২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবনমনের ভয়ে খেলতে নেমে আবাহনীর জয়!

আগেরদিন সন্ধ্যায় প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে খেলতে অপারগতার কথা জানিয়ে সিসিডিএমকে চিঠি দিয়েছিল আবাহনী। কিন্তু সোমবার সকালে বিকেএসপিতে সোনারগাঁ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে তাদের উপস্থিতি অবাক না করে পারেনি। তারা ম্যাচটা খেলেছে। এবং সহজেই ৫ উইকেটে সোনারগাঁকে হারিয়ে আবাহনী পয়েন্ট তালিকায় তাদের শীর্ষস্থান আরো মজবুত করেছে। তাদের পয়েন্ট এখন ২৩।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 10:05 AM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আগেরদিন না খেলার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে পরদিনই আবার আবাহনীর সিদ্ধান্ত পাল্টে যাওয়ার কারণ, ‘ভয়’। সেই ভয়টা জানা যাচ্ছে আবাহনীর ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান গাজী আশরাফ লিপুর কাছ থেকে, “না খেললে অনেক ধরনের ঝামেলায় পড়তে হতো আমাদের। এই যেমন প্লেয়িং কন্ডিশনে আছে কোনো দল খেলতে অস্বীকৃতি জানালে পরের বছর তাদের প্রথম বিভাগে খেলতে হবে।” আগে ব্যাট করা সোনারগাঁ ১৮৫ রান তুলে অলআউট হয়ে যায়। জবাবে আবাহনী ৪০ দশমিক ৪ ওভারেই টপকে যায় তা। এক্ষেত্রে মূল অবদান রেখেছেন ওপেনার নাজমুস সাদাত (৪৮) এবং নাঈম ইসলাম (৬৩)।

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এদিন তামিম ইকবালের ঝড়ে উড়ে গেছে বিমান। তাদের বিপক্ষে ১০ দশমিক ১ ওভার বাকী থাকতেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ওল্ড ডিওএইচএস। শূন্য রানে ২ উইকেট হারানো বিমানকে ২৪০ রানের সংগ্রহের ভিত গড়ে দেয় তামিমের বড়ো ভাই নাফিস ইকবাল (৭২) এবং সানোয়ার হোসেনের (৭৪) ১৫০ রানের পার্টনারশিপ। কিন্তু মাত্র ৭৯ বলে সেঞ্চুরি করা তামিম ৯৭ বলে ১৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে দিলে সহজ জয় না পাওয়ার কোনো কারণ থাকে না। এই ইনিংসে ১৪টি বাউন্ডারির পাশাপাশি আটটি ছক্কাও হাঁকিয়েছেন তামিম। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে রাশেদুল হক (৬৯), জুনায়েদ সিদ্দিকী (৫৪), আফতাব আহমেদ (৬৩ বলে ৭৪) এবং ফয়সাল হোসেনদের (৪২ বলে ৪৬) কার্যকর ইনিংসগুলো মোহামেডানকে পৌছে দেয় ২৮৩ রানের বড়ো সংগ্রহে। জবাবে ভিক্টোরিয়া ২১৮ রানে অলআউট হয়ে গেলে মোহামেডান পায় ৬৫ রানের জয়।