জাভেদ ওমর, বিশ্বকাপের রবার্ট ব্রুস
জাভেদ ওমর বিশ্বকাপ খেলেই ছাড়লেন! জাভেদ এবং বিশ্বকাপ সংক্রান্ত লেখাটির আর কোনো শিরোনাম হয় না। বিশ্বকাপের সঙ্গে ৮ বছর ধরে তার যে হৃদয়বিদারক লুকোচুরি খেলা তার শেষ হলো ২ এপ্রিল, অ্যান্টিগায়। শেষ হলো তার দীর্ঘদিনের দীর্ঘশ্বাস। এক উজাড় করা লড়িয়ের লড়াই শেষ হলো জয়মঞ্চে উঠেই।
জাভেদের ক্যারিয়ার মোটামুটি সাপ-লুডুর মতোই। কিন্তু সাপ লুডুতে যেমন মইয়ে চড়ে অনেক ওপরে উঠে যাওয়া যায়, জাভেদের ক্যারিয়ারে তেমন মই নেই। ফনা উচিয়ে দাঁড়ানো সাপ অবশ্য ছিল সবসময়। সাপে কেটেছে, তিনি পিছিয়ে গেছেন, হতাশায় ভেঙ্গে পড়েছেন, কিন্তু আবার ঠিক ঘুরে দাঁড়িয়েছেন। নইলে বিশ্বক্রিকেটেই বিশ্বকাপের জন্য এমন মরিয়া লড়াইয়ের তুলনা কোথায়! দু-দুটো বিশ্বকাপ মুঠো ফসকে বেরিয়ে যাওয়ার পরও লক্ষ্যে তিনি অবিচল। বিশ্বকাপ খেলবেনই।
৮ বছর আগে। ’৯৯ সালে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। দলে ওপেনার হিসাবে জায়গা মোটামুটি নিশ্চিত জাভেদ ওমরের। বিশ্বকাপের ঠিক আগে ঢাকায় মেরিল কাপ ক্রিকেট। তাতে খেললেন জাভেদ এবং সেই টুর্নামেন্টে বাংলাদেশ এমন খারাপ খেললো যে দলে বদলের দাবি চতুর্দিকে। সেই দাবির করুণ শিকার জাভেদ। বলের সঙ্গে তাল মিলিয়ে রান করেননি, ওকে দিয়ে ওয়ানডে চলবে না সেই যে স্লোগান উঠলো তাতেই চাপা পড়ে গেলেন জাভেদ। জাভেদের বিশ্বকাপ স্বপ্নও। হোটেল সোনারগাঁয়ে খবরটা পেয়ে জাভেদ ওমর যে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন তাতে সান্ত¡না দেয়ার অনেকে ছিল, কিন্তু কেউ তাকে শান্ত করতে পারেনি। মনে আছে, ভেঙ্গে পড়া কান্নার মধ্যেও প্রতিশ্রুতি ছিল। আমি আগামীবার বিশ্বকাপ খেলব।
পরের বার ২০০৩। এবং সেবারও জাভেদ সম্ভাব্যদের তালিকায় ভালোমতোই। মাঝখানে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজে ম্যান অব দ্য সিরিজও হয়েছেন। এবার তাহলে জাভেদের স্বপ্ন পুরণ হচ্ছে। না। এবারও শেষমুহূর্তের সিদ্ধান্তে জাভেদ নেই। আবার কান্না। আবার হতাশা। এবার একটু বেশিই ভেঙ্গে পড়েছিলেন,‘আর বোধ হয় হলো না।’
মনে হচ্ছিল আর বোধহয় সত্যিই হলো না। চার বছর পর ২০০৭ বিশ্বকাপে তার কাগজ-কলমেই বয়স হবে ৩৪, দলে তখনই তারুণ্যের জোয়ার, কোচের গুড-বুকেও তিনি নেই, কাজেই জাভেদের জায়গা কই! কিন্তু ঠিক জায়গা বেরোল। আর ভাগ্য বারবার তার সঙ্গে ছলনা করলেও এবার তার মায়া হলো। জাভেদের লড়াইয়ের প্রতি মায়া। নইলে গত তিন বিশ্বকাপের মধ্যে এবারই প্রাক বিশ্বকাপ আলোচনায় তার সম্ভাবনা ছিল সবচেয়ে কম। ভাগ্য তার লড়াইয়ের প্রতি এবার শ্রদ্ধাশীল। জাভেদের বিশ্বকাপমুখী একাগ্রতাকে সম্মান না দেখানোটা তার হিসাবেও অন্যায়।
খেলার ধরণটা এমন যে তার ভক্তের চেয়ে নিন্দুক বেশি। তার দায়িত্ব ইনিংস ধরে রাখার, সেটা করতে গিয়ে দর্শকচিত্ত জয় করা যায় না, আর এ রকমের ক্রিকেটারকে অবহেলা করাও খুব সহজ। বাদ দেয়ার বেলায় মানুষের পক্ষ থেকে কোনো পরোক্ষ-প্রত্যক্ষ চাপ নেই। এই সস্তা উন্মাদনা আর অদূরদর্শী ক্রিকেট মানসিকতার বিরুদ্ধে লড়াইয়ে জাভেদ সবসময়ই একেবারে একা। একমাত্র রানই তার সম্বল। এবং রান যে সবসময় খুব করতে পারেন তাও নয়। আর দশজনের মতোই। কখনো করেন, কখনো না। এই বিশ্বকাপে সুযোগ পেয়ে তার মতো করেই ইনিংসকে একটা ভীত দিয়ে গেছেন, ৫৫ রানের উদ্বোধনী জুটি তার ধৈর্যেরই ফল। এটুকু পর্যন্তই জাভেদ। তার সীমানা।
জাভেদ বিশ্বকাপ খেলাতে বাংলাদেশ ক্রিকেটের খুব কিছু হয়ে গেল যে বিষয়টা এমন নয়। কোনো নতুন দিগন্তও খুলবে না। বাংলাদেশের কোন জাভেদ ওমর খেললেন না খেললেন তাতে বিশ্বকাপ ক্রিকেটেরও কিছু বয়ে যায়নি।
কিন্তু আমরা আলেকজান্ডারকে যেমন বীরত্বের জন্য জানি, তেমনি ধৈর্যের জন্য কী রবার্ট ব্রুসকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি না! বীরত্ব, প্রতিভা-সাধারণত স্র্রষ্টার আশীর্বাদ, চেষ্টা এবং ধৈর্য্যটাই বরং মানুষের নিজস্ব। মানবিক শক্তির প্রকাশ। বাংলাদেশের ক্রিকেটে সেই শক্তিটা জাভেদের চেয়ে বেশি কেউ দেখায়নি।
বিশ্ব ক্রিকেটেও বিশ্বকাপ খেলার জন্য এমন লড়াই কেউ লড়েনি। লড়লেও এমন জয় কেউ পায়নি। জাভেদ তো আসলেই বিশ্বকাপের রবার্ট ব্রুস।
