙ্গে ১২৭ রানের জুটি গড়ে গিয়েছিলেন দ্রাবিড়। সেই সুবাদে হয়ে যান বাংলাদেশের জন্য মর্মান্তিক এক বিশ্বরেকর্ডের অংশীদার। টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো উইকেটে স্বতন্ত্র তিনটি জুটিতে একশর বেশি করে রান এলো। ওয়াসিম জাফরের সঙ্গে ১৭৫ রান তোলার পর শুক্রবার ম্যাচের প্রথম দিনে পেশিতে টান পড়ায় মাঠ ছেড়েছিলেন দীনেশ কার্তিক। তারপর দ্রাবিড়ের সঙ্গে ১০৬ রান তুলে আউট না হয়ে মাঠ ছাড়েন জাফর। সেখান থেকে টেন্ডুলকারকে নিয়ে দলের স্কোরে আরো ১২৭ রান যোগ করেন দ্রাবিড়। কার্তিক --- টেন্ডুলকার জুটিতে এসেছে ৮৪ রান। পরে টেন্ডুলকার ---- গাঙ্গুলীর তৃতীয় উইকেট জুটিতে মাত্র ৩২ পেলেও অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে ৮৫ রান পেয়েছে ভারত। একটি ছাড়া বাকি সব জুটিই ভালো অবদান রাখায় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বড় স্কোরের রেকর্ড গড়ে ভারত।