দুর্ব্যবহারের দায়ে অভিযুক্ত ইমরান ফারহাত
দল থেকে বাদ পড়ার পর ব্যাখ্যা চাইতেই পারেন, কিন্তু ইমরান ফারহাত সেটা চেয়েছিলেন এমন ভাষায় যে রীতিমতো অপমানিত বোধ করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ সালাউদ্দিন।
তার ওপর আবার এই তরুণ ওপেনারের হয়ে সুপারিশ করতে এসেছিলেন তার শ্বশুর, সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইলিয়াসও। ত্যক্ত-বিরক্ত হয়ে সালাউদ্দিন তাই অভিযোগ করে বসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাসিম আশরাফের কাছে।
পিসিবির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পিসিবি চেয়ারম্যানের কাছে দাখিল করা অভিযোগে সালাউদ্দিন দাবি করেছেন, টেলিফোনে তাকে গালাগাল করেছেন ইমরান ফারহাত। সোমবারের এই টেলিফোন কথোপকথনে শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবিতে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের দল থেকে তার পড়ার কারণ জানতে চাইছিলেন ফারহাত।
ফারহাতের দাবি, ইংল্যান্ডে লিগক্রিকেট খেলার লোভনীয় একটি প্রস্তাব ফিরিয়ে দিয়ে পাকিস্তান দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি আর আগামী ১৮ মে থেকে আবুধাবিতে শুরু হতে যাওয়া ওই সিরিজের দলে থাকার কথা ছিল তার। কিন্তু নির্বাচকরা দলে না নিয়ে তার ক্যারিয়ারটাই শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছেন, এমন অভিযোগও করেন তিনি। বিরক্ত সালাউদ্দিন সরাসরি জানিয়ে দেন, ইমরান ফারহাত বা তার শ্বশুরকে কোনো রকমের ব্যাখ্যা দেবেন না তিনি। এর আগে তার শ্বশুর মোহাম্মদ ইলিয়াসও এমন অভিযোগ তুলেছিলেন মিডিয়ার কাছে। নির্বাচকরা সে কথাও উপস্থাপন করেছেন পিসিবি চেয়ারম্যানের কাছে।
ইমরান ফারহাত অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। পরে সালাউদ্দিনের কাছে ফোন করে তিনি ক্ষমাও চেয়েছেন। তবে তার দাবি, “আমি শুধু নির্বাচকদের সঙ্গে দেখা করে জানতে চেয়েছিলাম আমার বাদ পড়ার কারণ। কিন্তু তারা এতে খেপে যান এবং জানিয়ে দেন নির্বাচকরা কোনো খেলোয়াড়ের কাছে জবাবদিহি করবেন না।”
ক্যাম্প চলাকালে স্ত্রীর অসুস্থতার কারণে দুদিনের ছুটি নিয়েছিলেন তিনি, এটাই তার বাদ পড়ার কারণ বলে মনে করেন এই ওপেনার। “নির্বাচকরা তখন বলেছিলেন, দলে ফেরার ব্যাপারে আমিই সবার চেয়ে এগিয়ে এবং দুদিনের ছুটি আমার দলে থাকা না থাকার ওপর প্রভাব ফেলবে না। কিন্তু এখন দেখছি আমাকে বাদ দেওয়া হয়েছে”-বলেছেন তিনি।
