২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে লারাবিহীন ওয়েস্ট ইন্ডিজের পথ চলা

ব্রায়ান লারার অনুপস্থিতি এত তাড়াতাড়ি ভুলে যাওয়া সম্ভব নয়। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানকে না পাওয়ার অভাব হয়তো বহু দিন ভোগাবে ওয়েস্ট ইন্ডিজকে। তবে ‘লারা নেই’ -- এই বাস্তবতা মেনেই বৃহস্পতিবার থেকে ‘নতুন’ ক্রিকেট অধ্যায় শুরু করতে যাচ্ছে ক্যারিবীয়রা। নতুন অধিনায়ক রামনরেশ সারোয়ানের নেতৃত্বে এদিনই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। যদিও ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ব্রায়ান চার্লস লারা নামের এক অবিস্মরণীয় ব্যাটসম্যানের স্মৃতি যে বার বার ফিরে আসবেই, তা আর বলার অপেক্ষা রাখে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 08:42 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বিশ্বকাপটা একদমই ভালো কাটেনি তাদের। ঘরের মাঠে আয়োজিত প্রথম বিশ্বকাপে সেমিফাইনালেও উঠতে পারেনি। সেই হতাশাকে দূরে ঠেলার লক্ষ্য নিয়ে ইংল্যান্ডে পৌঁছে বৃষ্টির হাতে ‘জিম্মি’ হতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম টেস্টের আগে একটাই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল তারা। কিন্তু সমারসেটের সঙ্গে তিন দিনের ম্যাচটার দু দিনই ভেসে গেছে বৃষ্টিতে। অন্য দিনটাও ৪৮ দশমিক ৪ ওভারের বেশি ব্যাট করার সুযোগ হয়নি। এই ম্যাচ থেকে প্রাপ্তি বলতে রুনাকো মর্টনের ১০৩ ও শিবনারায়ণ চন্দরপলের অপরাজিত ৮২ রান। কিন্তু ক্রিকেটারদের ওপরে ‘কার্ফ্যু’ জারি হওয়ায় সেই আনন্দ তারা হয়তো ঠিকমতো উপভোগ করতে পারছেন না। দলে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে রাতে খেলোয়াড়দের হোটেলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছেন টিম ম্যানেজার মাইক ফিন্ডলে।

ইংল্যান্ডও তেমন স্বস্তিতে নেই। স্বাগতিকদের অস্বস্তির কারণ একটাই ---- ইনজুরি। ইনজুরিতে পড়ায় অধিনায়ক মাইকেল ভনের প্রথম টেস্টে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে আগেই। অ্যান্ড্রু ফ্লিনটফের বাঁ গোড়ালিতে সমস্যা। মঙ্গলবার নেটে একটিও বল করতে না পারা ‘ফ্রেডি’কে পাওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকতেই হচ্ছে ইংলিশদের। শেষ পর্যন্ত ফ্লিনটফ খেলতে না পারলে তার জায়গায় প্রথম একাদশে সুযোগ পাবেন ওয়েইস শাহ। তবে এসব প্রতিকূলতার মাঝে ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারেন স্টিভ হার্মিসন। অস্ট্রেলিয়ায় অ্যাশেজটা ভালো কাটেনি, কিন্তু কাউন্টি ক্রিকেটে ডারহ্যামের হয়ে মাত্র তিন ম্যাচে ২৪ উইকেট নিয়ে দারুণ ফর্মের প্রমান রেখেছেন এই দীর্ঘদেহী পেসার। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তার পারফরম্যান্সও এক কথায় দুর্দান্ত। ক্যারিবীয়দের বিপক্ষে আগের দুটো টেস্ট সিরিজেই ইংল্যান্ডের জয়ের অন্যতম নায়ক এবারও কি জ্বলে উঠতে পারবেন?