পাকিস্তান আর ভারতের ওপরে বাংলাদেশ
এমনিতে মারুতি সুজুকি ক্রিকেট র্যাংকিংয়ের তেমন গুরুত্ব নেই ক্রিকেট বিশ্বে। তবে গুরুত্বহীন হলেও বাংলাদেশের মানুষের জন্য এই র্যাংকিং বয়ে এনেছে দারুণ এক আনন্দের বার্তা।
দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে এই মুহূর্তে বাংলাদেশ মারুতি সুজুকি র্যাংকিংয়ের সপ্তম স্থানে। বিশ্বকাপে সুপার এইটে ওঠার কৃতিত্বেরই পুরস্কার এটা। মঙ্গলবার প্রকাশিত এই র্যাংকিংয়ে বাংলাদেশের অর্জন ৪২ পয়েন্ট। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ায় পাকিস্তান (৪০ পয়েন্ট) অষ্টম ও ভারতের (৩৮) অবস্থান নবম।
র্যাংকিংয়ের শীর্ষে যথারীতি অস্ট্রেলিয়া। বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা বিজয়ী রিকি পন্টিংয়ের দলের পয়েন্ট ৯৮। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বিশ্বকাপের রানার্স আপ শ্রীলঙ্কা। এরপরের তিনটি স্থানে নিউজিল্যান্ড (৭৩), ইংল্যান্ড (৬২) ও ওয়েস্ট ইন্ডিজ (৫৯)। ১৪ পয়েন্ট নিয়ে দশম ও সর্বশেষ স্থানে আছে কেনিয়া।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সবার ওপরে ম্যাথু হেইডেন। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের পয়েন্ট ১৮৪। সেরা দশের বাকি জায়গাগুলো যথাক্রমে জ্যাক ক্যালিস (১৭৯), রিকি পন্টিং (১৭৬), কেভিন পিটারসেন (১৬৯), এবি ডিভিলিয়ার্স (১৬৪), শিবনারায়ণ চন্দরপল (১৬০), মাহেলা জয়াবর্ধনে (১৫৫), স্কট স্টাইরিস (১৫১), মাইকেল ক্লার্ক (১৪৭) ও সনাথ জয়াসুরিয়ার (১৪৫)।
ব্যাটসম্যানদের সেরা দশে বাংলাদেশের কেউ না থাকলেও বোলারদের র্যাংকিংয়ে আছে। ১৫০ পয়েন্ট নিয়ে নবম স্থান দখল করেছেন মাশরাফি মুর্তজা। এবারের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গ্লেন ম্যাকগ্রা ১৯৫ পয়েন্ট নিয়ে রয়েছেন শীর্ষে। তার চেয়ে ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বিশ্বসেরা অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। তৃতীয় থেকে অষ্টম স্থানে আছেন নাথান ব্র্যাকেন (১৮১), শেন বন্ড (১৭৭), শন পোলক (১৭৩), অ্যান্ড্রু হল (১৬৫), লাসিথ মালিঙ্গা (১৬১) ও চামিন্ডা ভাস (১৫৬)। মাশরাফির চেয়ে ৬ পয়েন্ট কম অর্থাৎ ১৪৪ পয়েন্ট নিয়ে দশম স্থানটি শন টেইটের।
IANS-এর সহায়তায়
