লড়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
বল হাতে পেয়েছেন একটু দেরিতে, ২৭তম ওভারে। তবে সেই হতাশাকে পেছনে ফেলতে একদমই সময় নেননি মন্টি পানেসার।
প্রথম বলে ডেভন স্মিথকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজকে তিনি যে ধাক্কা দিয়েছেন তা থেকেই সফরকারীদের বিপদের সূত্রপাত। এবং আরো তিনটি উইকেট তুলে নিয়ে শনিবার লর্ডস টেস্টের তৃতীয় দিনে পানেসার বিপদেই ফেলে দিয়েছিলেন ক্যারিবীয়দের। তবে এর পর শিবনারায়ণ চন্দরপল, ডোয়াইন ব্রাভো ও দীনেশ রামদিনের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিনশেষে তাদের স্কোর ৭ উইকেটে ৩৬৩ রান। চন্দরপল ৬৩ রান নিয়ে ব্যাট করছেন। সঙ্গী ড্যারেন পাওয়েল কোনো রান করতে পারেননি। ইংল্যান্ডের চেয়ে তারা এখনো ১৯০ রানে পিছিয়ে আছে।
৫ উইকেটে ৫৫৩ রান নিয়ে আগের দিন শেষ করার পর শনিবার আর ব্যাট করতে নামেনি ইংল্যান্ড। প্রথম ইনিংস ঘোষণা করেছে সেখানেই। ওয়েস্ট ইন্ডিজের শুরুটা অবশ্য খুব খারাপ হয়নি। উদ্বোধনী জুটিতে ৩৮ রান ওঠার পর ক্রিস গেইলকে (৩০) বোল্ড করে ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দিয়েছেন প্লাঙ্কেট। পরের জুটিতে ৪৫ রান ওঠার পর তিন নম্বরে ব্যাট করতে নামা ডেভন স্মিথও (২১) পানেসারের বলে বোল্ড। তবে ওপেনার ড্যারেন গঙ্গাকে সঙ্গে নিয়ে লাঞ্চ পর্যন্ত আর কোনো ক্ষতি হতে দেননি রামনরেশ সারওয়ান।
কিন্তু লাঞ্চের পর একাই ম্যাচের চেহারা পাল্টে দিয়েছেন পানেসার। বাঁহাতি স্পিনে একে একে ফিরিয়ে দিয়েছেন গঙ্গা (৪৯), সারওয়ান (৩৫) ও রুনাকো মর্টনকে (১৪)। তিনটিই অবশ্য এলবিডব্লু।
১৮৭ রানে পঞ্চম উইকেট পড়ার পর ক্যারিবীয়দের হাল ধরেছেন চন্দরপল ও ব্রাভো। ৮টি চার ও একটি ছক্কায় ৫৯ বলে ব্রাভো করেছেন ৫৬ রান। তার আক্রমনাত্মক ইনিংসটা শেষ হয়েছে পল কলিংউডের বলে অ্যালিস্টার কুকের হাতে ক্যাচ দিয়ে। এই জুটিতে ৯২ রান উঠেছে। প্রথমটার মতো ক্যারিবীয়দের দিনের শেষ আঘাতও প্লাঙ্কেটের মাধ্যমে। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে রামদিনকে স্লিপে কলিংউডের ক্যাচ বানিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ উইকেট কিপারের ৬০ রানের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ১১টি। চন্দরপল-রামদিনের সপ্তম উইকেট জুটিতে ৮৩ রান উঠেছে। চন্দরপল তার ১৬২ বলের ইনিংসে চার মেরেছেন ৭টি। ১০৮ রানে ৪ উইকেট নিয়ে পানেসারই দিনের সেরা বোলার।
