বড় বেশি দীর্ঘ, বড় বেশি একঘেয়ে...
কী এমন ক্ষতি হতো বিশ্বকাপটা আরো কমসময়ে শেষ করা গেলে? প্রশ্নটা এই বিশ্বকাপের মাঝামাঝি সময় থেকেই উঠছে। হাঁপিয়ে ওঠা খেলোয়াড়দের কাছ থেকে এসেছে প্রশ্ন। খেলা দেখতে দেখতে ক্লান্ত দর্শকদেরও একই প্রশ্ন। ৪৭ দিন একটি টুর্নামেন্টের জন্য বড় দীর্ঘ সময়, একমত সবাই।
এই যখন অবস্থা, প্রশ্নবানে যখন জর্জরিত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি, তখন তাদেরও একমত হতে হয়। আগামীতে সময়টা কমিয়ে এনে বিশ্বকাপ আয়োজনের প্রতিশ্রুতি এবারই দিয়েই দিতে হয়।
মার্চের ১৩ তারিখে বিশ্বকাপ শুরু হয়েছিল ১৬টি দল নিয়ে। মোট ম্যাচ ৫১টি। তবে বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচ থাকায় সব দলকেই ক্যারিবীয়ায় পা রাখতে হয়েছে মার্চের শুরুতে। ফাইনালে ওঠা অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কা দেশে ফিরছে সেই হিসেবে পাক্কা দুই মাস পর!
অথচ ওয়ানডে টুর্নামেন্ট তো হওয়ার কথা টানটান উত্তেজনার। একটি ম্যাচের পর আরেকটি ম্যাচ দেখার জন্য প্রবল উৎসাহ থাকার কথা দর্শকদের মাঝে। যেমনটি ছিল, এমনকি সেই ১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপেও। সেবার মাত্র ৮টি দল অংশ নিয়েছিল ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসরে। দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে গিয়েছিল রোমাঞ্চকর একটি ওয়ানডে টুর্নামেন্ট।
অথচ এবার এমনই লম্বা এক টুর্নামেন্ট হলো যে প্রত্যেক দলই সুপার এইটের মাঝামাঝি সময়ে অন্তত একবার সপ্তাহ খানেকের ছুটি পেয়েছে। এই ছুটিতে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা যে যার দেশে দিন তিনেকের জন্য চলে গিয়ে পড়েছিলেন ব্যাপক সমালোচনার মুখে। স্বাগতিক খেলোয়াড়রা অবশ্য বলেছিলেন, ওটা দলের জন্য ভালোই ছিল।
ঠিক ওই সময়টাতে তিনদিন ঝাড়া বিশ্রাম নিলেও অস্ট্রেলিয়া দল ছিল ক্যারিবীয়ায়। তখন পেসার গ্লেন ম্যাকগ্রা টুর্নামেন্টের দৈর্ঘ্যরে ক্ষতিকর দিক নিয়ে বলেছিলেন, “এভাবে টুর্নামেন্টের মাঝপথে বসে থাকতে হলে মনযোগ নষ্ট হয়।’’ পরে তার সতীর্থ ম্যাথু হেইডেনও বলেছিলেন, ‘‘বিশ্বকাপটা বড় বেশি লম্বা হয়ে গেছে। সুপার এইটে একদিনে দুটি ম্যাচ ফেলা যেতো।’’
কিন্তু ক্রিকেট যখন বানিজ্য,তখন আইসিসির উপায় নেই সুপার এইটের মতো পর্যায়ে একদিনে দুটো ম্যাচ ফেলার! টিভি স্বত্ব যাদের, স্পন্সর যারা, তারা মানবে কেন? তাদের চাই একেক দিনে সর্বোচ্চ একটি ম্যাচ। কাড়ি কাড়ি টাকা তো আর এমনিতে ঢালেনি তারা!
তাছাড়া ক্রিকেট বিশ্বায়নের ধোঁয়া তুলে আইসিসিও তো টাকা কামানোটাকে বিশ্বকাপের মূল উদ্দেশ্য বানিয়ে ফেলেছে! বেশি ম্যাচ মানে টেলিভিশনের কাছ থেকে বেশি টাকা। বেশি ম্যাচ খেলাতে হলে তাই বেশি দল লাগবে। ১৯৭৫ সালের ৮ দলের বিশ্বকাপ তাই ২০০৭-এ এসে পরিণত ১৬ দলের টুর্নামেন্টে। কারো কারো মতে, দূর্বল ও সবল দলের এই অসম মিলনের ফলই হলো দীর্ঘ টুর্নামেন্টকে আরো দীর্ঘ মনে হওয়ার কারণ।
সমালোচনার মুখে ব্যাকফুটে গিয়ে আইসিসির প্রধান নির্বাহী ম্যালকম স্পিড বলেছেন, ‘‘সমালোচনা শুনেছি আমরা। অনেকে বলেছেন এটা বড় বেশি দীর্ঘ হয়ে গেছে। তাই এটাকে ছোট করার কথা আমরা ভাববো। ৪৭ দিনের এই বিশ্বকাপ ৭ থেকে ১০দিন কমিয়ে আনার পথ বের করতে হবে। আশা করি, আগামীবার পাঁচ থেকে ছয় সপ্তাহে শেষ করে ফেলতে পারবো।’’
সময় বেশি লাগলেও ম্যালকম স্পিড মনে করিয়ে দিচ্ছেন, ‘‘যারা বলছেন এবারের টুর্নামেন্ট বেশি লম্বা, তাদের মনে করিয়ে দিচ্ছি, গতবারের চেয়ে এবার তিনটি ম্যাচ কমেছে। যদিও এবার দল বেড়েছে দুটি।’
এত কিছুর পরও উপমহাদেশে অনুষ্ঠেয় ২০১১ বিশ্বকাপে ১৬ থেকে দল কমিয়ে আনার কথা মোটেই ভাবছে না আইসিসি। তাহলে কি আগামীবারও বিশ্বকাপ শেষে বলতে হবে, বড় বিরক্তিকর এই টুর্নামেন্ট?
