২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বোয় সংবর্ধনা শ্রীলঙ্কানদেরও

সকাল থেকেই আকাশ ভেঙ্গে বৃষ্টি পড়ছিল কলম্বোতে। তবু প্রকৃতির চোখরাঙানি উপেক্ষা করে রাস্তার দু ধারে দাঁড়িয়েছিলেন কলম্বোর হাজার হাজার মানুষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বিশ্বকাপ মিশন শেষ করে তাদের প্রিয় দল যে দেশে ফিরছে। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও বৃহস্পতিবার দেশে ফিরে মানুষের ভালবাসাতেই সিক্ত হয়েছেন তারা। ফেরার পথে অনিশ্চয়তায় কাটানো দুটি দিনের তিক্ত স্মৃতি ভুলিয়ে দিয়েছে সেই ভালোবাসা। তামিল টাইগারদের বিমান হামলার কারণে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা এমিরেটস ও ক্যাথে প্যাসিফিক কলম্বোতে তাদের সব ফ্লাইট বাতিল করায় লন্ডনে দু দিন আটকে থাকতে হয়েছিল তাদের।

বিশ্বকাপ জয় করতে না পারলেও তাদের প্রতি স্বদেশের মানুষের এই ভালবাসা দেখে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে একেবারে অভিভূত, “আজ (বৃহস্পতিবার) সকালের এই সংবর্ধনা এক কথায় বিস্ময়কর এক ঘটনা। ট্রফি নিয়ে ফিরতে না পেরে স্বাভাবিকভাবেই আমরা খুব হতাশ। তবে এই বিশাল সমর্থন পুরো দলকে উজ্জীবিত করে তুলবেই। আমাদের এখন বিশ্বকাপের সাফল্যকে ধরে রেখে আগামী দিনগুলোতে আরো ভাল দল হিসাবে গড়ে তুলতে হবে নিজেদের।”

দেশে ফেরার পর জয়াবর্ধনের দলকে কলম্বোর স্বাধীনতা স্কোয়ারে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনাও দেয়া হয়েছে। সেখানে সাবেক ক্রিকেটার, ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটা শ্রীলঙ্কার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারও করা হয়েছে।