২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলমার অবশেষে দক্ষিণ আফ্রিকায়

সেই ১৮ মার্চ জ্যামাইকার হোটেলে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। হাসপাতালে নেয়ার পর জানানো হয়, বব উলমার আর নেই, চলে গেছেন পরলোকে। ইহলোকে তবু বাড়ী ফেরার অনুমতি মেলেনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 05:58 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

হত্যারহস্য তদন্তের সুবিধার্থে এক মাসেরও বেশি সময় ওয়েস্ট ইন্ডিজেই রেখে দেয়া হয় তার মৃতদেহ। মাত্র কদিন আগে মেলে জ্যামাইকা পুলিশের অনুমতি। সেই সুবাদে রোববার সকালে উলমারের বর্তমান আবাসস্থল কেপটাউনে পৌঁছেছে তার মৃতদেহ।

রোববার সকালে লন্ডন থেকে উলমারের মৃতদেহের কফিনটি নিয়ে বিশেষ বিমান যখন কেপটাউনে পৌঁছে, ‘ল্যাপটপ কোচ’-এর বিধবা স্ত্রী জিল তখন বিমানবন্দরে ছিলেন না। বিমানবন্দরে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে আরো জানিয়েছেন, বিমানবন্দরে মৃতদেহ বেশিক্ষণ না রেখে নিয়ে যাওয়া হয় শেষকৃত্য সম্পাদনের জন্য নির্ধারিত স্থানে।

পাকিস্তানের কোচ থাকা অবস্থায় হত্যাকান্ডের স্বীকার বব উলমারের জন্ম ভারতে। তবে বাবার চাকরীর সূত্রে সেখানে জন্ম হলেও কৈশোর পেরোনোর আগেই চলে যান ইংল্যান্ডে। জীবনের অধিকাংশ সময় সেখানেই ছিলেন। ইংল্যান্ডের হয়েই অংশ নিয়েছেন টেস্ট ক্রিকেট। খেলা ছেড়ে দক্ষিণ আফ্রিকার কোচ হওয়ার পর থেকে বলতে গেলে দক্ষিণ আফ্রিকানই হয়ে যান উলমার। কেপটাউনেই তার বাসা। তার পরিবার এখন সেখানেই।