ভারতের সঙ্গে সিরিজের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে বার্বাডোজেই
বার্বাডোজেই ভারতের সঙ্গে সিরিজের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের। ক্রিকেটীয় কোনো কারণে নয়, বাধ্য হয়ে।
১৯ এপ্রিল বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে গেলেও কোনোভাবেই ২৪ এপ্রিলের আগে দেশে ফেরার টিকেট পাওয়া যায়নি। তাই দেশে ফিরতে ফিরতে ২৬ এপ্রিল, তারপর অবশ্যই কিছুদিন বিশ্রাম নিতে হবে, আর তাহলে কমে যাবে ভারতের সঙ্গে সিরিজের প্রস্তুতির সময়। সেসব চিন্তা থেকেই ঠিক হয়েছে বার্বাডোজে বাধ্য হয়ে থাকতে হচ্ছে যে কয়েকটা দিন সেই দিনগুলোকে কাজে লাগানো হবে যথাসাধ্য। তিন দিন প্র্যাকটিস হবে টানা।
দুই টেস্ট এবং তিন ওয়ানডের সিরিজ খেলতে ভারত বাংলাদেশে আসছে ৭ মে। ভারতের সঙ্গে সিরিজটা যে কোনো বিচারেই আকর্ষণীয়, আকর্ষণটা আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ভারতকে বিশ্বকাপ থেকে বিদায় করাতে। ভারতীয় সাংবাদিকদের যারা এখনও রয়ে গেছেন তাদের সবাই-ই বাংলাদেশের ওপর খুব নজর রাখছেন সেই সিরিজটা মাথায় রেখেই। অধিনায়ককে সাক্ষাৎকারও দিতে হচ্ছে ভারতের সঙ্গে সিরিজের সম্ভাবনা এবং আশাবাদ নিয়ে। যতদূর সম্ভাবনা ভারত বাংলাদেশে তারুণ্যনির্ভর একটা দলই পাঠাবে। তেমন দল হলে কী বাংলাদেশের সম্ভাবনা বেড়ে যাবে না? বাংলাদেশ কী ভাবছে? হাবিবুলের কাছে এসব প্রশ্নই চতুর্দিক থেকে। বিশ্বকাপসূত্রে পাওয়া আত্মবিশ্বাসে ভারতের সঙ্গে লড়াইটা জমারই কথা। আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে ভাল করার একটা চাপও।
গত বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের পর আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। বিশ্বকাপের কথা মাথায় রেখে হয়ত ঠিকই ছিল, এখন বিশ্বকাপ শেষ, সময় আবার সত্যিকারের ক্রিকেটে ফিরে যাওয়ার। খেলোয়াড়দের মধ্যেও টেস্ট খেলার আকুতি স্পষ্ট। এর মধ্যে সবচেয়ে বেশি যার, সেই আশরাফুল আরেকটু হলে সিরিজ মিসের ঝুঁকির মুখে পড়ে যেতে পারতেন। আয়ারল্যান্ডের সঙ্গে দুঃস্বপ্নের ম্যাচে ফিল্ডিংয়ের সময় যে চোট পেয়েছিলেন সেটাকে তখন তেমন ভীতিকর মনে হয়নি। ব্যাটও করেছেন। কিন্তু তারপর আঙ্গুলটা ফুলতে শুরু করে, ব্যথাও প্রচন্ড। শেষ পর্যন্ত অবশ্য এক্স রে রিপোর্টে সংশয় দূর হয়েছে। হাড় ভাঙ্গেনি। কাজেই বড় কোনো ঝুঁকি নেই। অবস্থার খুব অবনতি না হলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পরের ম্যাচটা খেলবেন। খেলতে পারেন সেদিনই অ্যাংকেলে চোট পাওয়া রাসেলও। মঙ্গলবারের প্র্যাকটিস সেশনে টেনিস বলে বল করেছেন। ব্যথাও আগের চেয়ে অনেক কম। তিনি না খেলতে পারলে অবশ্য শাহাদাতকে খেলানোর সিদ্ধান্ত মোটামুটি হয়েই আছে। যেমন এটাও প্রায় পাকা সিদ্ধান্ত যে শেষ ম্যাচে শাহরিয়ার নাফীসের জায়গায় জাভেদ ওমর আবার ফিরে আসবেন দলে।
