সারওয়ানদের জন্য লারার শুভকামনা
প্রায় দেড় দশক পর ব্রায়ান লারাকে ছাড়া কোনো টেস্ট খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ কি একটুও আবেগে আক্রান্ত হয়নি? লারা নিজে কিন্তু বৃহস্পতিবার লর্ডস টেস্টের প্রথম দিনটাতে কিছুটা হলেও আবেগাক্রান্ত হয়ে পড়েছিলেন। সেটাই স্বাভাবিক। ক্যারিবীয় দলের সঙ্গে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের সম্পর্ক যে দীর্ঘ দিনের! তবে সব আবেগকে পেছনে ফেলে তার একটা আশাবাদের কথা ঠিকই জানিয়েছেন লারা। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের আশা, রামনরেশ সারওয়ানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট একদিন হারানো সম্মান পুনরূদ্ধার করবেই।
টেস্টে তার অবিস্মরণীয় অপরাজিত ৪০০ রানের ইনিংসটা ইংল্যান্ডের বিপক্ষেই। তিন বছর আগে সেন্ট জন্সে খেলা সেই অসাধারণ ইনিংসের সুখস্মৃতি নিশ্চয়ই আজো উপভোগ করেন তিনি। গত এক দশকে ক্যারিবীয় ক্রিকেটের চরম দুঃসময়ে এ রকম আরো কিছু দুর্দান্ত ইনিংস ক্রিকেট বিশ্বকে উপহার দিয়েছেন লারা। কিন্তু তার পরও তার বিশ্বাস, এক জনের পক্ষে একটি দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয়, “১৯৯৫ সালের পর কিছুটা হলেও আমাদের ক্রিকেটের পতন হয়েছে। এক জন ব্যাটসম্যান কত রান করলো তা কোনো ব্যাপার নয়। একটি দলের ভাল একটা জুটি গড়া এবং বোর্ডে অন্তত ৪০০ রান যোগ করা দরকার। অন্য প্রান্তে কেউ ভাল না খেললে এক জনের পক্ষে দলের স্কোর ৪০০ রানে নিয়ে যাওয়া সম্ভব নয়। হয়তো আমার অর্জন এবং অন্যদের খেলার ধরনের পার্থক্যের জন্যই সমস্যা হয়েছে।”
তবে নতুন অধিনায়ক সারওয়ানের অধীনে ওয়েস্ট ইন্ডিজ যে সেই সব সমস্যা কাটিয়ে উঠবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই লারার মনে, “আশা করি আমাদের দল রামনরেশ সারওয়ানের নেতৃত্বে উজ্জীবিত হয়ে উঠবে। ভাল করার জন্য এক ঝাঁক তারকার প্রয়োজন নেই আপনার। বরং এক সঙ্গে মন প্রাণ ঢেলে কাজ করার মানসিকতা থাকা একটি দলই আপনাকে ভাল ফল এনে দিতে সক্ষম।”
লর্ডস টেস্টের প্রথম দিনটা যে তাকে আবেগাক্রান্ত করে তুলবে, সে কথা অবশ্য নির্দ্বিধায়ই জানিয়েছেন টেস্টে সর্বোচ্চ ১১,৯৫৩ রানের মালিক, “বৃহস্পতিবার হবে আমার জন্য আবেগে ভরা এক দিন। তবে আমি সত্যিই চাই ওয়েস্ট ইন্ডিজ ভাল করুক। আমাদের সামনে এগিয়ে যেতে হবেই।” আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি, “এখনো আমি শারীরিকভাবে ফিট। এবং এখনো খেলার মতো সক্ষম। তাই এই সম্ভাবনা বাতিল করে দিচ্ছি না। আমি চাই না আরো ১০/১৫ পাউন্ড ওজন বাড়িয়ে খেলাটার কথা ভুলে যেতে।"
যে ভেন্যুতে সূচিত হল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ‘লারা --- পরবর্তী’ অধ্যায়, সেই লর্ডসের প্যাভিলিয়নের পেছনেই এমসিসির জাদুঘর। সেখানে এখন চলছে লারার বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে এক বিশেষ প্রদর্শনী। ’৯৪তে তখনকার বিশ্ব রেকর্ড ৩৭৫ রান যে ব্যাট দিয়ে করেছিলেন সেটা স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। আছে ’৯৯তে কিংস্টন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৩ রান করা ব্যাটটাও। ৩৭৫ রানের ইনিংস সম্পর্কে ঐ ব্যাটে কার্টলি অ্যামব্রোস লিখেছিলেন, “৩৭৫ ব্রায়ানের জন্য যথেষ্ট নয়!” কথাটা কতখানি সত্যি, সেটা তো দশ বছর ৪০০ করেই প্রমাণ করেছেন। তবে ’৯৩তে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ২৭৭ রানের (সেটাই লারার প্রথম টেস্ট সেঞ্চুরি) ব্যাটটা হারিয়ে যাওয়ায় এই প্রদর্শনীতে রাখতে পারেননি আয়োজকরা। এই সম্পর্কে লারার অকপট মন্তব্য, “২৩ বছর বয়সে আমি জানতাম না যে সেই ব্যাট নিয়ে কি করবো। এখন সম্ভবত আমরা ব্যাটটা ফিরে পাওয়ার জন্য অনুরোধ জানাতে পারি।”
