আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা
এবারের বিশ্বকাপের অন্যতম বিস্ময় ছিল তারা। পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে শুধু বিস্ময়ের জন্মই দেয়নি, আইসিসি ওয়ানডে র্যাংকিংয়েও জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড।
টেস্ট খেলুড়ে কোন দেশকে চমকে দেয়ার আরেকটা সুযোগ এসেছে আইরিশদের সামনে। এবং তা দেশের মাটিতেই। আগামী মাসে ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঘরের মাঠে দুটো ওয়ানডে খেলবে আয়ারল্যান্ড। এর পর সেখানেই অনুষ্ঠিত হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আইসিসির সহযোগী সদস্য আয়ারল্যান্ড ২৩ জুন মুখোমুখি হবে ভারতের। পর দিনই তারা খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলো হবে ২৬ ও ২৯ জুন এবং ১ জুলাই। এর পর তিন টেস্ট ও ৭ ওয়ানডের দুটো সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত।
