২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারনে এক ঘণ্টা খেলা দেখায়নি বিটিভি

সরকারী আদেশে দেশে অনেক বিদেশী চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে গেছে। যার মধ্যে আছে আগামী ছয় বছরের জন্য দেশের মাটিতে সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সম্প্রচারের স্বত্ত্ব পাওয়া নিও স্পোর্টসও। কাজেই ভরসা এখন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। কিন্তু শুক্রবার সকালে টিভি খুলে হতাশ হতে হয়েছে দেশের ক্রীড়ামোদী মানুষকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 09:13 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বিটিভিতে খেলার স্কোর দেয়া হচ্ছে, কিন্তু খেলা নেই। চলছে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে সঙ্গীতানুষ্ঠান। তাই সরকারী আদেশের সঙ্গে এর একটা যোগসূত্র আবিষ্কারের চেষ্টা চলছিল সকাল থেকেই। কারণ, রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন সংস্থাটি তো নিও স্পোর্টসের ফিড ব্যবহার করেই এই সিরিজের খেলা সম্প্রচার করে আসছে!

কিন্তু বিটিভির জেনারেল ম্যানেজার শেখ রিয়াজউদ্দিন বাদশা এমন ধারণা উড়িয়েই দিলেন,“না, এমন কিছুই ঘটেনি। আসলে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালার কারণেই আমাদের সম্প্রচারে যেতে দেরি হয়েছে। রবীন্দ্র জন্মজয়ন্তীতেও আমরা বিশেষ অনুষ্ঠান রেখেছিলাম। এবার বিশেষ এই কারণে ঢাকা টেস্টের প্রথম দিনের সম্প্রচার দেরিতে শুরুর বিষয়টা আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও জানিয়ে রেখেছিলাম। পরে তো ১১ টা থেকেই আমরা সম্প্রচারে গেছি।” দ্বিতীয় দিন থেকে টিভি দর্শকদের আর খেলা দেখতে না পেয়ে বিরক্ত হতে হবে না বলেও নিশ্চিত করেছেন তিনি,“আগামীকাল (শনিবার) থেকে দর্শকরা নির্বিঘেœ বিটিভিতে খেলা দেখতে পারবেন।”