২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগটা নিজেকে আবার প্রমান করার

বিশ্বকাপে মুশফিকুর রহিমের উইকেট কিপিং দেখতে গিয়ে নিশ্চয় অনেকেই আক্ষেপ করেছেন খালেদ মাসুদের জন্য। ওয়ানডে ম্যাচে কিপিং-গ্লাভস হাতে মুশফিকের উপস্থিতিই যেন টেস্ট দলে এখনো অপরিহার্য রেখেছে খালেদ মাসুদকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 10:44 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

সেকারণেই হয়তো নির্বাচকরা আর ৩১ বছর বয়সী এই অভিজ্ঞ উইকেট কিপারকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার ঝুঁকি নেননি। যে ঝুঁকিটা তারা নিয়েছিলেন বিশ্বকাপ দল নির্বাচনের সময়। এ জন্য ক্রিকেট মহলে বিতর্কের ঝড় বয়ে গেলেও খালেদ মাসুদ ওয়ানডে দলের বাইরেই রয়ে গেলেন। জায়গা হয়নি বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজেও। কিন্তু টিকে গেলেন টেস্ট দলে। ব্যাপারটা কী ওয়ানডে থেকে বাধ্যতামূলক অবসরের মতো হয়ে গেলো, মাসুদ শুধু টেস্ট দলের জন্য, ওয়ানডের জন্য নন ? খালেদ মাসুদ অবশ্য এভাবে ভাবছেনই না, “ওয়ানডে ক্রিকেট আর খেলবো না, এরকম ভাবি নি। আরো দু-তিন বছর খেলবো।”

তবে অবসরের ব্যাপারটা যে একেবারে তার মাথায় ছিল না, তা নয়। শুনুন মাসুদের কন্ঠেই, “এবার বিশ্বকাপ খেলার সুযোগ পেলে হয়তো চিন্তা করতাম।” যেন আবারো ওয়ানডে দলে ফেরার জেদ চেপেছে তার মধ্যে। তার উইকেট-কিপিং নিয়ে কোনো অভিযোগ নেই, বাদ পড়ার কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। অথচ অনেক ম্যাচেই বাংলাদেশকে লজ্জাকর পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছে তার ব্যাট। আগে যখন প্রতিপক্ষের আঘাতে হুড়মুড় করে ভেঙ্গে পড়তো বাংলাদেশী টপ অর্ডার তখন তার ব্যাটই চওড়া হয়ে ভরসা জোগাতো। সেই ভরসার জয়াগাটা একটুখানি টুটে গেলেও আবার ব্যাট হাতে নিজেকে প্রমাণ করার মিশন নিয়েছেন এই উইকেট কিপার, “আমি আমার মতো চেষ্টা করে যাবো, দলে নেওয়া না-নেওয়া পরের ব্যাপার।”

টেস্ট দলে অবশ্য ব্যাটিংয়ের আগে প্রাধান্য পেয়েছে তার উইকেট কিপিং। বড় স্বীকৃতিটা পেয়েছেন কোচ ডেভ হোয়াটমোরের কাছ থেকে, “ এশিয়ার মধ্যে ও সেরা উইকেট রক্ষক।” দুর্দান্ত সব ক্যাচ নেওয়া এবং অতিরিক্ত রানের খাতটা ছোট রাখায় মাসুদের জুড়ি নেই, যে কারণে ওই একটা জায়গায় এখনো তিনি অপ্রতিদ্বন্ধী। সঙ্গে আছে ২০০৪ সালে সেন্ট লুসিয়া টেস্টে দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানো ১০৩ রানের ইনিংস, আছে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে সহায়ক ৪৯ রানের ইনিংস। এসবই তার টেস্ট দলে টিকে যাওয়ার ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করেছে। তবে এটাও সত্য, গত ২৪ টা টেস্ট ইনিংসে তার একটাও হাফ সেঞ্চুরি নেই। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি।

পরিসংখ্যান তার ব্যাটিংকে প্রশ্নবিদ্ধ করে রাখলেও খালেদ মাসুদ এবার তৈরি হয়েই যাচ্ছেন চট্টগ্রামে। মূল উদ্দেশ্য, টেস্ট ম্যাচে নিজের অপরিহার্যতা প্রমাণের পাশাপাশি আছে ওয়ানডে দলের ফেরার মিশনও।