২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসল রহস্য খুলে বললেন ম্যাকগ্রা

আর একবার, মাত্র একটিবার গ্লেন ম্যাকগ্রাকে বল করতে দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে। ২৮ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালের আগে প্রশ্নটা উড়ে যায় সিম বোলিংয়ের যাদুকরের কাছে-বিশ্বকাপে চারটি ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার পেলে কেমন হয়? ম্যাকগ্রার জবাব, ‘‘আশা করি, চারটা হলে ফাইনালে জয় আমাদেরই হবে। তবে এখন পর্যন্ত তিনবার জিতেছি পুরস্কারটা।’’ হ্যাঁ, পুরস্কারটা তিনবার জেতা হয়ে গেছে, কারণ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালের সেরা খেলোয়াড়ও ম্যাকগ্রা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 09:38 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

তিনবারের পুরস্কারই ম্যাকগ্রাকে এনে দিয়েছে তার বিদায়ী টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। আর কোনো অঘটনের লক্ষ্মণ নেই। তিনবার ম্যান অব দ্য ম্যাচ মানে ৯ পয়েন্ট। আর তিনবার দ্বিতীয় সেরা খেলোয়াড় মানে ৬ পয়েন্ট। সুতরাং ম্যাকগ্রার মোট পয়েন্ট ১৫। ধারে-কাছেই নেই কেউ। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ম্যাকগ্রা অবসরে যাচ্ছেন শেষ আসরের সেরা খেলোয়াড় হয়ে। আর সেই শেষ টুর্নামেন্টটি হলো বিশ্বকাপ!

এখানেই শেষ নয়। গ্লেন ম্যাকগ্রার সামনে এখন টুর্নামেন্টের সেরা উইকেট শিকারী হয়ে অস্ট্রেলিয়ার টুপিটা খুলে রাখার সুযোগ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ রানে ৩ উইকেট নিয়ে টুর্নামেন্টে এখন তার শিকার ২৫। সতীর্থ পেসার শন টেইট আর ফাইনালের প্রতিপক্ষ লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন পেয়েছেন ২৩টি করে উইকেট। এই দুজনই কেবল পারেন ম্যাকগ্রার কাছ থেকে সেরার পুরস্কারটা ছিনিয়ে নিতে।

কিন্তু সেটা খুব সহজ কাজ হবে বলে মনে হচ্ছে না।

৩৬ ছাড়িয়েছেন বেশ আগে। এই বয়সে ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টে এমনভাবে কেমন করে জ্বলে উঠলেন ‘দ্য পিজিয়ন’? ম্যাকগ্রার কণ্ঠেই শুনুন তার সাফল্যের পেছনের রহস্য, ‘‘অবসর নিতে যাচ্ছি এটা ভেবেই হয়তো খুব ভালো বোলিং করছি। কারণ, আমি মাঠে নেমে এর সবটাই উপভোগ করতে চাইছি, প্রত্যেকটা খেলায় যতটা সম্ভব মেলে ধরতে চাইছি নিজেকে।’’

আর তা করতে গিয়ে কি করেছেন তাও জানিয়েছেন ম্যাকগ্রা, ‘‘এই টুর্নামেন্টে আমি সম্ভবত একটু অন্যভাবে বল করেছি। আগের চেয়ে সম্ভবত একটু বেশি আক্রমণাত্মক হয়ে বল করছি। এ কারণে উইকেটও একটু বেশি পাচ্ছি। তবে তাতে এমনিতে আমি যেমন রান দিই তার চেয়ে একটু বেশি দিচ্ছি সম্ভবত।’’

তার এই আগ্রাসী মনোভাবের পরিচয় অন্যদের মতো সেমিফাইনালে পেয়েছে দক্ষিণ আফ্রিকাও। নতুন বল হাতে প্রথম স্পেলে ৬ ওভার বোলিং করে ১৪ রানে নিয়েছেন ৩ উইকেট। আর তাতেই এক পর্যায়ে ২৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। ম্যাকগ্রা মনে করেন তার পরিবর্তিত মনোভাবে লাভ হয়েছে দলেরও, ‘‘(আগ্রাসী মনোভাব) ওটাতে কাজ হয়েছে, ২৫ উইকেট পেয়েছি। টেইট ২৩ আর ব্র্যাড হগ পেয়েছে ২০ উইকেট । ব্র্যাকেনও ভালো করছে।’’

এই যে বোলারদের মধ্যে অন্যরকমের এক বোঝাপড়া প্রতিপক্ষকে নির্মমভাবে ধ্বসিয়ে দিচ্ছে, সেটা খুব উপভোগ করছেন ম্যাকগ্রা। তার ভাষায়, ‘‘লোকে ব্যাটসম্যানদের পার্টনারশিপের কথা বলে। আমার মতে এটা বোলারদের ক্ষেত্রে আরো বেশি প্রযোয্য। দেখুন টেইট আর ব্র্যাকেন কিভাবে বল করে যাচ্ছে। পান্টার (রিকি পন্টিং) আমাকে সাধারণত ডাকে দু একটি উইকেট ফেলে দিতে। ব্র্যাকেন খুব আটোশাটো বোলিং করে ব্যাটসম্যানদের চাপে রাখে। আর টেইট যেভাবে বোলিং করছে তাতে ব্যাটসম্যানদের অন্যপ্রান্তের কথা ভাবা ছাড়া উপায় থাকে না। অন্যপ্রান্তে তারা পায় আমাকে!’’