২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশায় আচ্ছন্ন লারা বিশ্বকাপের পর ওয়ানডে খেলবেনইনা

শোক, হতাশা, অনুশোচনা, ক্লান্তি-ব্রায়ান লারার মনের অবস্থা বোঝানোর জন্য এখন এই শব্দগুলোই যথার্থ! ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের আয়োজক, সারা ক্যারিবিয়ানের মানুষ তাই অনেক আশা নিয়ে তাকিয়েছিলেন তাদের প্রিয় দলের দিকে। সেই আশা পূরণে লারার দল চরমভাবে ব্যর্থ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 08:35 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে-এমন সমীকরণ মাথায় নিয়ে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জয় তো অনেক দূরের কথা, বাংলাদেশের কাছে হেরে আহত বাঘের মতো ফুসতে থাকা দক্ষিণ আফ্রিকানদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ৬৭ রানের পরাজয়ের পর সংবাদ সম্মেলনে লারার কণ্ঠ থেকে যেন প্রতিধ্বনিত হচ্ছিল নিজেদের প্রতি ধিক্কার আর অনুশোচনা। এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে ওঠার যোগ্যতা নেই এবং সেটা তাদের প্রাপ্যও নয়-এমন কথা বলতেও তিনি দ্বিধা করেননি!

সুপার এইটে নিজেদের প্রথম তিন ম্যাচে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার কাছেও বড় ব্যবধানে হেরেছিল ক্যারিবীয়রা। তার পরও এতটা হতাশ, এতটা ক্ষুব্ধ হননি লারা। বরং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগের দিনও ক্যারিবীয়দের আশার বাণী শুনিয়েছিলেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক। কিন্তু মঙ্গলবার আরেকটি হতাশাজনক পারফরম্যান্সের পর ধৈর্য্যের বাঁধ একেবারে ভেঙ্গে পড়েছে তার। সংবাদ সম্মেলনে ক্ষোভ, শোক, হতাশা, আফসোস-সব মিলিয়ে এক বিধ্বস্ত ব্রায়ান লারার ছবিই ফুটে উঠলো,“আমরা একদমই ভালো খেলতে পারিনি। এখানে বসে আমরা কি কি ভুল করেছি তার পুক্সক্ষানুপুক্সক্ষ বিবরণ দেয়া খুবই কঠিন। বরং ম্যাচটার পরিসংখ্যান দেখলেই আপনারা বুঝতে পারবেন, একটা ভালো দলের কাছে কি জঘন্যভাবে আমরা হেরেছি!”

এই বাজে পারফরম্যান্সের জন্য সবার আগে ক্যারিবিয়ানের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন অনুতপ্ত লারা,“আমরা ভীষণ হতাশ। সেই সঙ্গে ক্যারিবিয়ান ও সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আমাদের সমর্থকদের হতাশ করার জন্য দুঃখিতও। যখন আমরা অনুশীলন করি, দেখি যে লোকে আমাদের উৎসাহ দিচ্ছে। আমরা বুঝতে পারি, ক্রিকেট তাদের কাছে কতটা মূল্যবান বিষয়। অথচ মাঠে আমরা ভালো খেলতে পারলাম না। খুব খারাপ খেলেছি বলেই এমন দুঃখজনক ঘটনা ঘটলো। এখন আমাদের হাত উঁচু করে বলতে হবে, হ্যাঁ, আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। সেমিফাইনালে যাওয়ার কোনো যোগ্যতাই আমাদের নেই। স্বদেশের মানুষের কাছে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাইছি। আশা করি আবার আমাদের সুদিন ফিরবে।”

এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো স্বাগতিক দলই শিরোপা জিততে পারেনি। ’৯৬তে শ্রীলঙ্কা সহ-স্বাগতিক ছিল বটে, গ্রুপ পর্বের ম্যাচগুলোই শুধু নিজের দেশে খেলেছিল তারা। লারাও মানছেন স্বাগতিক হওয়াটা কিছুটা হলেও কুপ্রভাব ফেলেছে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সে, “সোজা কথা হলো, আমরা চাপের মধ্যে ঘুরে দাঁড়াতে পারিনি। বিশ্বকাপে স্বাগতিকরা যে ভালো করতে পারে না, এমন একটা ধারণা প্রচলিত আছে। এবং এবারের বিশ্বকাপেও আমাদের দল চাপের মধ্যে একদমই ভালো খেলতে পারেনি।”

বিশ্বকাপ যে তার শেষ ওয়ানডে টুর্নামেন্ট, সে কথা আগেই দিয়ে জানিয়ে রেখেছিলেন। সেই টুর্নামেন্টে এমন দুঃখজনক পারফরম্যান্সের জন্য আরো একবার হতাশা ঠিকরে বেরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের কণ্ঠ থেকে,“নিঃসন্দেহে এটা বিশাল হতাশাজনক ব্যাপার। ক্যারিয়ারের শেষ ওয়ানডেগুলো খেলে বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে যাওয়ার আশা করছি-এমন পরিস্থিতির সামনেই তো আমার থাকার কথা ছিল। অথচ আমাকে কিনা এখন চরম হতাশার মধ্যে থাকতে হচ্ছে!”

সেই হতাশা নিয়েই বিশ্বকাপ শেষে ওয়ানডেকে আরেকবার বিদায় জানানোর ঘোষণা দিলেন টেস্ট ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক,“নিশ্চিতভাবে বিশ্বকাপের পরই আমার ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি ভালোমতোই বুঝতে পারছি, ওয়ানডেতে আমার আর কিছু দেয়ার নেই। আমাদের উচিৎ তরুণ ক্রিকেটারদের আরো বেশি করে সুযোগ দেয়া। এই বয়সে ওয়ানডেতে খেলা সত্যিই খুব কঠিন। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে টুর্নামেন্ট হবে জুনে, ইংল্যান্ডে। মাঠের বাইরে বসে সেই টুর্নামেন্টে দলের ভালো পারফরম্যান্স দেখতে চাই আমি। আমি চাই, আমার রেখে যাওয়া দলটা খুব ভালো খেলুক।” ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা বিশ্বকাপের আগেই দিয়ে রেখেছিলেন লারা।

হতাশাচ্ছন্ন, শোকগ্রস্ত লারার ঠিক বিপরীত অবস্থা গ্রায়েম স্মিথের। আগের ম্যাচে বাংলাদেশের কাছে হারার পর দক্ষিণ আফ্রিকা জুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছিল। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্মিথ তাই দারুণ স্বস্তিতে। জয়ের ধারায় ফেরার পর সমালোচকদের একহাত নিতেও তিনি ছাড়েননি,“দেশে অনেকেই বলছিল যে আমাদের দলে ফাটল ধরেছে, দলটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। এগুলো একদমই বাজে কথা। ছেলেরা যেভাবে ঘুরে দাঁড়ালো, তা এক কথায় দুর্দান্ত।”