নিউজিল্যান্ডকে হারের স্বাদ পাওয়ালো শ্রীলংকা
ইনজুরির কারণে দলে নেই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী লাসিথ মালিঙ্গা। কিন্তু সেটাই যেন আরো বড় প্রেরণা হয়ে উঠলো শ্রীলংকার জন্য। প্রথম স্পেলেই চামিন্ডা ভাস জানিয়ে দিলেন, মালিঙ্গার অভাব বুঝতে দেবেন না তারা। আর তাতেই যেন শেষ হয়ে গেল ম্যাচটা। ৪ রানে দুই উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে নিউজিল্যান্ড- দারুণ একটা সেঞ্চুরিও করেছেন স্কট স্টাইরিস। কিন্তু শুরুর ওই ধাক্কা আসলে সামলানো হয়নি।
৫০ ওভারে তাদের স্কোরটা হয়েছে যৎসামান্য, সনাৎ জয়াসুরিয়া-কুমার সাঙ্গাকারাদের পেশাদার ব্যাটিংয়ে ৪ ওভার ৫ বল হাতে রেখেই সেটা টপকে গেছে শ্রীলংকা। নিউজিল্যান্ডকে টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ পাইয়ে দেওয়া ৬ উইকেটের জয় আপাতত পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নিয়ে গেছে মাহেলা জয়াবর্ধনের দলকে। সমান ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান আপাতত অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মাঝখানে।
শ্রীলংকান ইনিংসের পঞ্চম ওভারেই ওপেনার উপুল থারাঙ্গাকে ফিরিয়ে দিয়ে লড়াইয়ের খানিকটা আভাস দিয়েছিলেন জেমস ফ্র্যাংকলিন। কৃতিত্বটা অবশ্য তার নতুন বলসঙ্গী শেন বন্ডেরই বেশি, ফুল লেন্থের বলে থার্ড ম্যান দিয়ে ছক্কা মারার চেষ্টাই করছিলেন থারাঙ্গা (১১), কিন্তু বন্ডের অসাধারণ এক ক্যাচের শিকার হয়েছেন তিনি।
তবে এরপর দ্বিতীয় উইকেটে ঠিক ১০০ রানের এক জুটি গড়ে ম্যাচটাকে কিউইদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন জয়াসুরিয়া আর সাঙ্গাকারা। প্রয়োজন ছিল না বলে স্বভাবসূলভ ঝড় তোলেননি জয়াসুরিয়া, কিন্তু সুযোগ পেলে মারতে দ্বিধা করেননি। মার্ক গিলেস্পির প্রথম ওভারটি থেকেই যেমন তিনি তুলে নিয়েছেন ১৮ রান। এছাড়া নিউজিল্যান্ডের ফিল্ডিংও যেন ঠিক তাদের মতো হয়নি। প্রথম ওভার থেকেই এলোমেলো বোলিং আর ফিল্ডিং করে প্রচুর অতিরিক্ত রান দিয়েছেন তারা, তাছাড়া জয়াসুরিয়া, সাঙ্গাকারা দুজনই এক অর্থে ‘জীবন’ পেয়েছেন ফিল্ডারদের বদান্যতায়। ৩০ রানে জয়াসুরিয়া, আর ৯ রানে সাঙ্গাকারার দেওয়া ক্যাচদুটি যদিও ছিল একটু কঠিন, কিন্তু ২১৯ রানের পুঁজি নিয়ে জিততে চাইলে এমন ক্যাচ ধরার কোনো বিকল্প হয় না।
৩১তম ওভারে জয়াসুরিয়াকে (৮০ বলে ৬৪, একটি ছক্কা ও পাঁচটি বাউন্ডারি) উইকেটকিপার ব্রেন্ডন ম্যাককালামের শিকার বানিয়ে জ্যাকব ওরাম যখন এই জুটি ভাঙ্গলেন, ততক্ষণে শ্রীলংকা জয়ের সুবাস পেতে শুরু করেছে।
বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি এরপর মাহেলা জয়াবর্ধনে (১৫) আর চামারা সিলভাকে (২৩) ফিরিয়ে দিলেও লড়াইয়ে ফেরাতে পারেননি নিউজিল্যান্ডকে। সাঙ্গাকারা একপ্রান্ত ধরে রেখে জয় নিয়েই মাঠ ছেড়েছেন। শেষ পর্যন্ত ৬৯ রানে অপরাজিত ছিলেন এই বাঁহাতি, সঙ্গে ছিলেন তিলকরত্নে দিলশান (১৪)। ১০৯ বলের ইনিংসে তিনটি বাউন্ডারি মেরেছেন সাঙ্গাকারা।
স্কট স্টাইরিসের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরিতে প্রাথমিক বিপর্যয় সামলে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ২১৯ রান তোলে। টস জিতে ব্যাট করতে নেমে ৪ রানে দুটি আর ৭৭ রানে চারটি উইকেট হারিয়ে বসেছিল তারা। পিটার ফুলটনকে নিয়ে তৃতীয় উইকেটে ৬৭, জ্যাকব ওরামকে নিয়ে পঞ্চম উইকেটে ৬৪ আর জেমস ফ্র্যাংকলিনকে নিয়ে অসমাপ্ত অষ্টম উইকেট জুটিতে আরো ৬৪ রান তুলে স্টাইরিস নিউজিল্যান্ডকে এনে দিয়েছেন লড়াই করার মতো পুঁজি। শেষ পর্যন্ত ১১১ রানে অপরাজিত ছিলেন তিনি।
ওরামের সঙ্গে স্টাইরিসের জুটিটা তো আরো বড় সংগ্রহের কথাই ভাবাচ্ছিল। আগের ম্যাচে শেষ দশ ওভারে ৮৭ রান তুলেছিল নিউজিল্যান্ড, ৩৭ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে নেওয়ার পর সে রকম কিছুর সম্ভাবনাই উঁকি দিচ্ছিল। ১৭ ওভার পর প্রথমবার বলকে সীমানা পার করিয়ে ওরাম শুরু করেছিলেন। কিন্তু তিলকরত্নে দিলশানের বলে বিশাল একটা ছক্কা মারার এক বল পরেই আরেকটা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ফারভিজ মাহারুফের দারুণ এক ক্যাচের শিকার হয়েছেন তিনি (৩১)।
তবে এরপর ঝটপট দুটি উইকেট ফেলে দিয়ে আবার শ্রীলংকার কর্তৃত্ব ফিরিয়ে এনেছেন মুরালিধরন। প্রথমে ব্রেন্ডন ম্যাককালামকে (১) এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন এই অফস্পিনার, যদিও কট বিহাইন্ড হয়েছেন ভেবে অসন্তোষই প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার। পরের ওভারেই মুরালিধরনের শিকার হয়েছেন ড্যানিয়েল ভেট্টরি (৫), চামারা সিলভাকে তৃতীয় ক্যাচটি উপহার দিয়েছেন তিনি ডিপ মিডউইকেটে।
এরপরই শুরু ফ্র্যাংকলিন আর স্টাইরিসের জুটির। তিলকরত্নে দিলশানের করা ৪৬তম ওভারটা মেডেন দেওয়ার পর শেষ চার ওভারে ৪৪ রান তুলে নিয়েছেন তারা। অপরাজিত ১১১ রানের ইনিংসে ৮টি বাউন্ডারি মেরেছেন স্টাইরিস, ২৭ বলে ফ্র্যাংকলিনের ২৫ রানের ইনিংসে আছে একটি ছক্কা।
সকালে কিন্তু শ্রীলংকাকে লাসিথ মালিঙ্গার অভাব বুঝতেই দেননি চামিন্ডা ভাস। শুরুর কাজটা তিনি একাই সেরেছেন; শুরুতেই নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ও রস টেলরকে ফিরিয়ে দিয়ে দুর্দান্ত এক সূচনা উপহার দিয়েছেন শ্রীলংকাকে। তারপর তৃতীয় উইকেটে স্কট স্টাইরিস আর পিটার ফুলটনের বিপজ্জনক হয়ে উঠতে থাকা জুটিটাও ভেঙ্গেছেন তিনিই। তারপর মুত্তিয়া মুরালিধরনও ধ্বংসযজ্ঞে যোগ দেওয়ায় বিপদেই আছে নিউজিল্যান্ড। একা স্কট স্টাইরিস সেটা সামাল দেওয়ার চেষ্টা করছেন। গ্রেনাডার ন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বকাপের সুপার এইট ম্যাচে ৩২ ওভার শেষে কিউইরা তুলতে পেরেছে ৪ উইকেটে ১১৫ রান। স্টাইরিস খেলছেন ৬৩ রান নিয়ে, তার সঙ্গী জ্যাকব ওরামের সংগ্রহ ১৬।
নিউজিল্যান্ডের স্কোরবোর্ড সবে নড়তে শুরু করেছে এমন সময়ই এলবিডব্লুর ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন স্টিফেন ফ্লেমিংকে (০)। নিজের দ্বিতীয় ওভারেই আবার আঘাত, এবার তার শিকার দলে ফেরা রস টেলরকে (০)। উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন টেলর। ৪ রানে ২ উইকেট হারানোর পর আবার রানের ধারায় ফিরতে অনেকটা সময় নিয়েছে নিউজিল্যান্ড।
তবে ষষ্ঠ ওভারেই ভাসের ওপেনিং পার্টনার দিলহারা ফার্নান্ডোর জায়গায় ফারভিজ মাহরূফকে আক্রমণে আনা হলে রানের গতি একটু বাড়ে নিউজিল্যান্ডের। এই সুযোগে তৃতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে পথে ফেরানোর কাজটা করছিলেন স্টাইরিস আর ফুলটন। কিন্তু ফুলটনের ভুলেই ভেঙ্গেছে এই জুটি। ভাসের একটা ফুল লেন্থের বলকে সোজা ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো চামারা সিলভার হাতে তুলে দিয়েছেন এই ডানহাতি। ২৮ রান করতে ৫৪ বল খেলেছেন তিনি, তার ইনিংসে ছিল চারটি বাউন্ডারি।
দু ওভার বাদেই আঘাত হেনেছেন মুরালিধরন। মিডল স্টাম্প লাইনের একটি বলে সুইপ করতে গিয়ে আকাশে তুলে দিয়েছেন ক্রেইগ ম্যাকমিলান (১), শর্ট লেগে দাঁড়ানো সিলভার সেটা ধরতে কোনো অসুবিধাই হয়নি।
বৃহস্পতিবারের এ ম্যাচে নিউজিল্যান্ড টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে শ্রীলঙ্কা পাচ্ছে না তাদের স্পিডস্টার লাসিথ মালিঙ্গাকে, ইনজুরিতে পড়া এই ফাস্টবোলারের জায়গায় এসেছেন ফারভিজ মাহরূফ।
নিউজিল্যান্ড দলেও দুটো পরিবর্তন আছে। টপ অর্ডার ব্যাটসম্যান রস টেলর ও পেসার মার্ক গিলেস্পি এসেছেন দলে, বাইরে গেছেন হামিশ মার্শাল ও জিতান প্যাটেল।
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২১৯/৭ (ফ্লেমিং ০, ফুলটন ২৮, টেলর ০, স্টাইরিস অপ. ১১১, ম্যাকমিলান ১, ওরাম ৩১, ম্যাককালাম ১, ভেট্টরি ৫, ফ্র্যাংকলিন অপ. ২৫; ভাস ৩/৩৩, ফার্নান্ডো ০/৩১, মাহারুফ ০/৩১, মুরালিধরন ৩/৩২, জয়াসুরিয়া ০/৪৪, দিলশান ১/৪৪)
শ্রীলঙ্কা: ৪৫ দশমিক ১ ওভারে ২২২/৪ (থারাঙ্গা ১১, জয়াসুরিয়া ৬৪, সাঙ্গাকারা অপ. ৬৯, জয়াবর্ধনে ১৫, চামারা সিলভা ২৩, দিলশান অপ. ১৪, অতিরিক্ত ২৬; ফ্র্যাংকলিন ১/৪৯, বন্ড ০/২৬, গিলেস্পি ০/৪২, ভেট্টরি ২/৪৫, স্টাইরিস ০/২৮, ওরাম ১/৩১)।
ফল : শ্রীলংকা ৬ উইকেটে জয়ী।
ম্যান অফ দি ম্যাচ : চামিন্ডা ভাস।
