প্রায় সবার মুখেই এক ক্রিকেট-শিল্পীকে হারানোর কথা
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে ফুলে ফুলে সুরভিত হলেন ব্রায়ান চার্লস লারা। দু একটি পাথরও যে উড়ে আসেনি, তা নয়। তবে, ফুল আসুক বা পাথর, গ্রেট ক্রিকেটারদের সবাই একমত, এমন ক্রিকেটারের অভাব অনুভব করবেই ক্রিকেট-বিশ্ব।
‘ব্যাটিং-জিনিয়াস’, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের পরম্পরা একার কাঁধে বয়ে বেড়ানো বীর, ক্যারিবীয় ক্রিকেটের হারানো ঐতিহ্য ধরে রাখা একমাত্র ক্রিকেটার-কতো কথাই না আজ লারাকে নিয়ে! প্রশংসায় ভেসে যাচ্ছেন লারা, কিন্তু তারপরও একটা কথা তো সত্যি, বিদায়ের সময় তার সঙ্গী নিজের দেশে অনুষ্ঠিত বিশ্বকাপের চরম ব্যর্থতা!
ক্যারিবীয় ক্রিকেটের গ্রেটদের মধ্যে অনেকেই লারার হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয় বিস্মিত। বাংলাদেশের বিপক্ষের ম্যাচের পর লারার ঘোষণায় তারা হতবাক, কিংকর্তব্যবিমুঢ়। ওয়েস্ট ইন্ডিজের সোনালী অতীতের অনেক বড় বিজ্ঞাপন ওয়েস হল তো বিশ্বাসই করতে পারছেন না, ‘‘ভাষা হারিয়ে ফেলেছি আমি, এটা একোবারে অপ্রত্যাশিত!” সর্বকালের অন্যতম সেরা এই ফাস্টবোলার জানতেন বিশ্বকাপের পর লারা ছেড়ে দেবেন ওয়ানডে, কিন্তু টেস্ট তো খেলতে পারতেন! সে আক্ষেপ নিয়েই ব্রায়ান লারার কিছুটা মূল্যায়ন করলেন হল , ‘‘ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের মহান একজন সেবক সে। যেভাবে পরম্পরাটা ধরে রেখেছিল তা অসাধারণ। ও গ্রেট একজন ব্যাটসম্যান। টেস্টে ৪০০ রানের ইনিংস, ফার্স্ট-ক্লাস ক্রিকেটে ৫০১ রানের ইনিংস, বড় অনন্য এই কীর্তি।’’
লারা, আধুনিক ক্রিকেটের অনেক বড় বিজ্ঞাপন। মে মাসে ৩৮-এ পা রাখছেন। ১৭ বছরের ক্যারিয়ারে টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি রান তার, ১৩১ ম্যাচে সংগ্রহ ১১, ৯৫৩। ৩৪টি সেঞ্চুরি। ২৯৮ ওয়ানডেতে ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ সংগ্রাহক ১০, ৩৩৮ রান নিয়ে। সেঞ্চুরি ১৯টি। টেস্টের এক ইনিংসে অপরাজিত ৪০০ রানের বিশ্বরেকর্ড তার। কীর্তির শেষ নেই।
তবু সমালোচনার কাঁটায় বিদ্ধ হয়ে বলতে হলো ‘বিদায়’। ওয়েস হলের নতুন বলের বিধ্বংসী পার্টনার চার্লস গ্রিফিথও পার্টনারের সঙ্গে একমত, ‘‘পেছনে অসাধারণ সব কীর্তি রেখে গেল লারা। তার শূন্যতা পূরণ করতে অনেক খেলোয়াড়কে কঠোর পরিশ্রম করতে হবে।’’
একসময়ের সতীর্থ ও অধিনায়ক জিমি অ্যাডামসের চোখে লারা একজন সত্যিকারের ‘জিনিয়াস’, ‘‘ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে তার অবদান অসামান্য। গত ১০ বছর ধরে প্রায় একা এখানকার ক্রিকেটের মান রক্ষা করে গেছে। বছরের পর বছর একার কাঁধে অবর্ণনীয় চাপ নিয়েছে সে, এখনো তার পরিসংখ্যান অনন্য।’’
সাবেক ওপেনার ও লারার সতীর্থ ফিলো ওয়ালেসের চোখে লারার বিদায় “ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের জন্য বড় এক ক্ষতি”।
ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়ের সরল স্বীকারোক্তি, লারার ব্যাটিংয়ের অপার সৌন্দর্য থেকে এখন তাকে বঞ্চিত হতে হবে, ‘‘ও ছিল খেলার মাধুর্য। আমার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম আনন্দ ছিল লারার ব্যাটিং দেখা। দেখার জন্য অন্যতম আকর্ষনীয় এক খেলোয়াড় সে, সত্যিকারের চমৎকার খেলোয়াড়।’’ দ্রাবিড়ের বিশ্বাস শুধু তিনি নন, ব্রায়ান লারার বিদায়ের ঘোষণায় সারা বিশ্বের বহু ক্রিকেটপ্রেমীই যন্ত্রণায় পুড়ছেন, ‘‘বিশ্বের নানা প্রান্তের বহু মানুষকে খেলা দিয়ে আনন্দ উপহার দিয়েছে লারা। লারার মানের খেলোয়াড়ের বিদায় বিশ্বের যে কোনো দলের ওপর প্রভাব ফেলতে বাধ্য।’’
তবে বিদায়-বেলায় শুধু প্রশংসা বা স্তুতি নয়, সমালোচনার তীরও ছুটেছে ব্রায়ান লারার দিকে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্টবোলার, হালের ক্রিকেট ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিংয়ের কথায় তার যেন তার বোলিংয়ের মতোই আগুন , ‘‘যতদিন তার থাকার কথা ছিল তার চেয়ে অনেক বেশিদিন থেকে গেল লারা। এখন তাকে ধন্যবাদ জানিয়ে সামনে তাকানোর সময়।’’
হোল্ডিংয়ের সতীর্থ জোয়েল গার্নারের কণ্ঠেও উচ্চারিত হচ্ছে তেমনই শব্দমালা, ‘‘একজন অধিনায়ককে কেবল তার সাফল্যের রেকর্ড দিয়ে বিচার করা সম্ভব। লারার ব্যাপারে এই জায়গাটায় ভালো কিছু বলা যাচ্ছে না। এখন আমাদের দ্রুত পা ফেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে।’’
কিন্তু প্রশ্ন একটা থাকছে। বয়স ৩৮। কিন্তু টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যান ব্রায়ান লারা এখনো যে কোনো দলের জন্য অমূল্য সম্পদ। সেই লারাকে হারিয়ে কতো দ্রুত সামনে এগুতে পারবে ওয়েস্ট ইন্ডিজ!
