তাদের লক্ষ্য ’৯৬-এর স্মৃতি ফিরিয়ে আনা
বিশ্বকাপ শিরোপার সুবাসটা তাদের খুব পরিচিত। কেনসিংটন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে নামার আগে সেই সুবাসটা বোধহয় আরো বেশি করে আসছে নাকে। যেন ক্যারিবীয় বাতাসে ভর করে সনাৎ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন আর চামিন্ডা ভাসকে ডাকছে ওই শিরোপাটা! তারাও সেই ডাকে সাড়া দিয়ে আরো একবার ক্রিকেটের সবচেয়ে মর্যাদার ট্রফিটা হাতে নিতে অধীর প্রতীক্ষায়। ১৯৯৬ সালের পর কেটে গেছে ১১ বছর, সেই প্রতীক্ষার প্রহর কি ফুরোবে এবার?
১৯৯৬ বিশ্বকাপের দলের এই তিন সদস্য এখনো দলের অপরিহার্য নাম। প্রথমবারের বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্যও আছেন বটে। কিন্তু মারভান আতাপাত্তু এবার একটি ম্যাচেও সুযোগ পাননি। ফাইনালেও পাবেন না, নিশ্চিত।
কিন্তু যারা সুযোগ পাচ্ছেন, তারা জানেন এমন দিন জীবনে হয়তো আর কখনো আসবে না। ওয়ানডে ক্যারিয়ারের শেষ পর্যায়ে তিনজনই। তাছাড়া ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের পারফরম্যান্সটা নজরকাড়া ছিল না। প্রায় এক যুগ পর সামনে আসা সুযোগটা কাজে লাগিয়ে সেই অভাবটা পুরণ করতে হবে এবার।
বোলিং অ্যাকশন নিয়ে মুরালিধরনের সঙ্গে অস্ট্রেলিয়ার শত্রুতা পুরোনো। এবার মোক্ষম আসরে তার শোধ তুলতে পারবেন। সেজন্য নয়, আসলে অন্য কারণে তার কাছে এই ফাইনাল জেতা খুব জরুরি। মুরালিধরনের ভাষায়, ‘‘এটা হতে পারে আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। ১৯৯৬ সালে আমি অনেক ছোট ছিলাম। এটার (বিশ্বকাপ জয়ের ) মর্ম সম্পর্কে তেমন ধারণা ছিল না। এখন আমি জানি, একটি বিশ্বকাপ জয়ের মর্মার্থ কি! আরো অনেকের মতো এটা আমার শেষ বিশ্বকাপ। তাই শিরোপা জিততে পারলে তা হবে আমার জীবনের সেরা মুহূর্ত।’’
১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভারে ৩০ রান দিয়ে মাত্র একটি উইকেট নিয়েছিলেন মুরালিধরন। সেটাও হয়তো পোড়াচ্ছে তাকে।
১১ বছর আগের বিশ্বকাপের সেরা খেলোয়াড় সনাৎ জয়াসুরিয়া পুরো আসরে দারুণ খেললেন। কিন্তু ফাইনালে এসে মাত্র ৯ রানে হয়ে গেলেন রান আউট। ইতিহাসে সবার চেয়ে বেশি ৩৮৯ ওয়ানডে খেলা জয়াসুরিয়া এবারও ১০ ম্যাচে ৪০৪ রান করে ফেলেছেন। তাকে নিয়ে অস্ট্রেলিয়ার পরিকল্পনা বাউন্স আর গতি দিয়ে বধের। কিন্তু জয়াসুরিয়াও হুঙ্কার দিলেন, ‘‘এটা এমন নয় যে আমরা কখনো বাউন্সি পিচে খেলিনি। কন্ডিশনের ফায়দা নেওয়ার মতো ফাস্ট বোলার আমাদেরও আছে। আমাদের ব্যাটসম্যানরাও ওই ধরণের বোলিং সামলাতে জানে।’’
১৯৯৬ স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে আসছে জয়াসুরিয়ার মনে, ‘‘আমার মনে হয় আমি ১৯৯৬-এর মতো ভালো ব্যাটিং এবারও করছি। মাঝে সময়টা খারাপ গেলেও এখন মনে হচ্ছে ক্যারিয়ারের সেরা ব্যাটিংই করছি। এই বিশ্বকাপটা অন্য উচ্চতায় উঠে শেষ করতে চাই।’’
শেষ কামড়টা নির্ঘাৎ দিতে চাইবেন ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ (১১৯৪২) রানের মালিক।
ট্যাকটিক্যাল কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের ম্যাচে মুরালিধরন আর ভাসকে খেলায়নি শ্রীলংকা। পন্টিং তা নিয়ে অনেক কথা বললেও পাত্তা দেয়নি লংকানরা। ১৯৯৬ বিশ্বকাপের আরেক সফল যোদ্ধা সেবার ফাইনালে পেয়েছিলেন ১টি মাত্র উইকেট। আর এবার ৯ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।
কিন্তু উইকেটের পেছনে অকারণে ছোটা নয়, ফাইনালেও চামিন্ডা ভাসের লক্ষ্য থাকবে একটা। দলকে ব্রেক থ্রু এনে দেওয়া, যদিও কাজটা কঠিন। কিন্তু ভাস তার দায়িত্ব পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ, ‘‘এখন আমার কাজ হলো দলকে দ্রুত উইকেট পাইয়ে দেওয়া। প্রথম ১৫ ওভার ও পাওয়ার-প্লে খেলাটাকে ব্যাটিং নিয়ন্ত্রিত করে ফেলেছে। কিন্তু আপনি ভালো বল করলে ব্যাটসম্যান সমীহ করতে বাধ্য।’’
