২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এবার চ্যাপেল বনাম ক্রিকেটারদের লড়াই

চ্যাপেলের একটা লড়াইয়ের খবর কমবেশি সবাই-ই জানেন। বলা যায়, তার সঙ্গে সে লড়াই জিতেই দলে ফিরেছিলেন সৌরভ গাঙ্গুলী। ফিরে আগে যা-ই করে থাকুন, বিশ্বকাপে ভারতকে তেমন কিছু দিতে পারেননি। প্রথম রাউন্ডই পেরোতে পারেনি রাহুল দ্রাবিড়ের দল। কেন?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 11:32 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এতদিন তো অনেকের অনেক মন্তব্যই এসেছে খবরে। এবার আসছে গ্রেগ চ্যাপেলের রিপোর্ট। ইএসপিন-এর খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান ‘স্পোর্টস সেন্টার’ জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর বিশেষ সভায় নাকি তুলকালাম কাণ্ড ঘটতে চলেছে এই রিপোর্ট নিয়ে!

সভাটি হবে শনিবার। সেখানে খোলামেলা আলোচনা হবে গ্রেগ চ্যাপেলের রিপোর্ট নিয়ে। কী আছে সেই রিপোর্টে? আছে ভারতীয় দলের বিশ্বকাপ-ব্যার্থতার কারণ। সেখানে নিজেকে একটুও দায়ী করেননি ভারতের এই অস্ট্রেলিয়ান কোচ। তিনি নাকি আঙ্গুল তুলেছেন ক্রিকেটারদের দিকে! তার মতে, ক্রিকেটারদের মধ্যে কোন্দলই ব্যর্থতার মূল কারণ।

দলের সবার মধ্যে নাকি বেশি দায়ী করা হয়েছে সিনিয়র ছয় ক্রিকেটারকে। ছয় জনের তালিকায় সৌরভ তো আছেনই, আছেন টেন্ডুলকার,জহির খানসহ আরো পাঁচজন। আগেভাগেই প্রকাশিত হয়ে যাওয়া রিপোর্টে চ্যাপেল নাকি লিখেছেন,সৌরভ খেলেন নিজের জন্য,দলের জন্য নয়; তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাকে বারবার রানের গতি বাড়ানোর কথা বলার পরও সৌরভ ব্যাট করে গেছেন ঢিমেতালে।

টেন্ডুলকার সম্পর্কে কোচ চ্যাপেলের মন্তব্য “ও ভালো টিম-ম্যান নয়।” জহির খান, যুবরাজ সিং, হরভজন সিংদের সমস্যা আচরণে। এমন হাজারো অভিযোগে ক্রিকেটারদের বিদ্ধ করে চ্যাপেল নিজেকে রেখেছেন ধোয়া-তুলসিপাতা।

কিন্তু সবার বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে কোচ হয়েও নিজেকে একেবারে দায়হীন রাখতে চাইলেই কি চলে? ক্রিকেটাররা মনে করছেন, তা মেনে নেয়া যায় না। শনিবারের সভায় তাই অন্যপক্ষের কথাও থাকবে। ক্রিকেটারদের হয়ে কথা বলবেন শচীন টেন্ডুলকার।