২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলমার হত্যা-রহস্য তদন্তে কোনো অগ্রগতি নেই

দুই মাস লাগলো না, তার আগেই অপমৃত্যুর শিকার বব উলমারের ‘টক্সিকোলজি’ রিপোর্ট চলে এলো ইংল্যান্ড থেকে। কিন্তু উলমার খুনের তদন্তে ব্যাস্ত জ্যামাইকান পুলিশ মুখে তালা লাগিয়েই বসে আছে। এই মুহূর্তে বীষক্রিয়ার ওই পরীক্ষার ফল সম্পর্কে কোনো তথ্য তারা দিতে রাজি নন। এমনকি উলমার-খুনের রহস্য কবে নাগাদ উদঘাটিত হতে পারে তা-ও তারা বলতে পারছেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 08:48 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

উলমার হত্যা-রহস্য তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ডের সাবেক গোয়েন্দা মার্ক শিল্ডস আছেন মূখ্য ভূমিকায়। জ্যামাইকান পুলিশের ডেপুটি কমিশনার তিনি। উলমারের ‘টক্সিকোলজি’ রিপোর্ট সম্পর্কে এখনো তার মুখে তালা, ‘‘টক্সিকোলজি রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। কিন্তু এখনই এটা সবার সামনে জানাতে চাই না।’ তিনি জানিয়েছেন, এই রিপোর্ট নিয়ে ‘‘আরো বিস্তারিত বিশ্লেষন ও তদন্ত জরুরি’’।

ঘটনার পর প্রায় এক মাস পেরিয়ে গেলেও উলমারের খুনের রহস্য এখনো যে তিমিরে ছিল সে তিমিরেই। তবে মার্ক শিল্ডসের কণ্ঠে এখনো আশাবাদ, ‘‘তিনটি সম্ভাবনা দেখছি। প্রথমত, কেউ এসে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। দ্বিতীয়ত, বড় একটা মোড় নিতে পারে। তৃতীয়ত, দীর্ঘ সময় পর্যন্ত আমাদের কেবল অপেক্ষায় থাকতে হতে পারে।’’

উলমারের ময়না তদন্ত বলছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। কিন্তু এই ঘটনার পেছনে উদ্দেশ্য কি, তা এখনো অন্ধকারে। পেগাসাস হোটেলের ১৩ তলার ৩৭৪ নম্বর রুমে যে বা যারা ঢুকেছিল সে বা তারা যে উলমারের পরিচিত, সে ব্যাপারে নিশ্চিত একটা ধারণা পাওয়া যায়। জোর করে রুমে ঢোকা বা চুরি-ডাকাতির কোনো প্রমাণ নেই।

মার্ক শিল্ডস বলছেন, এই হত্যাকান্ডের তদন্তে তাদের ৩০ জন কর্মকর্তা কাজ করে চলেছেন। এর মধ্যে অন্তত ১০০ জনের জবানবন্দীও নিয়েছেন তারা। ২৩ এপ্রিল হত্যা রহস্যের চূড়ান্ত তদন্ত শুরু হলে তখন এইসব জবানবন্দী আরো বেশি করে যাচাই করে দেখা হবে।

এই তদন্তে হোটেলের সিসিটিভি একটা বড় ভূমিকা রাখতে পারে। সেই রাত থেকে রেকর্ড হওয়া ভিডিও ফুটেজ ইংল্যান্ডে স্কটল্যান্ড ইয়ার্ডের কাছেও পাঠানো হয়েছে।

সব মিলিয়ে এখন পর্যন্ত যা কিছু বেরিয়ে এসেছে তা থেকে মার্ক শিল্ডস অবশ্য একটি সিদ্ধান্তে পৌঁছেছেন, ‘‘আমার কাছে এখন কিছু ফল আছে, যা দারুণ। কী ঘটেছিল সে ব্যাপারে ওগুলো থেকে পরিস্কার একটা ধারণা পাওয়া যায়। কিন্তু সন্দেহের ব্যাপারে এখনই কিছু বললে সেটা খুব তাড়াহুড়া করা হয়ে যায়।’’

কিন্তু তাড়াহুড়া ছাড়া সামনে হয়তো উপায়ও থাকবে না জ্যামাইকান পুলিশ বিভাগের। নইলে বব উলমারের মতো বিশ্বখ্যাত কোচের মৃত্যু রহস্য থেকে যাবে অন্ধকারে। কারণ, অক্টোবরের দিকে জ্যামাইকার সংসদ নির্বাচন হতে যাচ্ছে। তখন তো সুষ্ঠু ও শান্তিময় নির্বাচনের জন্য পুলিশ বিভাগের পুরো সামর্থ সেদিকেই দিতে হবে।